উইকি লাভস রামাদান। ছবি: বাজিনরা (Bajinra) সিসি বাই-এসএ ৪.০, উইকিমিডিয়া কমন্স।

উইকিপিডিয়া বর্তমান বিশ্বের সবচেয়ে বড় বিশ্বকোষ, এখানে বছরের বিভিন্ন সময়ে নিবন্ধ লিখন প্রতিযোগিতা চলতেই থাকে। এমনই একটা আয়ো়জন হলো উইকি লাভস রামাদান, যা পবিত্র রমজানে মাসে অনুষ্ঠিত হয়। যদিও পবিত্র রমজান মাসে উইকিপিডিয়ায় ইসলাম সম্পর্কিত নিবন্ধ লিখন বৃদ্ধি পেয়ে থাকে, তবে বাংলা উইকিপিডিয়ায় দীর্ঘদিন ধরেই রমজান মাসে নিবন্ধ প্রতিযোগিতার প্রচলন রয়েছে।

বাংলা উকিপিডিয়ায় ২০২০ সাল থেকে রমজান মাসব্যাপী নিবন্ধ লিখন প্রতিযোগিতার আয়োজন হয়ে আসছে। প্রতি বছরই উল্লেখযোগ্য সংখ্যক অংশগ্রহণকারীর উপস্থিতি থাকে এই আয়োজনে এবং বিশাল সংখ্যক নিবন্ধ গ্রহণের মাধ্যমে এই আয়োজন সফল হয়ে থাকে। তবে এই আয়োজন কিভাবে বিশ্বব্যাপী সকল মুসলিম অঞ্চলে করা যায়, এই চিন্তা বাংলাদেশের বহু ব্যবহারকারীরই আশা ছিলো। ২০১৯ সালে রমজান মাসে আন্তর্জাতিকভাবে ইসলামি নিবন্ধ লিখন প্রতিযোগিতার চিন্তা করা হয় এবং প্রস্তাবও পেশ করা হয়। অবশেষে ২০২৫ সালে এই প্রস্তাবনা কিছু কর্মঠ উইকিমিডিয়ানদের হাত ধরে বিশ্বব্যাপী আয়োজিত হয়।

বাংলা উইকিপিডিয়ার অংশগ্রহণ

বাংলা উইকিপিডিয়ায় যেহেতু ২০২০ সাল থেকেই রমজান মাসে স্থানীয় উদ্যোগ গ্রহণকারীদের হাত ধরে নিয়মিত নিবন্ধ লিখন প্রতিযোগিতার আয়োজন হয়ে আসছিলো, তাই এমন আয়োজনের জন্য মূলত বাংলা উইকিপিডিয়ায় প্রস্তুত ছিলো। উইকি লাভস রামাদান আয়োজিত হচ্ছে এমন উদ্যোগ দেখে স্থানীয় বাংলা উইকির আয়োজকরা এই আয়োজনে অংশগ্রহণের আগ্রহ দেখায়। তারা পূর্বের নাম ইসলাম বিষয়ক এডিটাথন ঠিক রেখেই এই আয়োজনে অংশগ্রহণ করে। বাংলা উইকিতে আয়োজনটি নিয়ে ব্যাপক চাঞ্চল্য দেখা যায়, প্রায় ৪০ জন অংশগ্রহণকারী এতে অংশগ্রহণ করে এবং ১৭৪০ টি নিবন্ধ জমা দেয়। নিবন্ধ জমার সংখ্যা বাংলা উইকির পূর্বেকার আয়োজনের নিবন্ধ সংখ্যার প্রায় দ্বিগুন।

এই আন্তর্জাতিক আয়োজনের ১০ জন স্থান দখলকারীর প্রথম ৬ জনসহ, ৭ জনই ছিলো বাংলা উইকিপিডিয়ার। আয়োজনের প্রথম পুরস্কার পান বাংলাদেশের হাসান মুন্তাসির, তার পুরস্কারের পরিমাণ ছিলো ৩০০ মার্কিন ডলার, আনুমানিক ৩৬০০০ টাকা। এছাড়াও দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করে শোয়াইব আহম্মেদ ও বেনজহির, তারা যথাক্রমে ২৪০০০ ও ১২০০০ টাকার সমমূল্যের পুরস্কার লাভ করেন। এছাড়াও প্রথম ৬ টি স্থান এবং ১০ম স্থান বাংলা উইকিপিডিয়া থেকে পুরস্কৃত হয়। ২০২৫ এর উইকি লাভস রামাদান ছিলো একটি সফল প্রতিযোগিতা আয়োজন। এই প্রতিযোগিতায় ৩৫ জন সংগঠকসহ প্রায় দুই শতাধিক নিবন্ধ প্রণেতা অংশগ্রহণ করেছেন। এবং উইকিপিডিয়ায় প্রায় ২৮২০ টি নিবন্ধ তৈরি করা হয়েছে, যার অধিকাংশ প্রায় বাংলা উইকিপিডিয়ায় তৈরি হয়েছে। বাংলা উইকিপিডিয়ার ৩০ জন মিলে ১৭৪০ টি নিবন্ধ তৈরি করেছে, যা মোট নিবন্ধের ৬১.৭০ শতাংশ। 

এই আয়োজন বাংলা উইকিপিডিয়ার সম্পাদকদের সক্ষমতা প্রমাণের একটি মাইলফলক অর্জন। নিঃসন্দেহে আন্তর্জাতিকভাবে এই সফলতা সম্প্রদায়ের উৎসাহ প্রদায়কের কারণ হবে। বাংলা উইকিপিডিয়ার সম্পাদকদের উৎসাহ প্রদান করতে আন্তর্জাতিক টিমের পক্ষ থেকে ঢাকায় বিশ্বব্যাপী বিজয়ীদের উদযাপন নামে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে বাংলাদেশী আয়োজক ও বিজয়ীরা অংশগ্রহণ করে। সার্বিকভাবে উইকি লাভস রামাদানে বাংলা উইকিপিডিয়ার সক্ষমতা রাখার একটি স্বাক্ষর, এটি সম্প্রদায়কে উজ্জীবিত করবে।

উইকিবার্তা
Translate »
Share This