বাংলা উইকিসম্মেলনের লোগো। ছবি: মহীন রিয়াদ/সিসি-বাই-এ-৪.০
নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা জানাই। এবারের ফেব্রুয়ারি ২০২৫ উইকিবার্তা সংখ্যাটি নতুন সম্ভাবনা, স্মৃতিকথা ও প্রত্যাশা নিয়ে প্রকাশিত হয়েছে।
এই সংখ্যায় ‘বাংলা উইকিসম্মেলন ২০২৪’ নিয়ে নানা অনুভূতি, উপস্থাপনা, সফল কার্যক্রম নিয়ে প্রবন্ধ প্রকাশ হয়েছে। লেখাগুলো পড়ে আপনাদের মনে হবে আশাবাদী তারুণ্য একত্রিত হয়েছিলো সম্মেলনে। নতুন নতুন কাজের পরিকল্পনা, ভাষার প্রতি দায়িত্ববোধ ও ভালোবাসা থেকে স্বেচ্ছাসেবকরা এক মঞ্চে দাঁড়িয়েছিলেন। নতুন পুরনো উইকিপিডিয়ানদের এক মিলনমেলা ছিলো এটা। অনলাইনে কাজের মাধ্যমে যাদের সাথে পরিচয় তাঁদের সরাসরি চিনে নেওয়া ও অনুভূতি ব্যক্ত করার একটা সুযোগ করে দিয়েছে এই আয়োজনটি।
বাংলায় একটি প্রবাদ আছে ‘ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো’ । একদিকে অনলাইনে নানা প্লাটফর্মে ছেলে মেয়েরা বিনোদনের জন্য অনেকটা সময় ব্যয় করে , আর অন্যদিকে আমাদের মতো উইকিপিডিয়ানরা তথ্যভাণ্ডারে নিজেদের সঁপে দেয়। কোনো কিছু পাওয়ার আশায় নয়, শুধু অন্যকে জানানোর তৃষ্ণা থেকে নিরলস কাজ করে যায়। এই সম্মেলনে উইকিবার্তায় একটি প্যানেল আলোচনা হয়। সেখানে নতুন পুরনো উইকিপিডিয়ানের কাজ নিয়ে স্মৃতিচারণ করেন অনুপ সাদি ও শাবাব মুস্তাফা। আর উইকিবার্তার শুরু দিকের পথচলা নিয়ে মঈনুল ইসলাম কথা বলেন। বাংলা উইকিপিডিয়া যখন গুটিগুটি পায়ে চলছিলো তখন বাংলাদেশে ইন্টারনেট সহজলভ্য ছিলো না। নেটওয়ার্ক অনেক সময় নিরুদ্দেশ হয়ে যেতো। উইকিতে ছোট একটা সম্পাদনা করার জন্য ছুটতে হয়েছে ঘর থেকে বাহিরে; একটু নেটওয়ার্ক পেলেই একটা সম্পাদনা। সেটাতেই কতো আত্মতৃপ্তি। এই সব অনুভূতিগুলো এখনকার প্রজন্মের কাছে ভাগাভাগি করে নিতে পারা সত্যি অনেক আনন্দের।
এছাড়া ভারত, নেপালের উইকিপিডিয়ানরা আলোচনায় অংশ নিয়েছেন। দেশ ভিন্ন হলেও ভাষার প্রতি যে টান সেটাই একত্রিত করেছে আমাদের। এই সংখ্যাতে বৈচিত্র্যের একটা প্রকাশ আছে। সেই স্বাদ লেখক হিসাবে যেমন নিতে পারবেন তেমনি পাঠক হিসাবেও। পুরো সম্মেলনের খুঁটিনাটি আয়োজন নিয়ে একটি প্রবন্ধ আছে মাসুম আল হাসান রকি ও মহীন রীয়াদের যৌথ লেখাতে। এই সংখ্যাতে সম্মেলনকে নিয়ে মোট ৮ টি লেখা প্রকাশিত হয়েছে। লেখাগুলো একত্রিত করতে পেরে আমরা অনেক আনন্দিত। ভিন্ন ভিন্ন চোখে একটি সুন্দর ছবি ফুটে উঠেছে। এছাড়াও নতুনদের লেখা, অন্যান্য প্রকল্পের কাজ, বাংলা উইকিপিডিয়ার ২১তম জন্মদিন পালন, আন্তর্জাতিক খবর প্রকাশ করা হয়েছে।
এমন একটি সংখ্যা প্রকাশের উদ্যোগ নেওয়া জন্য উইকিবার্তা দলকে, উইকিমিডিয়া বাংলাদেশের কারিগরী দলকে ধন্যবাদ জানাই। সম্মেলনের আয়োজনের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত স্বেচ্ছাসেবকের জন্য অভিনন্দন ও কৃতজ্ঞতা। অভিনন্দন বাংলা উইকিপিডিয়া ও দেশে বিদেশের সকল উইকিপিডিয়ানকে!
ধন্যবাদান্তে
দোলন প্রভা
১৯ ফেব্রুয়ারি ২০২৫
