দ্য হেরিটেজ ফাউন্ডেশন একটি মার্কিন রক্ষণশীল পাবলিক পলিসি গবেষণা প্রতিষ্ঠান, যার মূল দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। সাম্প্রতিককালে হেরিটেজ ফাউন্ডেশন “প্রজেক্ট ২০২৫” নামে একটি উদ্যোগ শুরু করেছিলো, এই প্রকল্পের মূল লক্ষ্য হলো ফেডারেল সরকারের কাঠামো পুনর্গঠন করা বিশেষত রক্ষণশীল নীতিমালা বাস্তবায়ন করা। উদ্যোগের মধ্যে তারা ইহুদি বিদ্বেষ বৃদ্ধি পাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন।

চিত্র: Bluerasberry/সিসি-বাই-এসএ-৩.০
এরই ধারাবাহিকতায় তারা উইকিপিডিয়া সম্পাদকদের টার্গেট করেছে এবং উইকিপিডিয়ার নীতিমালা ভঙ্গ করেই সম্পাদকদের তথ্য প্রকাশ করার ঘোষণা দিয়েছে। ৭ জানুয়ারি ২০২৫ তারিখে ফরোয়ার্ড-এর একটি প্রতিবেদনের মাধ্যমে বিষয়টা সামনে ওঠে আসে। প্রতিবেদনে বলা হয়, তারা এই কাজের উদ্যোগ নিয়েছে। কেননা তারা মনে করছে উইকিপিডিয়ায় কিছু সম্পাদক ইহুদি বিদ্বেষ ছড়াচ্ছে। এজন্য, তারা উন্নত প্রযুক্তি ব্যবহার করে সম্পাদকদের তথ্য জনসম্মুখে নিয়ে আসবেন। যদিও উইকিপিডিয়ায় নীতিমালা অনুযায়ী কোনও সম্পাদক নিজের সমস্ত পরিচয় গোপন রেখেই সম্পাদনা করতে পারেন।
তথাপিও এই হেরিটেজ ফাউন্ডেশন উইকিপিডিয়ার সমস্ত নীতিমালা পাশ কাটিয়ে নিজেদের প্রযুক্তির সাহায্যে তথ্য প্রকাশ করতে চান। তারা এই কাজ করতে উইকিপিডিয়ায় লেখার আগ্রহের বিষয়বস্তু, বিভিন্ন ডেটা বিশ্লেষণ, ফিঙ্গারপ্রিন্টিং যাচাই, টেক্সট প্যাটার্ন, মানব বুদ্ধিমত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্রস ওয়েবসাইট ডাটা এসব ব্যবহার করবেন। এমনকি তারা এটাও ঘোষণা দিয়েছে, সম্পাদকদের অবস্থান প্রকাশ করে দিবেন।
ক্রুকস্যানডিরালস নামক ওয়েবসাইট ইহুদি গণমাধ্যমের বরাত দিয়ে লিখেছেন,
তারা অনলাইন বিশ্বকোষে অবদানকারীদের শনাক্ত করার জন্য মুখমণ্ডল শনাক্তকরণ সফটওয়্যার এবং হ্যাক করা ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ডের একটি ডাটাবেস ব্যবহার করার পরিকল্পনা করছে, যারা বেশিরভাগই ছদ্মনামে কাজ করে। উইকিপিডিয়ার এই প্রচেষ্টা ঠিক কী ধরণের ইহুদি-বিদ্বেষকে মোকাবেলা করার উদ্দেশ্যে, তা স্পষ্ট নয়।
