বাংলা উইকিসম্মেলন ২০২৪, বাংলাভাষী উইকিমিডিয়ানদের নিয়ে বাংলা উইকিসম্প্রদায় আয়োজিত প্রথম সম্মেলন। এটি ২০২৪ সালের ১৫ থেকে ১৬ নভেম্বর বাংলাদেশের গাজীপুরে অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রতিপাদ্য ছিল “জ্ঞান, বৈচিত্র্য, সহযোগিতা।” সম্মেলনটি উইকিমিডিয়া বাংলাদেশ, উইকিমিডিয়া স্বেচ্ছাসেবক এবং বাংলাদেশের আঞ্চলিক সম্প্রদায়গুলোর সহযোগিতায় আয়োজিত হয়, যেখানে বাংলা উইকিমিডিয়া প্রকল্পসমূহের স্বেচ্ছাসেবীরা অংশ নেয়। সম্মেলনে ৫৬ জন অংশগ্রহণকারী সরাসরি উপস্থিত ছিলেন। এছাড়া অনলাইনে সরাসরি সম্প্রচারের মাধ্যমে অনেকে এই সম্মেলনে অংশ নেন।

বাংলা উইকিসম্মেলন ২০২৪ দলগত ছবি। ছবি:: উইকিমিডিয়া বাংলাদেশ, সিসি বাই-এসএ ৪.০, উইকিমিডিয়া কমন্স।

এই সম্মেলন বাংলা ভাষার উইকিমিডিয়া প্রকল্পসমূহের জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক, যেখানে বাংলাদেশ, ভারত এবং নেপাল থেকে বাংলাভাষী উইকিমিডিয়ানরা একত্রিত হন। সম্মেলনটি অংশগ্রহণকারীদের মধ্যে সেতুবন্ধন তৈরি, বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা এবং বাংলা উইকিপিডিয়া ও এর সহপ্রকল্পগুলোর অগ্রগতির জন্য নতুন উদ্ভাবনী সমাধান বিনিময় করতে সাহায্য করেছিল। এই সম্মেলন বাংলা সম্প্রদায়ের মধ্যে মুক্ত জ্ঞান আন্দোলনকে এগিয়ে নেওয়ার একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। 

বাংলা উইকিসম্প্রদায়ের মিলনস্থান

বাংলা উইকিসম্মেলন ২০২৪ শিরোলেখ। ছবি: মহীন রীয়াদ / সিসি-বাই-এসএ

সম্মেলনটি বাংলা উইকিমিডিয়ানদের একত্রিত হওয়ার এক অনন্য সুযোগ তৈরি করেছিল, যেখানে তারা নিজস্ব চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা এবং তাদের সেরা অবদানগুলো অন্যদের সাথে ভাগ করতে পেরেছেন। সম্মেলনের বাংলা উইকিমিডিয়া প্রকল্পগুলোর উন্নয়নে নিবেদিতদের পাশাপাশি শিক্ষাবিদ, প্রযুক্তিবিদ এবং উইকিমিডিয়া নেতৃত্বের এক বৈচিত্র্যময় মিশ্রণ ঘটেছে।

 

সম্মেলনের মূল প্রতিপাদ্য— “জ্ঞান। বৈচিত্র্য। সহযোগিতা।” — অন্তর্ভুক্তিমূলকতা এবং মুক্ত জ্ঞান প্রচারে অংশীদারিত্বের দায়বদ্ধতার গুরুত্ব তুলে ধরে। প্রযুক্তিগত কর্মশালা থেকে শুরু করে কৌশলগত আলোচনা পর্যন্ত, নানান বিষয়বস্তুকে কেন্দ্র করে এই সম্মেলন আয়োজিত হয়েছিল, যাতে সবাই অর্থবহভাবে অবদান রাখার সুযোগ লাভ করে। 

মূল বক্তৃতা: সম্প্রদায়কে অনুপ্রেরণা যোগানো

মারিয়ানা ইস্কানদারের ভিডিও বার্তা

সম্মেলনের শুরুতে এক অনুপ্রেরণামূলক বক্তৃতায়, সমাজ ও সম্প্রদায়ের ভিত্তি হিসেবে জ্ঞানের ভূমিকা গুরুত্বের সাথে তুলে ধরা হয়। বিশিষ্ট বক্তারা মুক্ত জ্ঞান আরও সহজলভ্য করার লক্ষ্যে বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ের সম্মিলিত দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেন।

