
বাংলা উইকিপিডিয়া দিবস ২০২৫। ছবি: মো. জনি হোসেন, সিসি বাই-এসএ ৪.০, উইকিমিডিয়া কমন্স।
২০০৪ সালের ২৭ জানুয়ারি উন্মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া বাংলা ভাষায় যাত্রা শুরু করে। ২০ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত বাংলা উইকিপিডিয়াতে ১,৬৩,১৯২ টি নিবন্ধ সৃষ্টি করা হয়েছে। ভাষা অনুসারে ৩৪১ টি সক্রিয় উইকিপিডিয়ার মধ্যে নিবন্ধের গভীরতার দিক থেকে এটি ৫ম অবস্থানে রয়েছে।
২৭শে জানুয়ারি ২০২৫ বাংলা উইকিপিডিয়ার ২১তম জন্মদিনের আড্ডা ৩টি স্থানে পালিত হয়েছে। ঢাকা, নেত্রকোনা ও দিনাজপুর জেলায় অবস্থানরত উইকিপিডিয়ানরা একত্রিত হয়ে কেক কেটে দিনটি উদযাপন করেন।
ঢাকায় আয়োজিত উইকিপিডিয়া দিবসে দেশের নানা প্রান্তের উইকিপিডিয়ানরা একত্রিত হয়েছিলেন। ঢাকার উইকিপিডিয়ানগণ একত্রিত হয়েছিলেন উইকিমিডিয়া বাংলাদেশের মিরপুরস্থ কার্যালয়ে। এইদিন ঢাকার ১৪ জন স্বেচ্ছাসেবক প্রায় চার ঘন্টা প্রাণবন্ত আড্ডা দিয়েছেন। এই আড্ডায় যেমন পুরাতন স্মৃতি রোমন্থণ হয়েছে, আবার সামনের দিনের পরিকল্পনাও হয়েছে। উইকিমিডিয়া বাংলাদেশের ইসি সদস্য আর কে হান্নান প্রস্তাব করেন ঢাকার উইকিপিডিয়ানগণ প্রতি মাসে অন্তত একদিন মিরপুরের কার্যালয়ে আড্ডা দিতে পারি কিনা। এতে সবাই সম্মতি প্রকাশ করেন। একইসাথে মাঝে মাঝে ঢাকার অন্যান্য জায়গাতেও করা যায় কিনা সে বিকল্প খোলা রাখার কথাও প্রস্তাব করেন। ঢাকার জন্য একটি আঞ্চলিক সম্প্রদায় শুরু করা যায় কিনা সে বিষয়েও আলাপ হয়। বেশিরভাগই একমত হন যে ঢাকার জন্য একটি আঞ্চলিক সম্প্রদায় শুরু করা প্রয়োজন। সেই সাথে ২০২৫ সালে উইকিমিডিয়া বাংলাদেশের কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়েছে। কর্মশালাসহ অন্যান্য ইভেন্ট দক্ষতার সাথে আয়োজনের জন্য ভবিষ্যত আয়োজকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালার পরিকল্পনার কথাও আলোচনা করা হয়।
ময়মনসিংহ উইকিপিডিয়া সম্প্রদায়ের সদস্য ও আগ্রহী ব্যক্তিগণদের নিয়ে দিবসটি পালিত হয় নেত্রকোণা সদরের জেলা গণগ্রন্থাগারে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি এনামূল হক পলাশ ও কবি তানভীর জাহান চৌধুরী। সম্প্রদায়ের সদস্যদের মধ্যে ছিলেন সামিয়া সুলতানা মীম ও আহনাফ হক। সম্প্রদায়ের নতুন উইকিমিডিয়ান সামিয়া সুলতানা মীম জানিয়েছেন,
‘এইধরনের অফলাইন কার্যক্রমের মাধ্যমে অন্যান্য উইকিপিডিয়ান ও আগ্রহীদের সাথে মতবিনিময় করার সুযোগ হয়’।
নেত্রকোণা জেলায় উইকিমিডিয়ায় নানা কার্যক্রমের সাথে যুক্ত কবি এনামুল হক পলাশ বলেছেন,
“বাংলা উইকিপিডিয়া চালু হওয়ার পর সারা দুনিয়ার বাংলা ভাষাভাষীদের জন্য একটি তথ্যের অবাধ দুয়ার খুলে গেছে। উইকিপিডিয়ানরা অক্লান্ত পরিশ্রম করে এটিকে সমৃদ্ধ করে যাচ্ছেন। বাংলা ভাষায় একটি উন্মুক্ত জ্ঞানকোষ আছে সেটা মনে হলেই আমি বাংলাভাষী হিসেবে নিজেকে গর্বিত মনে করি। বাংলা উইকিপিডিয়ার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।”
দিনাজপুর সরকারি মহিলা কলেজের সমাজকর্ম বিভাগে বাংলা উইকিপিডিয়া দিবসের আয়োজন করা হয়। দিনাজপুর অঞ্চলের কয়েকজন উইকিমিডিয়ান, আগ্রহী কয়েকজন ব্যক্তি এবং কলেজের ছাত্রীদের নিয়ে দিবসটি পালিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উইকিমিডিয়ান ও লেখক অনুপ সাদি, দোলন প্রভা, মানিক সরেন এবং সোহাগিনী হাসদাক। এছাড়াও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক জহুরুল হক। অনুষ্ঠানে উইকিপিডিয়ার বিভিন্ন বিষয়ে কথা বলেন অধ্যাপক আশরাফুল ইসলাম এবং মিতা চক্রবর্তী। শিক্ষার্থীদেরকে উইকিপিডিয়া পাঠ এবং এর বহুবিধ বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন অনুপ সাদি এবং দোলন প্রভা।
