জিমি ওয়েলস ও বাংলা উইকিমিডিয়ান। ছবি: উইকিমিডিয়া বাংলাদেশ। সিসি বাই-এসএ ৪.০, উইকিমিডিয়া কমন্স।

প্রথমবারের মতো পূর্ব আফ্রিকায় অনুষ্ঠিত হলো উইকিপিডিয়ার সবচেয়ে বড় ও বৈশ্বিক সম্মেলন উইকিম্যানিয়া-২০২৫। গত ৬ থেকে ৯ আগস্ট  কেনিয়ার রাজধানী নাইরোবিতে ২০তম এই আসরে মূল প্রতিপাদ্য ছিল- ‘ অন্তর্ভুক্তি · প্রভাব · টেকসই ভবিষ্যৎ’। অন্যান্য বছরের ন্যয় এবারও সম্মেলনে সশরীরে ও অনলাইনে অংশগ্রহণ করেন উইকিমিডিয়ানরা।  

ম্যানিয়া কর্তৃপক্ষের দেয়া তথ্যমতে চার দিনের এই আন্তর্জাতিক আয়োজনে অংশ নেন ২ হাজার ৩৭৬ জন।  যার মধ্যে সশরীরে উপস্থিত ছিলেন ৭৭৬ জন। বিশ্বের ১৩৫টিরও বেশি দেশ থেকে অংশগ্রহণকারীরা অন্তত দেড় হাজারেরও বেশি ইভেন্টে অংশ নেন।  কী-নোট, প্যানেল, ওয়ার্কশপ, হ্যাকাথন, পোস্টার সেশন, এবং মিট–আপ মিলিয়ে দিনভর ছিলো পূর্ণাঙ্গ সব প্রোগ্রামের আয়োজন। 

কনফারেন্স ও সন্ধ্যার নানা ইভেন্টকে কেন্দ্র করে সম্মেলনের প্রধান ভেন্যু ছিল নাইরোবির গিগিরি এলাকার ট্রেডমার্ক হোটেল ও তার পাশের ট্রাইব হোটেল  এবং ভিলেজ মার্কেট।  আবাসিক ব্যবস্থাপনায় নভোটেল কিছুটা দূরত্বে থাকলেও বাকি ভেন্যু ছিল হাঁটার দূরত্বে। আয়োজকেরা আগেই ভেন্যু ও সেশন–বিন্যাস প্রকাশ করায় অংশগ্রহণকারীরা আগ্রহমতো ট্র্যাক বেছে নিতে পেরেছেন।

প্রতিটি সেশনসূচি ইভেন্ট প্ল্যাটফর্মে থাকায় ব্যবহারকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী ‘মাই শিডিউল’ তৈরি করতে পেরেছেন।  প্রতিটি লাইভ সেশনের পর রেকর্ডিং লিঙ্ক যুক্ত হওয়ায় অনলাইন অংশগ্রহণকারীরাও সশরীরে অংশ নেয়ার মতো অনুভূতি পেয়েছেন।  

সম্মেলন উদ্বোধন হওয়ার আগের দিন ৫ আগস্ট নভোটেলে প্রাক–সম্মেলনে অনুষ্ঠিত হয়। সেখানে  উইকিউইমেন সামিট এবং ইউজারস উইথ এক্সটেন্ডেড রাইটস –এর নেতৃত্ব ও নিরাপত্তা–কেন্দ্রিক বেশ কয়েকটি সেশন রাখা হয়। এ আয়োজনগুলোতে উইকিমিডিয়ানদের সঙ্গে উইকিপিডিয়া সহ-প্রতিষ্ঠাতা জিমি ওয়েলসকে অংশ নিতে দেখা গেছে।  

৬ আগস্ট  উদ্বোধনী অধিবেশনে ছিলেন উইপিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস ও উইকিমিডিয়া ফাউন্ডেশনের সিইও মারিয়ানা ইস্কান্দার। তাঁরা আঞ্চলিক সহযোগিতা, সক্ষমতা বৃদ্ধি এবং জেনারেটিভ এআই এর যুগে তথ্য–নির্ভর নেতৃত্ব গঠনের ওপর গুরুত্ব দেন।

সম্মেলনের দ্বিতীয় দিনে লাইটিনিং সেশনে বাংলা উইকিপিডিয়ার প্রশাসক মাসুম আল হাসান রকি চ্যাপ্টার হিসেবে উইকিমিডিয়া বাংলাদেশ ও তার কার্যক্রমকে বিকেন্দ্রিকরণের ওপর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। যেখানে চ্যাপ্টারের শুরু থেকে এ পর্যন্ত আঞ্চলিক সম্প্রদায় সম্পর্কে কার্যক্রম বিশেষভাবে স্থান পায়। যা দর্শকদের মুহুর্মুহু করতালির মাধ্যমে বেশ সাড়া পেতে দেখা গেছে।

৮ আগস্ট সন্ধ্যায় অনুষ্ঠিত হয় প্রাণবন্ত পোস্টার সেশন, যেখানে বিশ্বব্যাপী বিভিন্ন অ্যাফিলিয়েট ও প্রোগ্রাম–চ্যানেলের নির্বাচিত পোস্টার প্রদর্শিত হয়। এর আগের দিন একাধিক ইউজার গ্রুপ ও চ্যাপ্টার থেকে বিভিন্ন কার্যক্রমের ছাপা পোস্টার প্রদর্শিত হয়। সেখানে স্থান পায় বাংলাদেশি উইকিমিডিয়ান মহীন রীয়াদের তৈরি করা ‘আলোকচিত্র প্রতিযোগিতা, বাংলার প্রেমে উইকি’র পোস্টার।

