আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ – এর ব্যানার। ছবি: সামিহা রহমান

উইকিপিডিয়ায় নারীদের সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে এবারের আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে উইকিনন্দিনী থেকে দুটি পদক্ষেপ গ্রহণ করা হয়। যার প্রথমটি ছিল “বাংলা উইকিপিডিয়ায় নতুন নিবন্ধ তৈরির বিষয়ক কর্মশালা” এবং দ্বিতীয়টি ছিল “অনলাইন সম্পাদনা সভা”।

প্রথমেই বাংলা উইকিপিডিয়ায় নতুন নিবন্ধ তৈরি বিষয়ক আয়োজিত কর্মশালার কথা বলা যাক। এই কর্মশালাটি ৮ই মার্চ অনলাইনে জুম মিটিংয়ের মাধ্যমে অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে সবার সুবিধার্থে  এর রেকর্ডিং উইকিমিডিয়া বাংলাদেশের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়। প্রেজেন্টেশন দেখান উইকিমিডিয়ান নাহিয়ান (ব্যবহারকারী নাম: Nahian ), সহযোগিতায় ইয়াহিয়া (ব্যবহারকারী নাম: Yahya) ও কর্মশালাটি পরিচালনা করেন দোলন প্রভা (Dolon Prova)। এই কর্মশালায় একটি নতুন নিবন্ধ কীভাবে ইংরেজী উইকিপিডিয়া থেকে অনুবাদ করে তৈরি করতে হয় তার খুটিনাটি যাবতীয় বিষয় হাতে-কলমে শেখানো হয়। যেমন- কীভাবে নিবন্ধে তথ্যছক যুক্ত করতে হয়, তথ্যসূত্র সংযুক্ত করতে হয়, ইংরেজি উইকিপিডিয়া থেকে বাংলা উইকিপিডিয়ায় ছবি যোগ করতে হয়, বিষয়শ্রেণি সংযোজন করতে হয়, আন্তঃউইকি সংযোগ করার পদ্ধতি ইত্যাদি। এছাড়াও বিভিন্ন টুল যেমন- হটক্যাট, প্রুভইট ইত্যাদির ব্যবহার সম্পর্কেও ধারণা দেওয়া হয়।

এবারে আসি দ্বিতীয় আয়োজনে। বিগত বছরের ধারাবাহিকতায় এবছরও উইকিনন্দিনী থেকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৮ মার্চ থেকে ১২ মার্চ পর্যন্ত পাঁচদিনব্যাপী “অনলাইন সম্পাদনা সভা” আয়োজন করা হয়।

এই আয়োজনের সংগঠক ছিলেন দোলন প্রভা এবং পর্যালোচক হিসেবে ছিলেন সামিহা রহমান এবং রামিশা তাবাসসুম। এই আয়োজনে উইকিপিডিয়ানরা নারী বিষয়ক বিভিন্ন নিবন্ধ অনুবাদ ও সম্পাদনা করেন। আয়োজন পাতায় নারীর জীবনী, নারীবাদ, নারীর অধিকার, নারীর ইতিহাস ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত করে একটি নিবন্ধ তালিকা তৈরি করা হয়। সেখান থেকে অংশগ্রহণকারীরা তাদের পছন্দমতো নিবন্ধ নির্বাচন করে অনুবাদ করেন। তৈরিকৃত নিবন্ধগুলোকে পরবর্তীতে তারা পর্যালোচনার জন্য ফাউন্টেনে জমা দেন। এবারের আয়োজনে ১২ জন উইকিপিডিয়ান অংশ নেন এবং ৩২টি নতুন নিবন্ধ তৈরি করেন। তাদের অবদানের স্বীকৃতিস্বরূপ উইকিপদক এবং ডিজিটাল সনদপত্র প্রদান করা হয়।

এ আয়োজনের মাধ্যমে উইকিনন্দিনীর সদস্যরা বিভিন্ন অভিজ্ঞতা লাভ করেছে,  যা অত্যন্ত ইতিবাচক ও অনুপ্রেরণাদায়ক ছিল।  আশা করছি উইকিনন্দিনীর কার্যক্রম অব্যহত থাকবে এবং ভবিষ্যতে অনলাইনের পাশাপাশি অফলাইনেও বিভিন্ন কর্মশালার আয়োজন করবে, যাতে নতুন নতুন নারী উইকিপিডিয়ানদের অংশগ্রহণ নিশ্চিত করা যায় এবং বাংলা উইকিপিডিয়াকে আরও সমৃদ্ধ করা যায়।

উইকিবার্তা
Translate »
Share This