
পাথর জাদুঘর। ছবি: অনুপ সাদি সিসি বাই-এসএ ৪.০, উইকিমিডিয়া কমন্স।
উইকিমিডিয়া বাংলাদেশের সহযোগিতায় পঞ্চগড় পাথর জাদুঘর দালিলীকিকরণ কার্যক্রমটি অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ জুন ২০২৫ তারিখ সকাল ৭:৩০ টায় অনুপ সাদি ও দোলন প্রভা এই ছবি ও তথ্য সংগ্রহের জন্য যাত্রা শুরু করেন পঞ্চগড় সদর উপজেলার উদ্দেশ্যে। উত্তরবঙ্গের জাদুঘর নিয়ে এটি ছিলো তাদের দ্বিতীয় অফলাইন কার্যক্রম।
উপস্থিত উইকিপিডিয়ানরা দিনাজপুর জেলা থেকে যাত্রা শুরু করেন। উক্ত অঞ্চলে বাহন হিসাবে ট্রেন যোগাযোগ সবচেয়ে ভালো। যাত্রার উদ্দেশ্যে একত্রিত হয়ে তারা বাংলা উইকিপিডিয়াতে নিজেদের কাজ ও করণীয় সম্পর্কে সংক্ষিপ্ত কথা বলেন। এরপরে দুপুর ১২টায় পঞ্চগড় রেলওয়ে ষ্টেশনে পৌছে ব্যাটারি চালিত ইজিবাইকের মাধ্যমে পঞ্চগড় সরকারি মহিলা কলেজের উদ্দেশ্যে রওয়ানা হন। সেখানেই বিজ্ঞান ভবনের নিচতলায় প্রত্নত্তাত্বিক ও প্রাকৃতিক সংগ্রহগুলো সাজানো আছে।
১৯৯৭ খ্রিষ্টাব্দে এই কলেজের তৎকালীন অধ্যক্ষ নাজমুল হকের প্রচেষ্টায় পাথর জাদুঘরটি প্রতিষ্ঠিত হয়। তিনি গ্রামের দূর-দূরান্তে যোগাযোগ করেন এবং পাথর ও লোকজ জিনিসগুলো সংগ্রহ করেন। বর্তমানে জাদুঘরটির সংস্করণের কাজ চলছে। সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন জাদুঘরটি বন্ধ থাকে। জাদুঘরের প্রবেশের জন্য টিকিটের মূল্য ১০ টাকা।
ইতিহাসকে জানতে হলে জাদুঘরের গুরুত্ব অপরিহার্য। ভবিষ্যৎ প্রজন্মের কাছে ইতিহাস ও সংস্কৃতিকে পৌছানোর জন্য জাদুঘর একটি মাধ্যম। এছাড়া উক্ত এলাকার বিভিন্ন জনগোষ্ঠীর গড়ে ওঠার অতীত নথিবদ্ধ আছে এই পাথর জাদুঘরে। অফিসসহকারীর কাছে জানা যায়, এখানে প্রায় ২০০ বছরের বিভিন্ন নিদর্শন সংগ্রহে আছে।
এছাড়াও পঞ্চগড় পাথর জাদুঘরের ছবি ও তথ্য সংগ্রহের এই কার্যক্রমটি আগামী কর্ম পরিকল্পনা গ্রহণে কার্যকরী ভুমিকা রাখবে। এই জাদুঘরের সব নিদর্শনের ছবি ও তথ্য ভবিষ্যতে আরো কীভাবে নথিবদ্ধ করা যায় সেই বিষয়ে অফিস সহকারীর সাথে কথা হয়। তিনি আমাদের আশ্বস্ত করেন যে ভবিষ্য়তে উইকিমিডিয়া বাংলাদেশ যদি কোনো কার্যক্রম পরিচালনা করতে চান তাহলে জাদুঘর কর্তৃপক্ষ সহযোগিতা করবেন। জাদুঘরের ছবিগুলো কমন্সে আপলোড করা হয়। যাতে বাংলা উইকিপিডিয়ায় নিবন্ধকে সুন্দর করার জন্য ব্যবহার করা যায়। বিকেলের মধ্যে প্রাণবন্ত কার্যক্রম সমাপ্ত হয়।
