
আন্তর্জাতিক জাদুঘর দিবস সম্পাদনা সভা ২০২৫ (ব্যানার)। ছবি: মহীন রীয়াদ সিসি বাই-এসএ ৪.০, উইকিমিডিয়া কমন্স।
জাদুঘর হলো ইতিহাসের জীবন্ত ভাণ্ডার, যা অতীতকে সংরক্ষণ করে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য জ্ঞানের সেতুবন্ধন তৈরি করে। আন্তর্জাতিক জাদুঘর দিবস ২০২৫ উপলক্ষে, উইকিমিডিয়া বাংলাদেশ এবং চট্টগ্রাম উইকিমিডিয়া সম্প্রদায়ের সহযোগিতায় ১৮ থেকে ২৪ মে বাংলা উইকিপিডিয়ায় সপ্তাহব্যাপী অনলাইন সম্পাদনাসভা আয়োজন করে। এ বছরের প্রতিপাদ্য ছিল— “দ্রুত পরিবর্তনশীল সমাজে জাদুঘরের ভবিষ্যৎ”। সেই আলোকে অংশগ্রহণকারীদের জাদুঘরের অন্তর্ভুক্তিমূলক, উদ্ভাবনী ও টেকসই যাত্রার নতুন দিগন্ত আবিষ্কারে উৎসাহিত করা হয়।
সম্প্রদায়-চালিত প্রচেষ্টা
২০২৪ সালের প্রথম আয়োজনে ইতিবাচক সাড়া পাওয়ার পর, এ বছরও উইকিপিডিয়ানরা বাংলা উইকিপিডিয়ায় জাদুঘর সম্পর্কিত নিবন্ধ সমৃদ্ধ করতে একত্রিত হন। এতে অভিজ্ঞ সম্পাদকদের পাশাপাশি নবাগতরাও যুক্ত হন, ফলে আয়োজনটি অভিজ্ঞতা ও নতুনত্বের সমন্বয়ে প্রাণবন্ত রূপ লাভ করে। এবারের আয়োজনে মোট ২১ জন অংশ নেন। যারা প্রত্নতত্ত্ব ও নৃবিজ্ঞান থেকে শুরু করে জাতীয় ও আঞ্চলিক—বিভিন্ন ধরনের জাদুঘর নিয়ে নিবন্ধ তৈরি করেন, যা দীর্ঘদিনের বিষয়বস্তুর ঘাটতি পূরণে সহায়ক হয়েছে।
ফলাফল ও প্রভাব
সাত দিনের এই সম্পাদনাসভায় মোট ৯৬টি নিবন্ধ তৈরি হয়। এর মধ্যে নৃতাত্ত্বিক সংগ্রহশালা, প্রাকৃতিক ইতিহাস জাদুঘর এবং সমকালীন শিল্পকলা গ্যালারির মতো বহুমুখী বিষয় অন্তর্ভুক্ত ছিল। অবদানকারীদের মধ্যে নিবন্ধসংখ্যায় শীর্ষে ছিলেন সলিল কুমার মুখার্জি; তিনি ১৪টি নিবন্ধে মোট ৫,৩৮৪ শব্দ যোগ করেন। অপরদিকে, শব্দসংখ্যায় শীর্ষে ছিলেন মোঃ মালেক ইসলাম; তিনি ১১টি নিবন্ধে মোট ৭,৩৮৮ শব্দ যুক্ত করেন।
উল্লেখযোগ্য নিবন্ধের মধ্যে রয়েছে ভোপাল উপজাতীয় জাদুঘর, সাঁওতাল সংস্কৃতি জাদুঘর এবং ছত্রপতি শিবাজী মহারাজ বস্তু সংগ্রহালয়। এসব সংযোজন বাংলা উইকিপিডিয়ায় জাদুঘরবিষয়ক জ্ঞান সমৃদ্ধ করার পাশাপাশি স্থানীয় সম্প্রদায়ের গল্প নথিবদ্ধ করতেও সহায়ক হয়েছে। এই অবদানের স্বীকৃতিস্বরূপ অংশগ্রহণকারীদের উইকিপিডিয়া বার্নস্টার ও উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে স্বীকৃতিসনদ প্রদান করা হয়।
