
উইকিম্যানিয়া ২০২৫-এর গ্রুপ ছবি। ছবি: Wikimedia Foundation
নাইরোবির উজ্জ্বল আকাশের নিচে, ২০২৫ সালের আগস্টে অনুষ্ঠিত হলো উইকিম্যানিয়া-উইকিমিডিয়া আন্দোলনের সবচেয়ে বড় উৎসব। এ বছরের আয়োজন ছিল সত্যিকার অর্থেই এক বিশ্বজনীন মিলনমেলা, যেখানে যোগ দিয়েছিলেন ১৩৫টিরও বেশি দেশের ২,৩৭৬ জন অংশগ্রহণকারী। তাদের মধ্যে ৭৭৬ জন উপস্থিত ছিলেন সরাসরি, আর অনলাইনে যুক্ত হয়েছিলেন আরও ১,৬০০ জনের বেশি উইকিমিডিয়ান।
এই বছরের অন্যতম বৈশিষ্ট্য ছিল নবীন ও অভিজ্ঞ প্রজন্মের একত্রে অংশগ্রহণ। মোট অংশগ্রহণকারীদের অর্ধেকের বয়স ছিল ৩৪ বছরের নিচে, আর বাকি অর্ধেক ছিলেন তুলনামূলকভাবে নতুন অবদানকারী, যারা গত পাঁচ বছরের মধ্যে উইকিমিডিয়া আন্দোলনে নিজেদের যাত্রা শুরু করেছেন। কেউ কেউ প্রতিটি উইকিম্যানিয়ার পুরোনো মুখ, আবার অনেকের জন্য এটাই ছিল একেবারে প্রথম অভিজ্ঞতা। তাদের মধ্যে ছিলেন AramilFeraxa, ২০২৫ সালের “Functionary of the Year” সম্মানপ্রাপ্ত, যিনি মাত্র প্রথমবারের উইকিম্যানিয়ায় অংশগ্রহণ করেই এই স্বীকৃতি অর্জন করেছেন। সত্যিই এক চমৎকার অভিষেক!
উইকিম্যানিয়া ২০২৫–এর অন্যতম বিশেষ দিক ছিল বহু ভাষার অন্তর্ভুক্তি। সোয়াহিলি, আরবি, স্প্যানীয়, ফরাসি ও ইংরেজি – এই পাঁচটি ভাষায় অনুষ্ঠানটি পরিচালিত হয়েছিল ২০টি দেশের ৩৫ জন পরিশ্রমী দোভাষীর অক্লান্ত সহযোগিতায়। কেউ কেউ স্থানীয় সময় অনুযায়ী মধ্যরাতে লগইন করেও অনুষ্ঠান চালিয়ে নেন, আর কিছু দোভাষীর জন্য এটি ছিল ধারাবাহিক তৃতীয়বার উইকিম্যানিয়ায় দোভাষী হিসেবে কাজ করার অভিজ্ঞতা।
এ বছরের উইকিম্যানিয়ার কর্মসূচিতে ছিল ২০০-এরও বেশি সেশন এবং ৩৫০ জনের বেশি বক্তা। শেষ দিনে অনুষ্ঠিত হয় বিভিন্ন ভবিষ্যতমুখী আলোচনা এবং সমাপনী সেশন—
হ্যাকাথন শোকেস ও কুলেস্ট টুল অ্যাওয়ার্ডস: সপ্তাহজুড়ে হ্যাকাথনে অংশগ্রহণকারীরা তাদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেন। ৬ষ্ঠ Coolest Tool Awards-এর বিজয়ী হিসেবে নির্বাচিত হয় Abuse Filter Analyze, Database Report, এবং Paulina।
উইকিম্যানিয়ার ভবিষ্যৎ: স্টিয়ারিং কমিটি একটি মুক্ত আলোচনার আয়োজন করেছিল, যেখানে স্বেচ্ছাসেবকরা কনফারেন্সকে আরও অংশগ্রহণমূলক ও সকলের জন্য উন্মুক্ত করার পরামর্শ দিয়েছেন।
কৃত্রিম বুদ্ধিমত্তা ও উইকিমিডিয়ার বিবর্তন: এই সেশনে দেখানো হয়েছিল, কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা উইকিমিডিয়ার কাজকে ধীরে ধীরে পরিবর্তন করছে। বক্তারা বলেন, এআই যতই ব্যবহৃত হোক না কেন, উন্মুক্ততা, নিরপেক্ষতা এবং কমিউনিটির আস্থা অটুট রাখা অপরিহার্য।
সমাপনী অনুষ্ঠান শুরু হয় নাইরোবির কবি স্টেলা কিভুতি’র মনোমুগ্ধকর কবিতা “Voices in the Edit” দিয়ে। তার কণ্ঠে উঠে আসে একটি গভীর বার্তা— উইকিমিডিয়ানরা “জ্ঞানের নীরব প্রহরী”, যারা শুধু পাদটীকা পূরণ করেন না, বরং ইতিহাসও গঠন করেন। এরপর মঞ্চে আসে WikiChoir, যারা “Jambo Bwana” গানে সবাইকে একত্রিত করে আনন্দ এবং ঐক্যের সুর ছড়িয়ে দেন।
নির্বাহী প্রধান হিসেবে তার শেষ উইকিম্যানিয়ায় মারিয়ানা ইস্কান্দার বলেন, পরবর্তী প্রজন্মের উইকিমিডিয়ানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সাহস, উন্মুক্ততা এবং সহযোগিতার মানসিকতা। তার বক্তব্যে প্রতিফলিত হয় ভবিষ্যতের প্রতি এক আশাবাদী দৃষ্টিভঙ্গি।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে নাইরোবি আয়োজক দল দায়িত্ব হস্তান্তর করে প্যারিস দলের হাতে— উৎসাহ, অভিজ্ঞতা ও উদ্ভাবনের এক মশাল তুলে দিয়ে। ২০২৬ সালের ২১-২৫ জুলাই, ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হবে পরবর্তী উইকিম্যানিয়া, যেখানে এই সংলাপ ও যাত্রা নতুন মাত্রা পাবে।
সমাপনী অনুষ্ঠানে আলো জ্বলে উঠতেই দেখা যায় বিভিন্ন প্রজন্মের উইকিমিডিয়ানের মুখ, যাদের কেও একসময় উইকিপিডিয়ার ভিত্তি গড়েছিলেন এবং যারা এখন তা এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই মিলনমেলায় স্পষ্ট হয়ে ওঠে উইকিম্যানিয়া ২০২৫-এর প্রকৃত সাফল্য… এটি ছিল জ্ঞানের প্রতি শ্রদ্ধা, মানুষের মধ্যে সংযোগের উদ্যাপন এবং ভবিষ্যতের প্রতি অঙ্গীকারের প্রতীক।
সূত্র: উইকিমিডিয়া ডিফ ব্লগ থেকে অনূদিত
