প্রতিযোগিতার প্রচারণামূলক ব্যানার। ছবি: ঐশিক রেহমান সিসি বাই-এসএ ৪.০, উইকিমিডিয়া কমন্স।

বাংলা উইকিবইয়ে অনুষ্ঠিত হলো উইকিবই লিখন প্রতিযোগিতার তৃতীয় সংস্করণ—”উইকিবই লিখন প্রতিযোগিতা ২০২৫”। ৭ মে থেকে ৭ জুন ২০২৫ পর্যন্ত এক মাসব্যাপী এই প্রতিযোগিতাটি বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ের সক্রিয় এবং নতুন স্বেচ্ছাসেবকদের মিলনমেলায় পরিণত হয়।

প্রতিযোগিতাটি এবার আয়োজন করা হয়েছিল “বাংলা উইকিসংযোগ” উদ্যোগের অংশ হিসেবে, যার লক্ষ্য হল বাংলা ভাষায় মুক্ত জ্ঞানভাণ্ডার নির্মাণে আগ্রহী নতুন লেখক ও অবদানকারীদের সম্পৃক্ত করা এবং আগের অভিজ্ঞ স্বেচ্ছাসেবকদের কাজে সঙ্ঘবদ্ধ ব্যবস্থাপনার মাধ্যমে আরও উৎসাহ প্রদান করা।

এই আয়োজনে মোট ২৫১ জন ব্যবহারকারী প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নাম নিবন্ধন করেন। তাঁদের মধ্যে ৫৮ জন অন্তত একটি পাতা প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী জমা দেন। এক মাসে সর্বমোট ১৬৯৬টি পাতা জমা পড়ে। আটজন অভিজ্ঞ পর্যালোচকের নিবিড় পর্যালোচনার পর চূড়ান্তভাবে ১১৬২টি পাতা গৃহীত হয়, যেগুলোর সম্মিলিত শব্দ সংখ্যা ১১,৪৬,৫০৯টি।

তুলনামূলকভাবে দেখা যায়, আগের বছর, ২০২৪ সালের প্রতিযোগিতায়, ৪১৮ জন অংশগ্রহণকারী নাম নিবন্ধন করেছিলেন এবং তাঁদের মধ্যে ৬৭ জন কমপক্ষে একটি পাতা জমা দিয়েছিলেন। এইসময় মোট ৭১৭টি পাতা জমা পড়ে, যার মধ্যে ৬২৪টি পাতা গৃহীত হয়েছিল। ঐ বছর গৃহীত পাতাগুলোর মোট শব্দ সংখ্যা ছিল ১১,৪৮,০৭৯টি। তবে এবার একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ছিল,‌২০২৫ সালের প্রতিযোগিতায় প্রোগ্রামিং ও গণিত বিষয়ক পাতায় থাকা কোড ও গাণিতিক সমীকরণগুলো শব্দ গণনায় অন্তর্ভুক্ত করা হয়নি, ফলে পরিসংখ্যান কিছুটা আলাদা রূপ ধারণ করেছে।

পুরো পর্যালোচনার কাজ প্রতিযোগিতা শেষে এক মাসের মধ্যেই শেষ করা সম্ভব হয়েছে। পর্যালোচক দলের ঐকান্তিক প্রচেষ্টায় ৮ জুলাই তারিখে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।

প্রতিযোগীদের অংশগ্রহণ সহজতর করতে এবং উৎসাহ জোগাতে এই বছর ১৮ জন অংশগ্রহণকারীকে ইন্টারনেট সহায়তা প্রদান করা হয়। এছাড়াও, প্রতিযোগিতাকালীন বিভিন্ন প্রশ্নোত্তর, সমস্যা সমাধান ও তথ্য হালনাগাদের জন্য একটি সক্রিয় টেলিগ্রাম গ্রুপ ব্যবহার করা হয়।

প্রতিযোগিতা চলাকালে বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ের বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে (যেমন ফেসবুক, টুইটার/X, ইনস্টাগ্রাম) প্রতিযোগিতা সম্পর্কিত প্রচার ও হালনাগাদ নিয়মিতভাবে শেয়ার করা হয়, যাতে আরও নতুন ব্যবহারকারীদের আকৃষ্ট করা যায় এবং সামগ্রিকভাবে একটি উন্মুক্ত, সহযোগিতামূলক পরিবেশ গড়ে ওঠে।

এই প্রতিযোগিতাটি আবারও প্রমাণ করেছে যে, সম্মিলিত প্রচেষ্টা, উপযুক্ত দিকনির্দেশনা এবং প্রযুক্তিগত সহায়তা থাকলে বাংলা ভাষায় মুক্ত ও মানসম্পন্ন শিক্ষাসামগ্রী নির্মাণ একান্তই সম্ভব।

উইকিবার্তা
Translate »
Share This