উইকিমিডিয়া বাংলাদেশের সভাপতি শাবাব মুস্তাফা, সংগঠনের ভবিষ্যৎ রোডম্যাপ তুলে ধরার পাশাপাশি সম্প্রদায়নির্ভর উদ্যোগ থেকে উঠে আসা সাফল্যের গল্প শোনান। সম্মেলনের একটি উল্লেখযোগ্য মুহূর্ত ছিল ফয়জুল লতিফ চৌধুরীর বক্তব্য। তিনি বাংলাদেশ জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক, লেখক এবং প্রবীণ উইকিমিডিয়ান। তার বক্তব্যে তিনি ডিজিটাল জ্ঞানের পরিবর্তনশীল প্রেক্ষাপটের কথা বলেন এবং কিভাবে বাংলা উইকিপিডিয়া অপ্রতিনিধিত্বশীল সংস্কৃতি ও ইতিহাসকে নথিবদ্ধ করার মাধ্যমে জ্ঞানের ঘাটতি পূরণ করতে পারে সে সম্পর্কে আলোকপাত করেন। তিনি পুরাতন এবং আধুনিক বাংলা বানানরীতির সূক্ষ্ম বিষয়য়াদি এবং উইকিপিডিয়ার সেগুলোর প্রাসঙ্গিকতা নিয়েও বিশদ আলোচনা করেন। এছাড়া উইকিমিডিয়া ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মারিয়ানা ইস্কানদার তার একটি অনুপ্রেরণামূলক ভিডিও বার্তার মাধ্যমে সম্মেলনের সফলতা কামনা করেন এবং বাংলা সম্প্রদায়ের সকল উইকিমিডিয়ানকে তাদের অবদানের জন্য কৃতজ্ঞতা জানান।

দক্ষতা উন্নয়ন সেশন

বাংলা উইকিসম্মেলন ২০২৪-এ অংশগ্রহণকারী। ছবি: মহীন রীয়াদ, সিসি বাই-এসএ ৪.০, উইকিমিডিয়া কমন্স।

সম্মেলনে এমন একাধিক সেশন আয়োজন করা হয়েছিল যা অংশগ্রহণকারীদের দক্ষতা উন্নয়নে সহায়ক ভুমিকা রাখে। এসব হাতে-কলমে শেখার কার্যক্রমগুলোর অন্তর্ভুক্ত ছিল:

১. উইকিউপাত্তের লেক্সিম তৈরি এবং উইকিঅভিধানের ভুক্তি মডেলিং: সেশনে উইকিউপাত্তে ভাষাগত উপাত্ত (লেক্সিকোগ্রাফিক ডেটা) তৈরি ও ব্যবস্থাপনার প্রক্রিয়া এবং উইকিঅভিধানের কাঠামোর সাথে এটি সামঞ্জস্যপূর্ণ করার উপায় নিয়ে আলোচনা করা হয়। লেক্সিমের (লেমা, ফর্ম, সেন্স) বিভিন্ন উপাদান কিভাবে তৈরি এবং মডেল করা যায় তা নিয়ে বিশদ আলোচনা করা হয়, যা ভাষাতাত্ত্বিক তথ্য সঠিকভাবে উপস্থাপন করতে সহায়ক। পাশাপাশি, উইকিঅভিধানের বিষয়বস্তু উইকিউপাত্তে যুক্ত করার সেরা পদ্ধতিগুলোও আলোচনা করা হয়, যা বহুভাষিক প্রকল্পগুলোর জন্য ভাষাতাত্ত্বিক ডেটাসেট সমৃদ্ধ করতে সহায়তার পাশাপাশি আন্তঃকার্যক্ষমতা বৃদ্ধি করবে। 

