একুশে উইকিসমাবেশ ২০২৫, রাজশাহী। ছবি: উইকিমিডিয়া বাংলাদেশ সিসি বাই-এসএ ৪.০, উইকিমিডিয়া কমন্স।

২১ ফেব্রুয়ারি, শুক্রবার বিকেল ৪টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত প্যারিস রোডে একুশে ফেব্রুয়ারি উদযাপন করে রাজশাহী উইকিপিডিয়া সম্প্রদায়। “আসুন বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করি”—এই প্রতিপাদ্যে ব্যানার হাতে একত্রিত হন উইকিপিডিয়ানরা। এসময় উপস্থিত ছিলেন মাসুম আল হাসান রকি, নাজমুল হোসেন, তাহমিদ হোসেন এবং মানিক চন্দ্র দাস।

উইকিপিডিয়ানদের এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার আহ্বান জানানো এবং মানুষকে সচেতন করা যে, বাংলাতেও বিশ্বের সমস্ত তথ্যের অবাধ প্রবেশাধিকার সম্ভব। পাশাপাশি, উইকিপিডিয়াতে কীভাবে লেখা সম্পাদনা ও প্রকাশ করা যায়, সে সম্পর্কেও সচেতনতা তৈরি করা হয়। বাংলা ভাষাতেও জ্ঞানচর্চার সুযোগ তৈরি করা সম্ভব, এবং যে কেউ উইকিপিডিয়াতে অবদান রেখে এটি আরও সমৃদ্ধ করতে পারে। এ সময় উপস্থিতদের উইকিপিডিয়াতে লেখালেখি, সম্পাদনা এবং তথ্য সংযোজনের প্রক্রিয়া সম্পর্কে ধারণা দেওয়া হয়।

পরে, উইকিপিডিয়ানরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বইমেলা পরিদর্শন করেন এবং চা চক্রের আয়োজন করা হয়, যেখানে বাংলা উইকিপিডিয়ার ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা হয়। আলোচনার মূল বিষয়গুলো ছিল—

১. বাংলা উইকিপিডিয়ার প্রচার ও প্রসারের কৌশল সম্পর্কে যেখানে আরও বেশি মানুষকে কীভাবে এতে সম্পৃক্ত করা যায়।

২. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি সেমিনার আয়োজনের পরিকল্পনা, যেখানে আগত সবাইকে উইকিপিডিয়ায় লেখালেখির প্রতি আগ্রহী করে তোলার উদ্যোগ নেওয়া হবে।

আলোচনার শেষ পর্যায়ে রকি মাসুম উইকিপিডিয়ার মুক্ত জ্ঞানের দর্শন নিয়ে কথা বলেন। তিনি উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা ‘জিমি ওয়েলসের’ একটি উক্তি উল্লেখ করেন—

 “ভাবুন তো এমন এক পৃথিবীর কথা, যেখানে সমস্ত জ্ঞানে সব মানুষের থাকবে অবাধ প্রবেশাধিকার।”

তিনি বলেন, ২০০৪ সালে বাংলা উইকিপিডিয়ার যাত্রা শুরু হয়েছিল এবং এটি সমৃদ্ধ করতে সক্রিয় উইকিপিডিয়ানরা নিরলস কাজ করে যাচ্ছেন। তিনি নবাগতদের আহ্বান জানান যেন তারা নিজেদের অবস্থান থেকে অবদান রাখেন এবং বাংলা উইকিপিডিয়াকে আরও সমৃদ্ধ করেন।

তার বক্তব্যের মধ্য দিয়ে রাজশাহী উইকিপিডিয়ানদের একুশে ফেব্রুয়ারি উদযাপনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।

উইকিবার্তা
Translate »
Share This