উইকিম্যানিয়া ২০২৫-এ দেলোয়ারের সাক্ষাৎকারে মারিয়ানা ইস্কান্দার। ছবি: ZI Jony

মুক্ত জ্ঞানের সর্ববৃহৎ সম্মেলন ‘উইকিম্যানিয়া ২০২৫’। এবারের ২০তম আসর অনুষ্ঠিত হলো কেনিয়ার রাজধানী নাইরোবিতে। বিশ্বের বিভিন্ন প্রান্তের উইকিপিডিয়ানদের এই মিলনমেলায় বাংলা উইকিপিডিয়ানরাও অংশ নেন। সম্মেলনের কর্মব্যস্ততার মাঝে উইকিমিডিয়া ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মারিয়ানা ইস্কান্দার মুখোমুখি হন বাংলা সম্প্রদায়ের সঙ্গে। এ সময় তার সাক্ষাৎকার নেন উইকিমডিয়ান ও সাংবাদিক দেলোয়ার হোসাইন। সাক্ষাৎকারে

২০২১ সালে দায়িত্ব গ্রহণ করা মিশরীয় বংশোদ্ভূত এই মার্কিন সামাজিক উদ্যোক্তা তার সাক্ষাৎকারে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে উইকিপিডিয়ার ভূমিকা, বহুভাষিক জ্ঞানের গুরুত্ব এবং বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের সাম্প্রতিক সাফল্য নিয়ে তার সুচিন্তিত মতামত তুলে ধরেন।

সাক্ষাৎকারে মারিয়ানা ইস্কান্দার বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের কাজের প্রতি তার গভীর মুগ্ধতার কথা জানান। তিনি বলেন,

“আমি সম্প্রতি বাংলা সম্প্রদায়ের অনেক অসাধারণ সাফল্যের কথা জেনেছি। সবগুলো বিস্তারিত না জানলেও, আমি জানি আপনারা অনেকেই পুরস্কার ও সম্মাননা পেয়েছেন, প্রকল্পে অবদান রেখেছেন এবং এডিটাথনে অংশ নিয়েছেন।”

তিনি আরও যোগ করেন,

“আমি শুনেছি একটি বাংলা কিবোর্ডও তৈরি হয়েছে। তাই এই সব অর্জনের জন্য আপনাদের সবাইকে অভিনন্দন। উইকিম্যানিয়াতেও আপনাদের অগ্রযাত্রা সবসময়ই বিশেষভাবে চোখে পড়েছে।”

তার এই বার্তা নাইরোবিতে উপস্থিত বাংলাদেশি উইকিমিডিয়ানসহ পুরো বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের জন্য ছিল এক বড় স্বীকৃতি।

সম্মেলনের অন্যতম আলোচিত বিষয় ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। এর বহুভাষিক মডেল উইকিপিডিয়ার প্রয়োজনীয়তাকে কমিয়ে দেবে কিনা, এমন প্রশ্নের জবাবে মারিয়ানা একটি দূরদর্শী উত্তর দেন। তার মতে, উইকিপিডিয়া ও উইকিমিডিয়া প্রকল্পগুলোর সবচেয়ে বড় অবদান হতে পারে ‘সুন্দর কাজে এআই-এর ব্যবহার’ (AI for Good) নিয়ে আলোচনাকে নেতৃত্ব দেওয়া।

তিনি বলেন,

“প্রযুক্তির কেন্দ্রে যেন মানুষই থাকে, সেটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এমন উপায় খুঁজে বের করতে হবে যাতে এই প্রযুক্তির সেরা দিকগুলো বিশ্বকে দেওয়া যায়, কিন্তু একই সঙ্গে আমাদের নীতি ও মূল্যবোধের প্রতিও অটল থাকতে হবে।”

তিনি মনে করেন যে, এআই অনুবাদের সহায়ক হতে পারে, কিন্তু একটি ভাষার গভীরে গিয়ে মানুষের দ্বারা তৈরি জ্ঞানভাণ্ডারের কোনো বিকল্প হতে পারে না।

এবারের ২০তম উইকিম্যানিয়াকে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে উল্লেখ করে মারিয়ানা বলেন,

“এই সম্মেলন বিশ্বজুড়ে ভ্রমণ করেছে। এশিয়া থেকে ইউরোপ এবং এই প্রথম পূর্ব আফ্রিকায়। এই বৈচিত্র্যই আমাদের শক্তি।”

তার মতে, এ ধরনের আন্তর্জাতিক আয়োজন বিভিন্ন ভাষা ও সংস্কৃতির মানুষকে একত্রিত করে এবং বাংলা ভাষার মতো সমৃদ্ধ ভাষায় জ্ঞানচর্চার গুরুত্বকে তুলে ধরে।

ভবিষ্যতে বাংলাদেশ কিংবা দক্ষিণ এশিয়ায় উইকিম্যানিয়া আয়োজনের সম্ভাবনা নিয়ে তিনি জানান, এটি কোনো একক ব্যক্তির সিদ্ধান্ত নয়, বরং একটি স্বেচ্ছাসেবক পরিচালিত কমিটির মাধ্যমে আবেদন প্রক্রিয়ার ওপর নির্ভরশীল। তবে তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ এই প্রক্রিয়ায় অংশ নেওয়ার বিষয়টি বিবেচনা করবে।

মারিয়ানার সঙ্গে এ সাক্ষাতকারে প্রতিবেদক ছাড়াও উপস্থিত ছিলেন বাংলা উইকিপিডিয়ার প্রশাসক মাসুম আল হাসান রকি,উইকিমিডিয়া স্টুয়ার্ড মুহাম্মদ ইয়াহিয়া, উইকিমিডিয়ান দোলন প্রভা, নেট্টিমি সুজাতা, অনুপ সাদি, মোহাম্মদ জিল্লুর রহমান প্রমুখ।

উইকিবার্তা
Translate »
Share This