বিশ্ব আদিবাসী দিবস সম্পাদনাসভা ২০২৫ ব্যানার। ছবি: মহীন রীয়াদ সিসি বাই-এসএ ৪.০, উইকিমিডিয়া কমন্স।

প্রতি বছর ৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়। আদিবাসী জনগোষ্ঠীর শক্তি, বৈচিত্র্য ও অবদানকে সম্মান জানানোর উদ্দেশ্যে ১৯৯৪ সালে জাতিসংঘ দিবসটির ঘোষণা করে। একই সঙ্গে দিবসটি আদিবাসীদের সংগ্রামকে মর্যাদা দেওয়া, তাদের অধিকার সুরক্ষিত করা এবং তাদের কণ্ঠস্বর শোনার পথ আরও প্রসারিত করার প্রয়োজনীয়তা স্মরণ করিয়ে দেয়।

২০২৫ সালের প্রতিপাদ্য ছিল—”আদিবাসী জনগণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা: অধিকার রক্ষা, ভবিষ্যৎ গঠন”। এতে নতুন প্রযুক্তির সুযোগ ও ঝুঁকি, প্রতিনিধিত্ব ও ন্যায়সংগত অংশগ্রহণ, আর দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল বাস্তবতায় ঐতিহ্যবাহী জ্ঞানের সহাবস্থানের মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরা হয়েছে। এই প্রেক্ষাপটে, উইকিমিডিয়া বাংলাদেশ ও চট্টগ্রাম উইকিমিডিয়া সম্প্রদায় ৯ থেকে ১৫ আগস্ট বাংলা উইকিপিডিয়ায় সপ্তাহব্যাপী অনলাইন সম্পাদনা-আয়োজন করে। যার লক্ষ্য ছিল বাংলা উইকিপিডিয়ায় আদিবাসী ভাষা, ইতিহাস, সংস্কৃতি ও অধিকার সম্পর্কিত তথ্য-জ্ঞান সমৃদ্ধ করা, যাতে তা বাংলাভাষী পাঠকের কাছে সহজলভ্য হয়।

সহযোগিতার মাধ্যমে প্রতিনিধিত্ব

এই সম্পাদনাসভার মূল চেতনা ছিল অন্তর্ভুক্তি ও সহযোগিতা। যেখানে অভিজ্ঞ ও নবাগত সম্পাদকরা বাংলা উইকিপিডিয়ায় আদিবাসী জ্ঞান সমৃদ্ধ করতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন। 

নতুন নিবন্ধগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল—আদিবাসী অধিকার, আদিবাসী ভাষা, আদিবাসী প্রত্নতত্ত্ব, আদিবাসী ভবিষ্যৎবাদ, আদিবাসী ভূমি অধিকার প্রভৃতি। এসকল নিবন্ধ গুরত্বপূর্ণ তথ্য সংযোজনের পাশাপাশি আদিবাসী অভিজ্ঞতার বৈচিত্র্যকে প্রতিফলিত করেছে এবং বাংলা উইকিপিডিয়ায় আদিবাসী বিষয়ক দীর্ঘদিনের তথ্যশূন্যতা পূরণ করতে সহায়তা করেছে।

ফলাফল ও প্রভাব

সাত দিনের এই সম্পাদনাসভায় অংশগ্রহণকারীরা মোট ৫৭টি নতুন নিবন্ধ তৈরি করেন, যেগুলির সম্মিলিত শব্দসংখ্যা ছিল ৪১ হাজারের অধিক। নিবন্ধের বিষয়ের মধ্যে ছিল আদিবাসীদের ভাষা, ইতিহাস ও সংস্কৃতি থেকে শুরু করে তাদের অধিকার-আন্দোলন। অবদানকারীদের মধ্যে শব্দসংখ্যার বিচারে শীর্ষে ছিলেন মো: মালেক ইসলাম— তিনি ৯টি নিবন্ধে মোট ৭,৬৩৪ শব্দ যুক্ত করেন। অন্যদিকে সর্বাধিক নিবন্ধ তৈরি করেন সলিল কুমার মুখার্জি, যার মোট শব্দসংখ্যা ছিল ৫,১১৭। প্রতিটি নতুন সংযোজন বিশ্বের আদিবাসী পরিচয়, ঐতিহ্য ও সংগ্রামকে বাংলায় নথিভুক্ত করার চলমান প্রচেষ্টাকে আরও শক্তিশালী করেছে। অংশগ্রহণকারীদের এই নিষ্ঠা ও শ্রমের স্বীকৃতি হিসেবে সকল অংশগ্রহণকারীকে উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে প্রশংসাপত্র ও উইকিপিডিয়া বার্নস্টার প্রদান করা হয়।

এই সম্পাদনাসভার উদ্যেশ্য কেবল সংখ্যা বাড়ানো নয়। বরং কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তির যুগে এই সম্পাদনাসভা মনে করিয়ে দেয় যে আদিবাসীদের উপস্থিতি যেন এই দৌড়ে পিছিয়ে না থাকে। তাদের ভাষা, ইতিহাস ও সংগ্রাম নথিভুক্ত করার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় আদিবাসীদের কণ্ঠস্বর আরও দৃঢ় হয়েছে। এই তথ্যের উপস্থিতি বর্তমান তথ্যভাণ্ডার সমৃদ্ধ করার মাধ্যমে ভবিষ্যতের জন্যও এক গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করছে। পাশাপাশি এই আয়োজন দেখিয়েছে স্বেচ্ছাসেবী সম্পাদনার শক্তি কিভাবে আদিবাসী ইতহাস-সংস্কৃতি সংরক্ষণের জন্য মুক্ত জ্ঞানের চেতনাকে এগিয়ে নিতে সহায়ক হতে পারে।

এই সম্পাদনাসভা উইকিমিডিয়া আন্দোলনের অন্তর্ভুক্তি ও বৈচিত্র্যের অঙ্গীকারকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে। আদিবাসী বিষয়বস্তুর প্রতি মনোযোগী হয়ে চট্টগ্রাম উইকিমিডিয়া সম্প্রদায় বাংলায় উইকিপিডিয়ার দীর্ঘস্থায়ী ঘাটতি পূরণের পথে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

উইকিবার্তা
Translate »
Share This