উইকিম্যানিয়া ২০২৫ এর ওয়ার্ডমার্ক। ছবি: Wikimedia Foundation

উইকিম্যানিয়া হলো উইকিমিডিয়ানদের জন্য বার্ষিক বড় আয়োজন। এটি এমন এক মঞ্চ যেখানে বহু ভাষা, সংস্কৃতি, দেশের উইকিমিডিয়ানরা একত্রিত হতে পারে। নিজেদের কাজের প্রকাশ ঘটাতে পারে। এই আয়োজনটি বিশ্বসংস্কৃতির সাথে পরিচিত হবার সুযোগ করে দেয়। এরফলে এক ভাষার সাথে অন্য ভাষার সহযোগিতামূলক কাজের বিস্তার লাভ করে।

এবারের উইকিম্যানিয়া ২০২৫ অনুষ্ঠিত হয়েছে কেনিয়ার নাইরোবিতে। যেখানে ১৩৫টিরও বেশি দেশের ৭৭৬ জন উইকিমিডিয়ান অংশগ্রহণ করেছেন। বাংলাভাষী ৭ জন উইকিমিডিয়ান এবারের ম্যানিয়াতে অংশ নিয়েছেন। যারা নিজেদের আনন্দময় অভিজ্ঞতা লিখেছেন এবারের উইকিবার্তায়।

অনলাইনে যাদের সাথে কাজ করা হয় তাদের সামনাসামনি দেখার যে আনন্দ সেটা অসাধারণ স্মৃতি হয়ে থাকে। সেই স্মৃতি, অভিজ্ঞতা ছাড়াও এবারের সংখ্যায় যে লেখাগুলো এসেছে সেখানে প্রকাশ পেয়েছে বহু সংস্কৃতি। উইকিম্যানিয়া ছাড়াও কেনিয়ার প্রকৃতি, মানুষ, পরিবেশ নিয়েও নানা কথা এসেছে।

এমন একটি বড় আয়োজনে নিজেকে আরো সক্রিয় করতে, কাজে বৈচিত্র্য আনতে, নানা অভিজ্ঞতায় পরিপূর্ণ হতে কেউ কার্পণ্য করেন নি। নিজেকে আরো বর্ণীল করে তুলেছেন বিশ্ব রঙের সাথে। নিজের সংস্কৃতিকে যেমন তুলে ধরেছেন তেমনি বিশ্বসংস্কৃতির সাথেও পরিচিত হয়েছেন।

উইকির প্রকল্পগুলো এমনভাবে সাজানো যেখানে নবীন ও অভিজ্ঞ একসাথে কাজ করতে পারেন। কাজের বৈচিত্র্য আনতে পারে। ম্যানিয়াতে হ্যাকাথন, গ্লাম, পার্টনারশিপ বিষয়ক কাজের বিস্তার ও দক্ষতা বৃদ্ধির জন্য একাধিক সেশনের আয়োজন ছিলো। ছোট ছোট মিটআপ আয়োজন করা হয়েছে; এর মাঝে উইকিমিডিয়ানরা নিজেদের সক্রিয়তা ও পরিচিত বাড়িয়েছেন।

এবারের উইকিবার্তাটি উইকিম্যানিয়া নিয়ে বিশেষ সংখ্যা। এই সংখ্যার লেখাগুলোর মাধ্যমে তুলে ধরা হয়েছে বৈশ্বিক দৃষ্টিভঙ্গি। এই উদ্যোগটি নেওয়ার জন্য উইকিবার্তা দলকে, উইকিমিডিয়া বাংলাদেশের কারিগরী দলকে ধন্যবাদ জানাই। এছাড়াও আরো নতুন নতুন কাজের অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য সকল উইকিমিডিয়ানদের স্বাগতম জানাই।

ধন্যবাদান্তে

দোলন প্রভা
সম্পাদক উইকিবার্তা
১৬ অক্টোবর ২০২৫

উইকিবার্তা
Translate »
Share This