বাংলার প্রেমে উইকি ২০২৫ বিজয়ী। পাতি মাছরাঙা (Alcedo atthis), জাতীয় উদ্ভিদ উদ্যান, ঢাকা, বাংলাদেশ।
ছবি: মোহাম্মদ আশরাফ আলী, সিসি-বাই-এসএ-৪.০।

বাংলার প্রেমে উইকি ২০২৫ আলোকচিত্র উৎসব বাংলার প্রকৃতি ও পাখিবৈচিত্র্যের গল্প বিশ্বদরবারে উপস্থাপনের এক প্রাণবন্ত প্রচেষ্টা। এই প্রয়াসে ক্যামেরার লেন্স হয়ে উঠেছে সংরক্ষণের হাতিয়ার, আলোকচিত্রের ভাষা হয়ে উঠেছে সচেতনতার দূত, যা তৈরি করেছে মুক্ত জ্ঞানের সঙ্গে যুক্ত হবার সংযোগসেতু। বিগত বছরের ধারাবাহিকতায় এবারের আয়োজনেও ছিল উল্লেখযোগ্য অংশগ্রহণ, গুণগত উৎকর্ষতা এবং দৃশ্যমান প্রভাবের প্রতিফলন।

কাঠ শালিক (Sturnus malabaricus), সাতছড়ি জাতীয় উদ্যান, বাংলাদেশ।
ছবি: এমডি সাজ্জাদ হোসেন, সিসি-বাই-এসএ-৪.০।

বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্যে ২০২৪ সাল থেকে প্রতিবছর উইকিমিডিয়া কমন্সে অনুষ্ঠিত হয়ে আসছে ‘বাংলার প্রেমে উইকি’ আলোকচিত্র উৎসব। প্রতিযোগিতার এবারের বিষয় ছিল বাংলার পাখি। ফলস্বরূপ বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও আসামজুড়ে বিস্তৃত বঙ্গীয় অঞ্চলের বৈচিত্র্যময় প্রজাতির পাখির সহশ্রাধিক আলোকচিত্র উন্মুক্ত লাইসেন্সের অধীনে প্রকাশিত হয়েছে।

নান্দনিকতা ও সচেতনতার সংযোগসেতু

সবুজ বাঁশপাতি (Merops orientalis), নারায়ণগঞ্জ, বাংলাদেশ।
ছবি: বাদল সরকার, সিসি-বাই-এসএ-৪.০।

প্রতিযোগিতায় আলোকচিত্রীদের ক্যামেরায় ধারণকৃত দুর্লভ ও বৈচিত্র্যময় পাখির ছবি নান্দনিকতার পাশাপাশি পরিবেশ-সচেতনতা ও সংরক্ষণবাদী দৃষ্টিভঙ্গির প্রতি ইঙ্গিত দেয়। বাংলার প্রেমে উইকি হয়ে উঠেছে সচেতনতা, তথ্যনির্ভর সংরক্ষণ এবং পরিবেশবান্ধব দৃষ্টিভঙ্গি চর্চার এক কার্যকর মাধ্যম। এটি এমন এক মঞ্চ যেখানে আলোকচিত্রীরা শিল্পচর্চার পাশাপাশি মুক্ত জ্ঞানের অংশীদার হিসেবে উইকিমিডিয়ার বিশ্বজনীন লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

অংশগ্রহণ ও সাফল্য

কালিম পাখি (Porphyrio poliocephalus), টাঙ্গুয়ার হাওড়, বাংলাদেশ।
ছবি: তারিক হাসান, সিসি-বাই-এসএ-৪.০।