২. টহলদানের ভবিষ্যত: সেশনটি উইকিমিডিয়া প্রকল্পে টহলদানের প্রক্রিয়ার পরিবর্তনশীল অবস্থার উপর দৃষ্টি নিবদ্ধ করে। এতে টহলদান সরঞ্জাম ব্যবহারের কৌশল, অস্থায়ী অ্যাকাউন্টের ধারণা এবং এই বৈশিষ্ট্য (ফিচার) চালুর পর টহলদান প্রক্রিয়ার পরিবর্তনের সম্ভাবনা তুলে ধরা হয়। এছাড়াও, স্বয়ংক্রিয় মডারেশনের উন্নয়ন, যেমন ধ্বংসপ্রবণতা শনাক্ত ও ফিরিয়ে নেওয়ার স্বয়ংক্রিয় সরঞ্জামের ব্যবহার, কিভাবে প্রযুক্তি সম্প্রদায়ের প্রচেষ্টাকে সমর্থন করতে পারে তা তুলে ধরা হয়।

৩. যান্ত্রিক অনুবাদের চ্যালেঞ্জ, সমস্যা এবং সমাধান: সেশনে নতুন সম্পাদকরা উইকিপিডিয়ার নিবন্ধ অনুবাদের সময় যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হন সেগুলো নিয়ে আলোচনা করা হয়। যান্ত্রিক-অনুবাদকৃত বিষয়বস্তু কিভাবে পাঠযোগ্যতা হারায় এবং মুল বক্তব্য অনুধাবন দূরহ করে তোলে এমন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। সেশনটি ব্যবহারিক সমাধান প্রদান করে, যা সম্পাদকদের অনুদিত নিবন্ধগুলোকে পরিমার্জন এবং উন্নত করতে সহায়ক এবং সেগুলো উইকিপিডিয়ার মানদণ্ড পূরণ করে এবং ভাষাগত নির্ভুলতা ও স্পষ্টতা বজায় রাখে।

৪. তথ্যসূত্র উন্নয়ন: সেশনে নির্ভরযোগ্য ও গুরুত্বপূর্ণ সূত্র সনাক্তকরণ, মূল্যায়ন এবং নিবন্ধে অন্তর্ভুক্ত করার কৌশল শেখানো হয়। এতে কিভাবে নির্ভরযোগ্য, প্রামাণিক এবং প্রাসঙ্গিক সূত্র নির্বাচন করতে হয় তার কৌশলগুলোও অন্তর্ভুক্ত ছিল।

এই সেশনগুলো বিশেষত তরুণ সম্পাদকদের জন্য অত্যন্ত ফলপ্রসূ ছিল। অনেকেই তাদের নতুন শেখা জ্ঞান উইকিমিডিয়া প্রকল্পে প্রয়োগ করার ব্যাপারে উচ্ছ্বাস প্রকাশ করেন।

চ্যালেঞ্জের গল্প: মুক্ত আলোচনা

সম্মেলনের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ ছিল মুক্ত আলোচনা, যেখানে অংশগ্রহণকারীরা বাংলা উইকিপ্রকল্প, যেমন উইকিঅভিধান, উইকিউক্তি, উইকিবই, উইকিভ্রমণ এবং উইকিসংকলন নিয়ে তাদের অভিজ্ঞতা এবং মতামত ভাগ করেন। এই পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় সেশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়, যার মধ্যে ছিল- বিষয়বস্তুর গুণগত মান উন্নত করার কৌশল, সম্পাদকদের ধরে রাখা এবং তাদের সম্পৃক্ত করার উপায়, সম্পাদনার প্রযুক্তিগত সীমাবদ্ধতা দূর করা এবং সম্প্রদায় সম্প্রসারণের জন্য কার্যকর প্রচারণা কৌশল উদ্ভাবন। আলোচনায় অংশগ্রহণকারীরা তাদের সম্মুখীন হওয়া বাস্তব চ্যালেঞ্জগুলো তুলে ধরেন  এবং এসব চ্যালেঞ্জ মোকাবিলার জন্য বাস্তবসম্মত পদক্ষেপ নিয়েও আলোচনা হয়। এতে অংশগ্রহণকারীদের মধ্যে সহযোগিতা এবং উদ্ভাবনী চিন্তাধারাকে উৎসাহিত করা হয়, যা উইকিমিডিয়ার সামগ্রিক বাস্তুতন্ত্রকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সম্মেলনের এক প্যানেল আলোচনায় উইকিমিডিয়া বাংলাদেশের কার্যক্রম বিকেন্দ্রীকরণ এবং আঞ্চলিক সম্প্রদায় উদ্যোগগুলো শক্তিশালী করার লক্ষ্যে চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোকপাত করা হয়। এতে চট্টগ্রাম উইকিমিডিয়া সম্প্রদায়, রাজশাহী উইকিমিডিয়া সম্প্রদায় এবং ময়মনসিংহ উইকিমিডিয়া সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেন। তারা তাদের সম্প্রদায়ের অনন্য চ্যালেঞ্জ, সংগ্রাম এবং অভিজ্ঞতা তুলে ধরেন এবং এই সমস্যাগুলোর সমাধান খুঁজতে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন। প্যানেল আলোচনায় স্থানীয় সম্প্রদায়গুলোর মধ্যে সহযোগিতা বাড়ানো, প্রচারণা কার্যক্রম উন্নত করা এবং নিজ নিজ অঞ্চলে টেকসই উন্নয়ন নিশ্চিত করার সম্ভাবনা নিয়ে আলোকপাত করা হয়। অংশগ্রহণকারীরা উইকিমিডিয়ার লক্ষ্য আরও কার্যকরভাবে এগিয়ে নেওয়ার লক্ষ্যে স্থানীয় সম্প্রদায়কে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

