
দোলন প্রভা, সরকার আজিজ, অনুপ সাদি। সিসি বাই-এসএ ৪.০, উইকিমিডিয়া কমন্স।
ময়মনসিংহ উইকিমিডিয়া সম্প্রদায়ের নিয়মিত অনলাইন ও অফলাইন আয়োজন রয়েছে। এসব কাজের ভেতর এই সম্প্রদায় নতুন একটি প্রকল্পের কাজে নিজেদের যুক্ত করেছে। ময়মনসিংহ সম্প্রদায়ের নতুন এই কাজ হচ্ছে পাঠাগার ও উইকিসংকলন বিষয়ে দালিলিকরণ। ২০২৪ সালের ডিসেম্বর মাসে প্রথম উইকিসংকলনের কাজ শুরু করা হয়েছে।
বাংলাদেশে উইকিসংকলনের কাজ তুলনামূলক কম হলেও একেবারে নেই তেমন নয়। বাংলাদেশে প্রকাশিত বইয়ের কপিরাইট সংক্রান্ত বিষয় কিছুটা ঝামেলাপূর্ণ। তাই লেখকগণ চাইলেও উন্মুক্ত সংকলনে বা সোর্সে বই দিতে পারেন না। তবে ময়মনসিংহ উইকিমিডিয়া সম্প্রদায় দীর্ঘদিন থেকে লেখকদের সাথে যোগাযোগ রেখে কাজটিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। এই সম্প্রদায়ের সদস্যগণ বিভিন্ন অফলাইন আড্ডা বা ছোটখাট অনুষ্ঠানে লেখকদের অংশগ্রহণ রাখতেন।
উইকিসংকলনের কাজে ময়মনসিংহ সম্প্রদায়ের প্রথম দৃশ্যমান অর্জন হচ্ছে গত ২ ডিসেম্বর ২০২৪ তারিখে কবি, লেখক, সম্পাদক সরকার আজিজ তার বইগুলো ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে উইকিসংকলনে প্রকাশের জন্য দিয়েছেন। একই দিন কবি ও অনুবাদক এনামূল হক পলাশ তার দশটি বই উইকিসংকলনে দেবার ইচ্ছা প্রকাশ করেন এবং সেই অনুযায়ী দলিলাদি সম্পন্ন হয়। পরবর্তীতে তিনি ৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে উইকিমিডিয়া কমন্সের অনুমোদন শাখায় ইমেইল করে তিনি আরো দুটি বই বাড়িয়ে মোট ১২টি বই উইকিসংকলনে প্রদান করেন।
এছাড়াও কবি ও গীতিকার হাসান ফকরীর সাথে উইকিসংকলনের কাজ সংক্রান্ত আলোচনা চলে আসছিল দীর্ঘদিন ধরে। আমরা ২০১৯ সালের ১৬ জুন কলকাতার যাদবপুর কফি হাউসে উইকিসংকলনের আলোচনার জন্য একটি আড্ডায় অংশ নিয়েছিলাম। সেই আড্ডার পরে দীর্ঘদিন এই বিষয়ে কাজ না আগালেও আবার কাজ শুরু হলে গত ১৬ ফেব্রুয়ারি ঢাকার কাঁটাবনের কনকর্ড এম্পোরিয়াম মার্কেটে হাসান ফকরী তাঁর ৯টি বই সিসি লাইসেন্সে উইকিসংকলনে প্রদান করেন।
উইকিসংকলনের কাজ আমাদের জন্য আনন্দের এবং একটি নতুন অভিজ্ঞতা। আমাদের চেষ্টা ছিলো উইকিমিডিয়ার কাজ সম্পর্কে প্রথমে লেখকদের অবগত করা এবং তারপরে আগ্রহ তৈরি করা। এক অর্থে গত ছয় মাসে নিজেদের দৈনন্দিন কাজের ঝক্কিঝামেলার মাঝেই আমরা প্রায় ১২টি বই উইকিমিডিয়া কমন্সে আপলোড করেছি; যেগুলোর মাঝে অনেকগুলোর মুদ্রণ সংশোধনও হয়ে গিয়েছে।
এই বছর ১১ জুলাই ২০২৫ তারিখে ময়মনসিংহ উইকিমিডিয়া সম্প্রদায়ের উদ্যোগে আরো একটি লাইসেন্সিং কাজের আয়োজন করা হয়। সেদিন কবি, কথাসাহিত্যিক সৈয়দা মজিদা তাঁর প্রকাশিত ৬টি বইয়ের ভেতর ৪টি উপন্যাস উন্মুক্ত লাইসেন্সের অধীনে প্রদান করেন। তিনি আমাদের কাজটিকে সাধুবাদ জানান। লেখিকার মতামত হলো বই রিপ্রিন্ট হওয়া অনেক ঝামেলার এবং সংরক্ষণ করাও বেশ কষ্টসাধ্য তাই বইগুলো যদি উইকিসংকলনের মাধ্যমে অনলাইনে অন্যদের পড়ার সুযোগ করে দেয়; সেটা অনেক ভালো উদ্যোগ।