এবারের আসরে অংশ নিয়েছেন মোট ১৯১ জন আলোকচিত্রী, যাদের মধ্যে ১৬০ জনই ছিলেন নবাগত। ছবি জমা পড়েছে প্রায় ১৮০০, যেখানে প্রতিদিন আপলোড হয়েছে গড়ে ৪৩.৯টি ছবি। উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেছে উইকিমিডিয়া কমন্সের নির্বাচিত ও মানসম্পন্ন ছবির পরিসংখ্যানে। ‘নির্বাচিত ছবি’ বলতে বোঝায় সেইসব ছবি, যেগুলি উইকিমিডিয়া কমন্স সম্প্রদায়ের রায়ে নান্দনিকতা ও কারিগরি উৎকর্ষতার শীর্ষ মানে পৌঁছায়। অন্যদিকে প্রধানত প্রযুক্তিগত মানদণ্ড পূরণকারী ছবি স্বীকৃতি পায় মানসম্মত ছবি হিসেবে। ২০২৪ সালের আসরে যেখানে নির্বাচিত ছবি ছিল মাত্র ১টি, সেখানে ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১৬টিতে। পাশাপাশি গত বছরের মানসম্মত ছবির সংখ্যা এখন পর্যন্ত ৪০টি, অন্যদিকে এবছর এই সংখ্যা ২ শতাধিক ছাড়িয়ে গেছে। এই গুণগত উন্নতি অংশগ্রহণকারীদের প্রতিশ্রুতি, দক্ষতা এবং মুক্ত জ্ঞানের প্রতি তাদের আন্তরিক নিবেদনের এক উজ্জ্বল প্রমাণ।

জীববৈচিত্র্যের দলিল

ছোট পানচিল (Sternula albifrons), পদ্মার চড়, রাজশাহী, বাংলাদেশ।
ছবি: প্রিন্স পল জয়, সিসি-বাই-এসএ-৪.০।

প্রতিযোগিতায় সমগ্র বঙ্গ অঞ্চল মিলিয়ে সর্বমোট ৪২১টি প্রজাতির পাখির ছবি জমা পড়েছে, যার মধ্যে ৩২৮টি স্বতন্ত্র প্রজাতির ছবি অন্তর্ভুক্ত। এই নথিভুক্তিকরণ পাখিবিদ্যা, পরিবেশ গবেষণা এবং স্থানীয় জীববৈচিত্র্য সংরক্ষণের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ সংযোজন। বাংলার বিস্তৃত ভূপ্রকৃতিতে বিচরণকারী পাখিদের বৈচিত্র্য তুলে ধরার পাশাপাশি, এ আয়োজন আন্তঃসীমান্ত সহযোগিতার সফল দৃষ্টান্ত হিসেবেও বিবেচিত হতে পারে। অংশগ্রহণকারীরা প্রতিটি ছবি ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন-শেয়ার-অ্যালাইক ৪.০ (CC BY-SA 4.0) লাইসেন্সের অধীনে প্রকাশ করেছেন, ফলে এই চিত্রভাণ্ডার উইকিমিডিয়ার প্রকল্প ছাড়াও বিশ্বব্যাপী মুক্তভাবে ব্যবহারযোগ্য হয়ে উঠেছে। পাখিবিদ্যা, পরিবেশ শিক্ষা, গবেষণা এবং সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে এসব ছবি এখন কার্যকর সম্পদ।

বিশেষভাবে উল্লেখযোগ্য, বাংলার প্রেমে উইকি উইকিমিডিয়া কমন্সের মূল লক্ষ্য,- একটি উন্মুক্ত, সবার জন্য প্রবেশযোগ্য মিডিয়া আর্কাইভ সমৃদ্ধকরণে এক উল্লেখযোগ্য অংশীদার। বঙ্গ অঞ্চলের পাখিপ্রজাতির নান্দনিক জীববৈচিত্র ও তথ্যভিত্তিক দলিল হিসেবে এ আয়োজন দীর্ঘদিনের তথ্যঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