বাংলা উইকিসম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল বাংলা উইকিপিডিয়ার প্রশাসকদের প্যানেল আলোচনা। যেখানে প্রশাসকরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন, যার মধ্যে অন্তর্ভুক্ত ছিল: প্রশাসনিক সমস্যা ও সমাধান, মেশিন-অনুদিত নিবন্ধ নিয়ে উদ্ভূত চ্যালেঞ্জ ও সমাধান এবং প্রশাসকদের ভূমিকার সামগ্রিক তাৎপর্য। আলোচনায় জেনারেটিভ এআই বিষয়টিও বিশেষ গুরুত্ব পায়, যা বাংলা উইকিপিডিয়ার গুণগত মান এবং প্রামাণিকতার জন্য একটি সম্ভাব্য হুমকি হিসেবে উঠে আসে। প্রশাসকরা এটিকে আশীর্বাদ হিসেবে দেখার পরিবর্তে বাংলা উইকিপিডিয়ার মান ও প্রামাণিকতার জন্য সম্ভাব্য হুমকি হিসেবে চিহ্নিত করেন এবং এর প্রভাব নিয়ে বিশদ আলোচনা করেন। যা বাংলা উইকিপিডিয়ার স্বচ্ছতা, গুণগত মান বজায় রাখা এবং ভবিষ্যৎ উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ অন্তর্দৃষ্টি প্রদান করেছে।

উদ্ভাবন এবং সহযোগিতা উদযাপন

বাংলা উইকিসম্মেলন ছিল সম্প্রদায় সদস্যদের দ্বারা পরিচালিত উদ্ভাবনী প্রকল্পগুলো প্রদর্শনের চমৎকার স্থান। সম্মেলনে বিশেষভাবে যে উদ্যোগগুলো তুলে ধরা হয়, সেগুলো হল:

  • বাংলা উইকিমৈত্রী, বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে কাজ করে এমন আন্তর্জাতিক আন্তর্জাল, যা বাংলাভাষী উইকিমিডিয়া সম্প্রদায়, সহযোগী এবং অনানুষ্ঠানিক গোষ্ঠীগুলির মধ্যে বিষয়ভিত্তিক-ভাষাগত সমন্বয় এবং পারস্পরিক সহযোগিতা প্রদানের কাজ করে।
  • উইকিনন্দিনী: বাংলাদেশের উইকিমিডিয়া আন্দোলনে নারীদের অংশগ্রহণ বাড়াতে কাজ করে। এই উদ্যোগটি নারীদের জন্য একটি নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক এবং সহযোগিতামূলক পরিবেশ তৈরির লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে।
  • বাংলার প্রেমে উইকি: বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য বিষয়ক বার্ষিক আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা। এটি বাংলা উইকিমৈত্রীর বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ কর্মসূচির অংশ হিসেবে প্রতি বছর ভিন্ন বিষয়ের উপরে আয়োজিত হয়।
  • উইকি লাভস বাটারফ্লাই: গত সাত বছর ধরে চলমান এই প্রকল্প প্রজাপতি সংক্রান্ত জ্ঞান, শিক্ষা এবং অভিজ্ঞতাগুলো ডিজিটাল মাধ্যমে সংরক্ষণের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একইসঙ্গে এটি উইকিমিডিয়া আন্দোলনের মূল লক্ষ্যগুলো সমৃদ্ধ করার পাশাপাশি জ্ঞান ও শিক্ষার বিস্তার এবং বৈশ্বিক সচেতনতা তৈরিতে অবদান রাখছে।
  • উইকিবার্তা: উইকিপিডিয়া এবং বৈশ্বিক উইকিমিডিয়া সম্প্রদায়ের সংবাদ নিয়ে বাংলা ভাষায় প্রকাশিত একটি সাময়িকী। উইকিবার্তা যাত্রা শুরু করেছে বাংলা ভাষাভাষী উইকিপিডিয়া সম্প্রদায়কে উইকিপিডিয়ার সহপ্রকল্প ও উইকিমিডিয়া আন্দোলনের  কার্যক্রম ও ঘটনা সম্পর্কে জানাতে।

