
বাংলা উইকিমৈত্রী লোগো। ছবি: জাহিন ওয়াদুদ/সিসি-বাই-এসএ-৪.০ / উইকিমিডিয়া কমন্স
ঐতিহাসিকভাবে বঙ্গদেশ দক্ষিণ এশিয়ার উত্তরপূর্বের একটি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ ভৌগোলিক অঞ্চল। এই অঞ্চলের অধিবাসীদের প্রধান ভাষার নাম বাংলা। কালের পরিক্রমায় বঙ্গদেশের মাঝখানে উঠেছে একটি আন্তর্জাতিক সীমান্ত, ভাগ হয়ে পড়েছে দুটি দেশে। আর বাংলা ভাষাভাষী লোকজনও ছড়িয়ে পড়েছেন বঙ্গদেশ ছাড়িয়েও নানা স্থানে।
গত দেড় দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের স্বেচ্ছাসেবীরা বাংলা ভাষাসহ বিভিন্ন উইকিমিডিয়া প্রকল্পে হাতে হাত রেখে কাজ করে চলেছেন। উইকিমিডিয়া বাংলাদেশ, পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া ব্যবহারকারী দল এবং এই দুই অঞ্চলের স্থানীয় সম্প্রদায়গুলি এর আগেও বেশ কিছু অনলাইন ও অফলাইন প্রকল্পে একসঙ্গে কাজ করেছে। তবে, আমরা সবসময় অনুভব করেছি যে ডিজিটাল মাধ্যমে বাংলা ভাষা, সংস্কৃতি আর ঐতিহ্যকে আরও ভালোভাবে তুলে ধরতে হলে আমাদের মধ্যে আরও গভীর এবং সার্বিক সম্পর্ক থাকা দরকার। সেই ভাবনা থেকেই ২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে বাংলা উইকিমৈত্রীর যাত্রা শুরু হয়।

বাংলা উইকিমৈত্রী মিটআপ ২০২৩। চিত্র: উইকিমিডিয়া বাংলাদেশ সিসি-বাই-এসএ-৪.০ / উইকিমিডিয়া কমন্স
বাংলা উইকিমৈত্রী হলো এমন একটি বিশেষ অনলাইন প্ল্যাটফর্ম, যার প্রধান উদ্দেশ্য হচ্ছে বাংলা ভাষা, সংস্কৃতি আর ঐতিহ্য নিয়ে কাজ করা উইকিমিডিয়া গোষ্ঠীগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়ানো এবং একসঙ্গে সম্বন্বিতভাবে কাজ করা । বাংলা উইকিমৈত্রীর মাধ্যমে আমরা একটি সুসংগঠিত পরিবেশে তৈরি করতে চেয়েছি, যেখানে আমরা নিজেদের অভিজ্ঞতা, দক্ষতা ও জ্ঞান ভাগ করে নিতে পারি, একসঙ্গে বিভিন্ন প্রকল্প পরিচালনা করতে পারি এবং ভবিষ্যতের জন্য বড় পরিকল্পনা করতে পারি।
বাংলা উইকিমৈত্রীর কার্যক্রম কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমানায় আবদ্ধ নয়। এটি কেবল বাংলাদেশ বা ভারতের পশ্চিমবঙ্গের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাভাষী মানুষদের মধ্যে একটি কার্যকর এবং দীর্ঘস্থায়ী সংযোগ তৈরি করাই এর মূল লক্ষ্য। বাংলা ভাষা এবং তার বিভিন্ন উপভাষা, আঞ্চলিক সংস্কৃতি ও লোকজ ঐতিহ্য যেভাবে বিশ্বজুড়ে ছড়িয়ে আছে, বাংলা উইকিমৈত্রী সেই বৈচিত্র্যকে উদযাপন করে সবার মধ্যে ঐক্য গড়ে তুলতে আগ্রহী।
বাংলা উইকিমৈত্রী যেহেতু বাংলা ভাষা, সংস্কৃতি আর ঐতিহ্য নিয়ে কাজ করে, তাই এর লোগোতেও বাংলার চিরায়ত সংস্কৃতির কথা মাথায় রাখা হয়েছে। বকুল ফুলের মালা দিয়ে “সই পাতানো” বা বন্ধুত্বের হাত বাড়ানো বাংলার গ্রামীণ লোকজ সংস্কৃতির একটি ঐতিহ্য। বাংলা উইকিমৈত্রীর লোগোতেও আমরা এই ঐতিহ্যটি ধারণ করতে চেয়েছি। তাই বাংলার বন্ধুত্বের প্রতীক বকুল ফুলকেই বাংলা উইকিমৈত্রীর প্রতীক হিসেবে বেছে নেয়া হয়েছে।