নিরপেক্ষ মূল্যায়ন

প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন দক্ষিণ এশিয়া ও ইউরোপের পাঁচজন অভিজ্ঞ আলোকচিত্রী ও উইকিমিডিয়ান; যারা চিত্রের গুণমান, বিশ্বকোষীয় প্রাসঙ্গিকতা ও মৌলিকতার ভিত্তিতে চূড়ান্ত মূল্যায়ন করেন। বিচারকদের মধ্যে ছিলেন: বাংলাদেশের আবদুল মোমিন ও সৈয়দ আব্বাছ; ভারতের টিমোথি এ. গনসালভেস; জার্মানির ফ্রাঙ্ক শুলেনবার্গ এবং ফ্রান্সের সাইমন পিয়েরে ব্যারেট। প্রতিযোগিতায় জমা পড়া ১৮০০ ছবি থেকে প্রাথমিক বাছাই শেষে প্রায় পাঁচ শতাধিক ছবি মূল বিচারপর্বের জন্য বিবেচিত হয়। পরবর্তীতে তিন ধাপে সুনির্দিষ্ট মানদণ্ড অনুসরণ করে বিচারকার্য শেষে চূড়ান্ত তালিকা এবং বিজয়ী নির্বাচন করা হয়। এই পেশাদার ও বহুস্তর বিশ্লেষণভিত্তিক মূল্যায়ন প্রক্রিয়া প্রতিযোগিতার মান ও নিরপেক্ষতা নিশ্চিত করেছে।

উইকিমিডিয়া প্রকল্পে প্রভাব

উইকিমিডিয়া কমন্সের পাশাপাশি অন্যান্য উইকিমিডিয়া প্রকল্পেও প্রতিযোগিতার প্রভাব পরিলক্ষিত হয়েছে। ২০২৫ সালের জুলাই পর্যন্ত, প্রতিযোগিতায় জমা পড়া ছবির মধ্যে ১৩৯টি ছবি (মোট আপলোডের প্রায় ৭.৮৫%) বিভিন্ন ভাষার উইকিপ্রকল্পে ব্যবহৃত হচ্ছে, যার ফলে বাংলার পাখির দৃশ্যমান উপস্থাপনা আরও সমৃদ্ধি ঘটেছে।

এই ছবির মাধ্যমে বাংলার স্থানীয় প্রজাতির পাখি সম্পর্কে পাঠকদের দৃষ্টিসীমা বিস্তৃতি লাভ করে এবং উন্মুক্ত জ্ঞানভাণ্ডারে বঙ্গ অঞ্চলের উপস্থাপন আরও সমৃদ্ধ করেছে। এর ফলে পাঠক, গবেষক এবং পরিবেশসচেতন ব্যক্তি-প্রতিষ্ঠানের জন্য তথ্যভিত্তিক ও দৃষ্টিনন্দন উপকরণ সহজলভ্য হয়েছে।

চ্যালেঞ্জ

পাতি মাছরাঙা (Alcedo atthis), জাতীয় উদ্ভিদ উদ্যান, বাংলাদেশ।
ছবি: আশরাফ আলী, সিসি-বাই-এসএ-৪.০

বাংলার প্রেমে উইকি ২০২৫ প্রতিযোগিতায় উল্লেখযোগ্য একাধিক প্রাপ্তির পাশাপাশি কিছু বাস্তবধর্মী চ্যালেঞ্জও সামনে এসেছে। নতুন ব্যবহারকারীদের অনেকেই উইকিমিডিয়া কমন্সে ছবি আপলোডের সময় বিশেষ করে যথাযথ শ্রেণিবিন্যাস নিয়ে বিভ্রান্তিতে পড়েন। এছাড়া, অনেক ক্ষেত্রে একই বা অনুরূপ ছবি ভিন্ন নামে বা ভিন্নভাবে কাটছাঁট করে জমা দেওয়ার ফলে প্রতিলিপি শনাক্তকরণ কঠিন হয়ে পড়ে, যা পর্যালোচনার নির্ভুলতা ও সময়ব্যবস্থাপনাকে ব্যাহত করে। মূল্যায়ন প্রক্রিয়ায় ব্যবহৃত মন্টেজ সরঞ্জামটি একাধিক রাউন্ডে কারিগরি সমস্যায় পড়ে, যার ফলে বিচারপ্রক্রিয়ার গতি ও কার্যকারিতা ব্যাহত হয়। এছাড়া, অনেক ছবিতে পাখির সঠিক প্রজাতি বা অবস্থান সম্পর্কিত তথ্য অনুপস্থিত থাকায় যাচাই-বাছাইয়ের সময় পর্যালোচকদের বাড়তি শ্রম ও সময় ব্যয় করতে হয়েছে। 

