নেত্রকোণায় বাংলা উইকিপিডিয়া দিবস পালন। ছবি: উইকিমিডিয়া বাংলাদেশ, সিসি বাই-এসএ ৪.০, উইকিমিডিয়া কমন্স।

আমি অক্টোবর ২০২৪ সালে উইকিপিডিয়ায় সম্পাদনার কাজ শুরু করেছি। অনুপ সাদি স্যারের মাধ্যমে উইকিপিডিয়া সম্পর্কে জানতে পারি। আমি ইংরেজি সাহিত্যে পড়াশুনা করি। তাই সাহিত্য বিষয়ে ছোট ছোট অবদান রেখেছি। এছাড়া নিজের জেলা বিষয়ে যেসব নিবন্ধ বাংলা উইকিপিডিয়ায় আছে সেখানে তথ্য যুক্ত করেছি। কাজটা বেশ মজার। প্রথম প্রথম বুঝতে পারতাম না। স্যারের সাথে কথা বলে শিখে নিয়েছি অনেক কিছু। 

এছাড়া উইকিনন্দিনীর কয়েকটি অনলাইন মিটআপে অংশ নিয়েছি। যেহেতু উইকিতে আমি নতুন তাই আলোচনা শুনেছি। বুঝার চেষ্টা করেছি কি কি কাজ করে অন্যান্য উইকিপিডিয়ান। এর মাঝেই আমার সুযোগ হয় উইকিপিডিয়ার একটি অফলাইন কার্যক্রমের সাথে যুক্ত থাকার। ময়মনসিংহ উইকিমিডিয়া সম্প্রদায়ের উদ্যোগে বাংলা উইকিপিডিয়া দিবস উদযাপন। সম্প্রদায়ের সমন্বয়ক দোলন প্রভার সাথে আলোচনা করে নেত্রকোনা সদরে জেলা গণগ্রন্থাগারে সোমবার (২৭ জানুয়ারি) বাংলা উইকিপিডিয়ার ২১তম জন্মদিনের আড্ডা পালিত করা হয়েছে। 

এটা ছিলো আমার জন্য নতুন অভিজ্ঞতা। এতো অল্প সময়ে এই আয়োজন করতে পারব, সেটা আমি ভাবতে পারি নি। এই আয়োজনে ময়মনসিংহ উইকিপিডিয়া সম্প্রদায়ের সদস্য ও আগ্রহী ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি এনামূল হক পলাশ ও কবি তানভীর জাহান চৌধুরী এবং সম্প্রদায়ের সদস্যদের আহনাফ হক।  যাদের সাথে আমার আগে কখনো পরিচয় হয় নি। 

ময়মনসিংহ উইকিমিডিয়া সম্প্রদায় প্রতিবছরেই অফলাইন কার্যক্রমের আয়োজন করে আসছে। সেই ধারাবাহিকতায় এটি ছিলো ২০২৫ সালের প্রথম অফলাইন কার্যক্রম। আড্ডায় উপস্থিত সবাই বাংলা উইকিপিডিয়া কীভাবে তথ্যভাণ্ডারে অবদান রাখছে সে বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। এরপরে কেক কেটে বাংলা উইকিপিডিয়ার ২১তম জন্মদিন উদযাপন করা হয়। 

উইকিপিডিয়ার সদস্যগণ বাংলা ও সংস্কৃতিকে সমৃদ্ধ করতে বছরে ছোট বড় নানা ধরনের অফলাইন কার্যক্রম পরিচালনা করে থাকেন। এছাড়া অনলাইনে বাংলা ভাষার প্রসার ও প্রচারের জন্য বিভিন্ন সময় নিবন্ধ সম্পাদনা ও প্রতিযোগিতার আয়োজন করে থাকে। আমার কাছে মনে হয় এইধরনের অফলাইন কার্যক্রমের মাধ্যমে অন্যান্য উইকিপিডিয়ান ও আগ্রহীদের সাথে মতবিনিময় করার সুযোগ হয়। 

আমি বাংলা উইকিপিডিয়া নিবন্ধ থেকে জানতে পেরেছি ২০০৪ সালের ২৭ জানুয়ারি উন্মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া বাংলা ভাষায় যাত্রা শুরু করে। যেটা আমার মতো অনেক স্বেচ্ছাসেবকদের অবদানের ভিত্তিতে ধীরে ধীরে গড়ে উঠছে। ২০০৬ সালে, উইকিপিডিয়াকে দেশব্যাপী জনপ্রিয় করতে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) কর্তৃক একটি উইকি দল গঠন করা হয়। বর্তমানে বাংলাদেশে অনেক স্বেচ্ছাসেবক আছেন যারা বাংলা ভাষাকে সমৃদ্ধ করার জন্য নিরলস অবদান রাখছেন। ২০ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত বাংলা উইকিপিডিয়াতে ১,৬৩,১৯২ নিবন্ধ সৃষ্টি করা হয়েছে।

উইকিবার্তা
Translate »
Share This