ঐতিহ্যবাহী সম্পাদনাসভার চেতনা পুনরুজ্জীবন
বর্তমান উইকিমিডিয়া পরিমণ্ডলে প্রণোদনাভিত্তিক প্রতিযোগিতা ক্রমশ বাড়ছে। ফলে ঐতিহ্যবাহী সম্পাদনাসভাগুলো প্রায়শই কম মনোযোগ পায়। সে প্রেক্ষাপটে মাত্র এক সপ্তাহে প্রায় একশত নিবন্ধ তৈরি হওয়া নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হতে পারে। এটি অংশগ্রহণকারীদের নিষ্ঠার প্রতিফলনের পাশাপাশি উইকিপিডিয়ায় সম্প্রদায়ের অবদানের ঐতিহ্যবাহী ধারাকে পুনরুজ্জীবিত করেছে।
এই উদ্যোগ প্রণোদনার জন্য নয়, বরং গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর জ্ঞান সংরক্ষণ ও ভাগ করে নেওয়ার উদ্দেশ্যে একটি অর্থবহ লক্ষ্যকে সামনে রেখে সম্পাদকদের একত্রিত করেছে। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে যে সম্প্রদায়-নেতৃত্বাধীন উদ্দেশ্যমূলক সম্পাদনাসভা এখনও স্বেচ্ছাসেবীদের আকৃষ্ট করতে এবং উচ্চমানের বিষয়বস্তু তৈরি করতে সক্ষম।
২০২৫ সাল পর্যন্ত আন্তর্জাতিক জাদুঘর দিবস উপলক্ষে অনুষ্ঠিত সম্পাদনাসভাগুলোর মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় মোট ১২০টি জাদুঘর-বিষয়ক নিবন্ধ তৈরি হয়েছে। এই উদ্যোগ দীর্ঘদিনের বিষয়বস্তুর ঘাটতি পূরণে ক্রমাগত সহায়তা করছে। ফলে বিশ্বজুড়ে বাংলা ভাষাভাষী পাঠকদের জন্য বিশেষকরে দক্ষিণ এশিয়ার জাদুঘর সম্পর্কিত বিশ্বকোষীয় তথ্যপ্রাপ্তি আরও সহজ হয়েছে।
ভবিষ্যতের পথে
২০২৫ সালের সম্পাদনাসভার সাফল্য প্রমাণ করেছে যে সাংস্কৃতিক জ্ঞানচর্চা, সম্মিলিত প্রয়াস এবং স্বেচ্ছাসেবক-নেতৃত্বাধীন উদ্যোগের শক্তি আজও সমানভাবে কার্যকর। চট্টগ্রাম উইকিমিডিয়া সম্প্রদায় প্রতিশ্রুতিবদ্ধ এমন অন্তর্ভুক্তিমূলক ও সম্প্রদায়-নেতৃত্বাধীন প্রকল্পকে সমর্থন করতে, যা উইকিমিডিয়া আন্দোলনের মূল লক্ষ্য—“সবার জন্য মুক্ত জ্ঞানপ্রাপ্তি”—অক্ষুণ্ণ রাখে।
আগামীতেও আমরা সকল উইকিপিডিয়ানকে ভবিষ্যৎ আয়োজনে অংশ নেওয়ার আন্তরিক আমন্ত্রণ জানাই। আপনি অভিজ্ঞ সম্পাদক কিংবা নতুন অবদানকারী হোন না কেন—আপনার প্রতিটি প্রচেষ্টাই অমূল্য। আপনার প্রতিটি অবদানই প্রমাণ করে, কীভাবে জাদুঘর আমাদের সামষ্টিক জ্ঞানকে জীবন্ত করে তোলে এবং সচেতন, সংযুক্ত ও টেকসই সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