বর্তমান কার্যক্রম
২০২৩ সালের শেষার্ধে বাংলা উইকিমৈত্রীর পক্ষে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ কর্মসূচি নামে একটি কর্মসূচি শুরু করা হয়। এটি একটি দীর্ঘমেয়াদি, ধারাবাহিক ও অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ, যার লক্ষ্য বাংলা ভাষাভাষী অঞ্চলগুলোর বৈচিত্র্যময় সংস্কৃতি, ইতিহাস, লোকজ জ্ঞান ও ঐতিহ্যকে ডিজিটাল মাধ্যমে সংরক্ষণ ও উন্মুক্ত করা। বাংলা ভাষাভাষী অঞ্চল বলতে শুধু বাংলাদেশ বা ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসাম নয়—বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসী বাঙালিদের সাংস্কৃতিক পরম্পরাও এর অন্তর্ভুক্ত।
এই কর্মসূচির উদ্দেশ্য ঐতিহাসিক নিদর্শন, লোকগাঁথা, আঞ্চলিক উৎসব, খাদ্যসংস্কৃতি, নৃত্য, সংগীতসহ নানা উপাদান মুক্ত জ্ঞানের প্ল্যাটফর্মে সংরক্ষণ করা, যাতে সেগুলো বিশ্বব্যাপী জ্ঞানভান্ডারের অংশ হয়ে উঠতে পারে।
আমরা বিশ্বাস করি, বাংলা সংস্কৃতি শুধু অতীতের স্মৃতি নয়, বরং বিশ্বজুড়ে জ্ঞানচর্চা ও সাংস্কৃতিক বিনিময়ের গুরুত্বপূর্ণ অংশ। এই উদ্যোগ বর্তমানকে সমৃদ্ধ করে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অনন্য ঐতিহ্যভাণ্ডার গড়ে তোলে।

উইকিমিডিয়া শীর্ষ সম্মেলন ২০২৪। চিত্র: Ekvidi সিসি-বাই-এসএ-৪.০ / উইকিমিডিয়া কমন্স
বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ কর্মসূচি-র প্রথম প্রকল্প বাংলার প্রেমে উইকি নামক আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতা। বাংলার বিভিন্ন সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস, প্রাকৃতিক সৌন্দর্য, ইত্যাদিকে বিশ্বের সামনে তুলে ধরা এই প্রতিযোগিতার উদ্দেশ্য। এখনো পর্যন্ত এই প্রতিযোগিতার দুইটি সংস্করণ অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনটির বৈশিষ্ঠ্য হচ্ছে প্রতি বছর ভিন্ন ভিন্ন বিষয়বস্তুর উপর ছবি প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে বাংলার সংস্কৃতি, ঐতিহ্য, প্রকৃতি ইত্যাদির ছবি মুক্ত লাইসেন্সের অধীনে প্রকাশ করতে উৎসাহিত করা। প্রথম বছর (২০২৪) এই প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল বাংলার খাবার এবং এই বছর (২০২৫) বিষয়বস্তু ছিল বাংলার পাখি। এই দুই বছরেই ফটোগ্রাফারদের মধ্যে আশাতীত সাড়া পাওয়া গেছে এবং বেশ কিছু অপূর্ব ছবি আমরা তাঁদের থেকে পেয়েছি। এই প্রতিযোগিতার মাধ্যমে দুই বছরে সাড়ে তিন হাজারের বেশি ছবি উইকিমিডিয়া কমন্সে পাওয়া গেছে।
ভবিষ্যত কার্যক্রম
ভবিষ্যতে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ কর্মসূচি-র কার্যক্রমের পরিধি আরো বড় করবার আশা আমরা করছি। নতুন প্রকল্পের মাধ্যমে বাংলার সাহিত্য এবং লোকসংস্কৃতি নিয়ে কাজ করবার ইচ্ছে আছে।