এই চ্যালেঞ্জগুলো ভবিষ্যতের জন্য মূল্যবান শিক্ষা হয়ে থাকবে। পরবর্তী সংস্করণে আরও দক্ষ ও সহায়ক প্রযুক্তি ব্যবহার, অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ এবং তথ্য-নির্ভর জমাদানের ওপর জোর দেওয়ার মাধ্যমে এগুলোর কার্যকর সমাধান সম্ভব।

সম্মিলিত প্রচেষ্টা

কালোমাথা কাস্তেচরা (Threskiornis melanocephalus), পদ্মার চর, রাজশাহী, বাংলাদেশ।
ছবি: মাহমুদুল বারী, সিসি-বাই-এসএ-৪.০

এই সফল আয়োজনের পেছনে রয়েছে একদল নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবী ও অংশীদার প্রতিষ্ঠানের আন্তরিক সহায়তা। উইকিমিডিয়া বাংলাদেশ, পশ্চিমবঙ্গ উইকিমিডিয়ানস ব্যবহারকারী দল এবং সংশ্লিষ্ট সম্প্রদায়ের স্বেচ্ছাসেবীদের আন্তরিক সহযোগিতাতেই সম্ভব হয়েছে বাংলার প্রেমে উইকি ২০২৫-এর এই সার্থক বাস্তবায়ন। কৃতজ্ঞতা জানাই প্রতিটি আলোকচিত্রী, বিচারক, সহযোগী সংস্থা ও প্রচারসঙ্গীদের—যাঁদের সম্মিলিত চেষ্টায় এই উদ্যোগ পরিণত হয়েছে একটি প্রাণবন্ত সাফল্যে।

বাংলার প্রেমে উইকি ২০২৫ প্রতিযোগিতা শুধুমাত্র বঙ্গ অঞ্চলের বিভিন্ন পাখির প্রজাতির দুর্লভ ও চমৎকার আলোকচিত্র উইকিমিডিয়ার ভিজ্যুয়াল ভাণ্ডারে সংযোজনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না; বরং এটি আলোকচিত্রী, পাখিপ্রেমী ও মুক্ত জ্ঞানে আগ্রহীদের একটি উদ্যমী ও প্রতিশ্রুতিশীল সম্প্রদায়ে পরিণত করেছে। এই প্রতিযোগিতা একদিকে যেমন বাংলার পাখিবৈচিত্র্যকে বিশ্বমানচিত্রে তুলে ধরেছে, অন্যদিকে তেমনি প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টিতে রেখেছে দৃশ্যমান ভূমিকা। প্রতিটি আলোকচিত্র শুধু একটি দৃষ্টিনন্দন মুহূর্তের চিত্রায়ন নয়—তা জীববৈচিত্র্য রক্ষার এক নীরব বার্তা।

এই ক্রমবর্ধমান সাফল্য আমাদের দেখিয়েছে, কিভাবে মুক্ত জ্ঞান ও সৃজনশীলতার সম্মিলনে একটি ইতিবাচক পরিবর্তনের চর্চা করা সম্ভব। এই অভিজ্ঞতা ও শক্ত ভিত বাংলার প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি এবং জীববৈচিত্র্যকে বিশ্ব দরবারে তুলে ধরার অভিযাত্রায় ভবিষ্যতের আয়োজনগুলোকে আরও সমৃদ্ধ ও প্রভাববিস্তারী করে তুলবে।

উইকিবার্তা
Translate »
Share This