এছাড়া ৫-৯ আগস্টের হ্যাকাথনে অংশগ্রহণকারীরা কাজ করেন নতুন প্রযুক্তি, সহযোগিতা ও অনবোর্ডিং–এ। সমাপ্তি দিনে হ্যাকাথন-শোকোসে তাঁরা নিজেদের প্রকল্প উপস্থাপন করেন। “Coolest Tool Awards”–এর জন্যও ছিল বিশেষ স্লট।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতি বছরের ন্যয় এবারো উইকিমিডিয়ান অব দ্য ইয়ার-২০২৪ ঘোষণা করেন জিমি ওয়েলস। বিশ্বজুড়ে উইকিমিডিয়া প্রকল্পে অসাধারণ অবদান রাখা স্বেচ্ছাসেবীদের এই স্বীকৃতি দেওয়া হয়। এ বছর ক্যামেরুন, কানাডা, ভারত, কোট দিভোয়ার, নেদারল্যান্ডস, নাইজেরিয়া, পোল্যান্ড ও সিঙ্গাপুর থেকে নির্বাচিত স্বেচ্ছাসেবকেরা পুরস্কার পেয়েছেন। 

এরমধ্যে উইকিমিডিয়ান অব দ্য ইয়ার সিঙ্গাপুরের রবার্টস্কাই, উইকিমিডিয়া লরিয়েট কানাডার রিস্কার, মিডিয়া কন্ট্রিবিউটর অব দ্য ইয়ার নেদারল্যান্ডসের ১ভিয়ার্টজি,  

নিউকামার অব দ্য ইয়ার কোট দিভোয়ারের  দাদরিক, ফাংশনারি অব দ্য ইয়ার হন পোল্যান্ডের আরামিলফেরাক্সা, টেক কন্ট্রিবিউটর অব দ্য ইয়ার ক্যামেরুনের ইউজিন২৩৩,  বিশেষ সম্মাননা ক্যাটাগরিতে ভারতের নিথেশ গিল ও নাইজেরিয়ার  আম্মারপ্যাড নির্বাচিত হন।  

এই সম্মেলনে তরুণ ও নতুনদের উপস্থিতি ছিলো ব্যাপক। বিশেষ ৩৮ বছরের নিচে অংশগ্রহণকারীর হার ছিল চোখে পড়ার মতো। গিগিরির মতো তুলনামূলক ছোট এলাকায় একাধিক ভেন্যুতে অনুষ্ঠানের আয়োজন ঘিরে নিরাপত্তা ও শৃঙ্খলা ছিলো প্রশংসনীয়।  

পশ্চিমবঙ্গ থেকে অংশ নেয়া নেট্টিমি সুজাতা জানান, তিনি স্বেচ্ছাসেবী হিসেবে বাংলা উইকিপিডিয়া ও উইকিসংকলনে সম্পাদনা করেন।  এবারের সম্মেলনে তিনি একজন উইকিমিডিয়ান ও সিনিয়র সিটিজেন যেভাবে অংশ নিয়েছে, তেমনিভাবে জেনারেশন জি’দের অংশগ্রহণও লক্ষ্য করেছেন। তার মতে উইকিপিডিয়া সব বয়সী মানুষদের জন্য একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম। 

অংশগ্রহণকারীদের মধ্যে উকিমিডিয়া স্টুয়ার্ড মুহাম্মদ ইয়াহিয়া বলেন, এবারের সম্মেলনে বেশ কয়েকটি সেশন হয়েছে কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে। বর্তমানে এআই বটগুলো উন্মুক্ত বিশ্বকোষ হিসেবে উইকিপিডিয়াসহ উইকমিডিয়ার বিভিন্ন অনলাইন প্রকল্পগুলোতে ক্রলিং বেশি করছে। এতে সাধারণ পাঠকদের জন্য বরাদ্দকৃত ব্যান্ডউইথ এআই’র পেছনে ব্যয় হচ্ছে। এছাড়া এআই’র কারণে উইকিপিডিয়া ভিজিটর সহ নতুন এডিটরও কমেছে। তাই আগামীতে এসব প্রতিবন্ধকতা কীভাবে মোকাবেলা করা হবে সেসব বিষয় সেশনগুলোর আলোচনায় স্থান হয়েছে। 

বাংলাদেশ থেকে অংশ নেয়া উইকিমিডিয়ান দোলন প্রভা জানান, এবারের সম্মেলনে নারী বিষয়ক একাধিক সেশন হয়েছে। তিনি সেগুলোতে অংশ নিয়েছেন  এবং নারীদেরকে কীভাবে আরো বেশি উন্মুক্ত বিশ্বকোষে অংশগ্রহণ বাড়ানো যায় তার ওপর বেশ গুরুত্ব দেয়া হয়েছে।  

সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয় ৯ আগস্ট। এতে  জানানো হয়, পরবর্তী উইকিম্যানিয়া ২০২৬ সালের ২১–২৫ জুলাই প্যারিসে অনুষ্ঠিত হবে। ইউরোপেও ওই আয়োজনের দায়িত্বে থাকবে উইকিমিডিয়া ফ্রান্স ও সহযোগী নেটওয়ার্ক উইকিফ্রান্সা।

উইকিবার্তা
Translate »
Share This