বিভিন্ন পত্রিকা ও গণমাধ্যম এটা স্পষ্ট করেছে, এ ধরণের উদ্যোগ উইকিপিডিয়ায় নিরপেক্ষ রচনা লেখার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। উইকিপিডিয়া স্বাধীন ও নিরপেক্ষ লেখার জন্য বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সাইটগুলোর একটি। তবে এখানে ইহুদি বিদ্বেষের অভিযোগ তুলে কিছু সম্পাদকদের উপর চাপ সৃষ্টি করলে এবং নীতিমালা ভঙ্গ করেই ব্যক্তিগত তথ্য প্রকাশের হুমকি দিলে তারা উইকিপিডিয়া ত্যাগ করতে পারে। এতে উইকিপিডিয়ায় শুধু এক পক্ষের তথ্য থাকবে এবং উইকিপিডিয়ার নিরপেক্ষতা হারাবে।
হেরিটেজ ফাউন্ডেশনের সাথে যুক্ত কর্মীরা অনেক আগে থেকেই উইকিপিডিয়ার সাথে যুক্ত, তবে তাদের এই যুক্ত থাকার অভিজ্ঞতা ভালো নয়। The Heritage Foundation নিবন্ধের সম্পাদনার সাথে যুক্ত কমপক্ষে ২০ জন সম্পাদক উইকিপিডিয়া থেকে বাধাপ্রাপ্ত হয়েছেন। এমনকি ২০১৭ সালের এক সকপাপেট তদন্তে ৫ জনকে বাধা দেওয়া হয়েছিলো, মূলত এরাই উইকিপিডিয়ায় ইহুদি সম্পর্কিত নিবন্ধে অপব্যবহার করতো এবং উইকিপিডিয়াকে খারাপ উদ্দেশ্যে ব্যবহার করতো। হেরিটেজ ফাউন্ডেশনের একই ধরনের আরেকটি প্রজেক্ট ছিলো প্রজেক্ট এসথার, যা ২০২৪ সালে চালু করা হয়েছে। এই প্রজেক্টটিও ইহুদি বিদ্বেষ মোকাবেলার জন্য চালু করা হয়েছে, যা সারা পৃথিবীতে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
হেরিটেজ ফাউন্ডেশন এই ইহুদি বিদ্বেষ মোকাবেলার কথা বলে নিরপেক্ষতা প্রতিষ্ঠাকারী দলকে টার্গেট করেছে। যা উইকিপিডিয়া ও নিরপেক্ষ তথ্যের জন্য মারাত্মক হুমকিস্বরুপ। উইকিপিডিয়া দলকে টার্গেট করার পরে বিভিন্ন পত্রিকা ও সক্রিয় নেটিজেনকর্মীগণ এর প্রতিক্রিয়া জানিয়েছে। ইংরেজি উইকিপিডিয়ার প্রশাসক Tamzin ও GorillaWarFire নামক ব্যবহারকারী এই উদ্যোগকে আতংক ও সন্দেহজনক বলেছেন।
হেরিটেজ ফাউন্ডেশনকে উইকিপিডিয়ায় তথ্যসূত্র হিসাবে ব্যবহার করা যাবে কিনা, এমন একটি প্রশ্নের উত্তরের এক পর্যায়ে উইকিপিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস বলেন,
একটি পার্শ্ব মন্তব্য হিসেবে, আমি মনে করি না যে হেরিটেজ ফাউন্ডেশনের একটি নির্ভরযোগ্য সূত্র হিসেবে বিবেচ্য হওয়া এই ঘৃণ্য কাজগুলোর সাথে বিশেষভাবে সম্পর্কিত। কিছু বিষয়ে তারা নির্ভরযোগ্য সূত্র হিসেবে গণ্য হবে কিনা, তা আসলে আমাদের প্রতি তাদের বিদ্বেষের উপর নির্ভর করে না।
সব মিলিয়ে এটা স্পষ্ট যে, উইকিমিডিয়ানদের গোপনীয় তথ্য জনসম্মুখে প্রকাশ করা নীতিমালা বিরোধী ও সম্পাদকদের ব্যক্তিগত জীবনের জন্য হুমকি। এই ধরনের তথ্য প্রকাশ উইকিপিডিয়ায় নিরপেক্ষ তথ্য সংযোজনের পথে অন্তরায় হতে পারে।
সূত্র:
১. ফরোয়ার্ড
২. সাইনপোস্ট
৩. ক্রুকস্যানডিরালস