এই প্রকল্পগুলোর মাধ্যমে উদ্ভাবন, সহযোগিতা এবং উইকিমিডিয়া আন্দোলনের মূল লক্ষ্যগুলো এগিয়ে নিতে যে ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে তার কিছু শক্তিশালী উদাহরণ প্রতিষ্ঠা হয়।

সম্মেলনের সহযোগিতামূলক চেতনা স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে, যেখানে অংশগ্রহণকারীরা সক্রিয়ভাবে নেটওয়ার্কিংয়ে অংশ নেন এবং নতুন অংশীদারিত্ব গড়ে তোলেন, যা ভবিষ্যতে সম্প্রদায়ের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এআই-সমন্বিত বাংলা ভাষা প্রযুক্তি

বাংলা ভাষা প্রযুক্তির বিবর্তন ও ভবিষ্যত শীর্ষক একটি সেশনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং বাংলা ভাষার সংযোগ নিয়ে বিস্তর আলোচনা করা হয়। সেশনে কলা ও মানববিদ্যার গবেষক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক মামুন অর রশীদ কিভাবে উইকিপিডিয়ার মতো বড় প্ল্যাটফর্মগুলো এআই সরঞ্জাম প্রশিক্ষণের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে এবং উইকিমিডিয়ানরা এতে কিভাবে অবদান রাখছেন তা তুলে ধরেন। তিনি বলেন, এআই কিভাবে বাংলা ভাষা প্রক্রিয়াকরণকে রূপান্তরিত করছে। তিনি এআই বাংলা ভাষা প্রক্রিয়াজাতকরণে, যেমন যান্ত্রিক অনুবাদ, কণ্ঠস্বীকৃতি এবং অনুভূতি বিশ্লেষণের অগ্রগতি সম্পর্কে আলোকপাত করেন। একইসঙ্গে তিনি দ্রুত ডিজিটালাইজ হতে থাকা এই পৃথিবীতে বাংলা ভাষার সূক্ষ্ম বৈশিষ্ট্যগুলো সংরক্ষণের সম্ভাবনাও তুলে ধরেন।

বাংলা উইকিপিডিয়ার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ভারত ও নেপাল থেকে আগত উইকিমিডিয়ানরা বাংলা উইকিপিডিয়ার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটছেন।
ছবি: মহীন রীয়াদ, সিসি বাই-এসএ ৪.০, উইকিমিডিয়া কমন্স।

বাংলা উইকিসম্মেলনের সমাপনী অনুষ্ঠানের স্মরণীয় মুহূর্ত ছিল বাংলা উইকিপিডিয়ার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। এই মাইলফলক অসংখ্য স্বেচ্ছাসেবকের অক্লান্ত পরিশ্রম ও অবদানের এক উজ্জ্বল উদাহরণ, যারা বাংলা উইকিপিডিয়া গঠনে এবং সম্প্রসারণে অবিচল প্রচেষ্টা এবং অবদান রেখেছেন। পূর্বে, বাংলাদেশের চারটি প্রধান শহরে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছিল, যা বাংলা উইকিসম্প্রদায়ের সহযোগিতার চেতনা এবং আঞ্চলিক বিকাশের প্রকাশ। এই উদযাপনে উইকিপিডিয়ান, উইকিঅনুরাগী এবং উইকিপিডিয়া আন্দোলনের সমর্থকরা একত্রিত হয়ে গত দুই দশকের অর্জনগুলোর ওপর আলোকপাত করেন এবং ভবিষ্যতে আরও অবদান রাখার জন্য অনুপ্রাণিত হন। এই আয়োজন শুধু অতীতের সাফল্যের দিকে ফিরে তাকানোই নয়, বরং এটি ছিল বাংলা উইকিপিডিয়ার উত্তরাধিকারের ভিত্তি আরও সমৃদ্ধ করার আহ্বান।

বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর ফলাফল

বাংলা উইকিসম্মেলন ২০২৪ ইতোমধ্যেই বাংলা উইকিসম্প্রদায়ের মধ্যে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। সম্মেলনের কিছু সাফল্য এবং অর্জন:

১. সম্প্রদায়ের বন্ধন দৃঢ়করণ: সম্মেলন উইকিমিডিয়ানদের মধ্যেকার সম্পর্ক দৃঢ় হয়েছে, যা ভবিষ্যতে বাড়তি সহযোগিতার পথ প্রশস্ত করবে।

২. বাস্তবায়নযোগ্য রোডম্যাপ: বিষয়বস্তু ঘাটতি, প্রযুক্তিগত চ্যালেঞ্জ এবং সম্পাদক ধরে রাখার মতো সমস্যাগুলোর সমাধানে সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করা হয়েছে। উদাহরণস্বরূপ, প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিতকরণে টাস্কফোর্স গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

৩. দক্ষতা উন্নয়ন: সম্মেলনের কর্মশালা থেকে অংশগ্রহণকারীদের উইকিমিডিয়া প্রকল্পে আরও উন্নত অবদান রাখার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং জ্ঞান লাভ করে।

৪. দৃশ্যমানতা বৃদ্ধি: সম্মেলনের মিডিয়া কাভারেজ বাংলা উইকিপিডিয়ার প্রতি জনসাধারণের আগ্রহ বৃদ্ধি করেছে যা আরও বেশি মানুষকে উইকিপিডিয়া অন্বেষণ এবং উইকিপিডিয়ায় অবদান রাখতে অনুপ্রাণিত করেছে।

৫. টেকসই উদ্যোগ: বাংলা উইকিমৈত্রী, বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ কর্মসূচি, উইকিনন্দিনী এবং বাংলার প্রেমে উইকির মতো প্রকল্প ও উদ্যোগগুলো সম্প্রদায়ের দীর্ঘমেয়াদি সহায়তার প্রতিশ্রুতি লাভ করে। সম্মেলনের সমাপ্তি মুহূর্তে অংশগ্রহণকারীরা প্রকল্পগুলোর ভবিষ্যৎ নিয়ে নতুন উদ্দীপনা এবং আশাবাদ প্রকাশ করেন।

ভবিষ্যত দৃষ্টি

বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর আয়োজক দল। ছবি: নাহিদ হোসেন, সিসি বাই-এসএ ৪.০, উইকিমিডিয়া কমন্স।

এই অর্জনগুলো বাংলা উইকিসম্প্রদায়ের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করার পাশাপাশি উইকিমিডিয়া আন্দোলনের লক্ষ্য বাস্তবায়নে নতুন গতি সঞ্চার করেছে। এই মিলনানুষ্ঠান পারস্পরিক সহযোগিতামূলক শক্তি দিয়ে চ্যালেঞ্জ অতিক্রম করার সম্ভাবনা তুলে ধরেছে এবং বৈচিত্র্যের গুরুত্বকে আলোকিত করেছে, যা বৈশ্বিক উইকিমিডিয়া আন্দোলনকে সমৃদ্ধ করতে বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

সমাপ্তি বক্তব্য

উইকিমিডিয়া আন্দোলন এবং রাজনৈতিক দর্শন: সচেতনতামূলক সংক্ষিপ্ত আলাপ। ছবি: মহীন রীয়াদ, সিসি বাই-এসএ ৪.০, উইকিমিডিয়া কমন্স।

সমাপনী অনুষ্ঠানে, উইকিমিডিয়া বাংলাদেশের সভাপতি শাবাব মুস্তাফা তার অন্তর্দৃষ্টিপূর্ণ বক্তব্য রাখেন, যার বিষয়বস্তু ছিল “উইকিমিডিয়া আন্দোলন এবং রাজনৈতিক দর্শন”। তিনি উইকিমিডিয়া আন্দোলনকে মানবজাতির সম্মিলিত জ্ঞান উন্মুক্ত করার দর্শনের ওপর ভিত্তি করে একটি বৈশ্বিক উদ্যোগ হিসেবে চিত্রিত করেছেন। বক্তব্যে তিনি উল্লেখ করেন যে, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ১০.৬-এর অধীনে তথ্যের অধিকার এখন একটি মৌলিক মানবাধিকার হিসেবে স্বীকৃত, যা এই আন্দোলনের রাজনৈতিক মাত্রা তুলে ধরে। তার উপস্থাপনাটি এই নীতিগুলির সাথে সম্পর্কিত প্রভাব, ঘটনাবলী এবং আলোচনা সংক্ষেপে তুলে ধরেছে, যা উইকিপিডিয়ানদের মধ্যে বৃহত্তর সচেতনতা সৃষ্টি করতে এবং তাদের এই পরিবর্তনশীল দৃষ্টিভঙ্গি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রেরণা জোগাতে সহায়তা করবে।

ছবি: মাসুম-আল-হাসান, সিসি বাই-এসএ ৪.০, উইকিমিডিয়া কমন্স।

সম্মেলন থেকে প্রাপ্ত গতি ও উদ্দীপনা আগামিতে সম্প্রদায়কে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ভবিষ্যতে এমন আরও অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। এই উদ্যোগ নিঃসন্দেহে বাংলা উইকিপিডিয়া এবং এর সহায়ক প্রকল্পগুলিকে আরও অন্তর্ভুক্তিমূলক, প্রবেশযোগ্য এবং প্রভাবশালী করতে সহায়ক হবে।

বাংলা উইকিসম্মেলন ২০২৪ প্রথমবারের মতো এমন একটি সম্মেলন হিসেবে ভবিষ্যতের আয়োজনগুলোর জন্য উচ্চমান নির্ধারণ করেছে। অংশগ্রহণকারীরা যে উদ্যম দেখিয়েছে এবং প্রতিশ্রুতি দিয়েছে তা প্রমাণ করে যে মুক্ত জ্ঞান আন্দোলন সম্প্রদায়-নির্ভর প্রচেষ্টার ওপর নির্ভর করেই সফলতা লাভ করবে।

বাংলা উইকিসম্প্রদায়ের জন্য এই সম্মেলন কেবল একটি আয়োজন নয়, বরং এটি ছিল অভিন্ন লক্ষ্য উদযাপন, সম্মিলিত পরিচয়ের পুনর্ব্যক্তি এবং জ্ঞানের রূপান্তরমূলক শক্তির স্মারক।

পরিশেষে, সংশ্লিষ্ট সবার নিবেদন ও কঠোর পরিশ্রম ছাড়া বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর সাফল্য সম্ভব হতো না। আন্তরিক ধন্যবাদ জানাই মূল আয়োজক দলকে, যাদের দূরদৃষ্টি এবং পরিকল্পনা এই আয়োজনকে বাস্তব রূপ দিয়েছে। কৃতজ্ঞতা প্রকাশ করছি আয়োজক দলের প্রতি, যাদের প্রচেষ্টায় সম্মেলনটি সুচারুভাবে সম্পন্ন হয়েছে। বিশেষ ধন্যবাদ জানাই নবীন, উদ্যমী উইকিমিডিয়ানদের, উইকিমিডিয়া বাংলাদেশ এবং আঞ্চলিক সম্প্রদায়গুলোকে, যাদের অবদান এই সম্মেলনকে আরও সমৃদ্ধ করেছে। এছাড়া, উইকিমিডিয়া ফাউন্ডেশনের উদার সমর্থন ও দিকনির্দেশনার প্রতি কৃতজ্ঞতা জানাই, যা এই সম্মেলন সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

উইকিবার্তা
Translate »
Share This