বাংলা উইকিসম্মেলন ২০২৪ দলগত ছবি। ছবি: উইকিমিডিয়া বাংলাদেশ/সিসি বাই-এসএ ৪.০

জীবনের প্রতিটি মুহূর্তই এক একটি গল্প হয়ে ওঠে। কিন্তু কিছু অভিজ্ঞতা, কিছু ভ্রমণ, কিছু মুহূর্ত এমন থাকে যা হৃদয়ের গভীরে গেঁথে যায়। বারবার সেই স্মৃতি আমাদের মনের আঙিনায় ভেসে ওঠে। বাংলা উইকি সম্মেলন ২০২৪-এর স্মৃতি আমার জীবনে তেমনই এক অনন্য অভিজ্ঞতা, যা আনন্দ, শেখা এবং নতুন মানুষের সাথে সংযোগের এক অসাধারণ উপাখ্যান হয়ে থাকবে।

সম্মেলনের তারিখ জানার পর থেকেই আমার মধ্যে এক নতুন উত্তেজনা কাজ করছিল। বাংলা উইকিপিডিয়ার সাথে যুক্ত থাকার অভিজ্ঞতা আমাকে কয়েক মাস আগে থেকেই বিভিন্ন মানুষের সাথে কাজ করার সুযোগ করে দিয়েছে। কিন্তু এই সম্মেলনে অংশগ্রহণের সুযোগ ছিল এক ভিন্নধর্মী অভিজ্ঞতা। এটি শুধু একটি জ্ঞানভিত্তিক আয়োজন নয় বরং এটি ছিল উইকিপিডিয়ানদের এক মিলনমেলা। বাংলাদেশ, ভারত ও নেপাল থেকে অংশগ্রহণকারীদের সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে মনে হলো এটি কেবল একটি সম্মেলন নয় বরং একটি সুন্দর বন্ধন তৈরির ক্ষেত্র। কিছু ভালো বন্ধু আমি পেয়েছি। 

ড্রিম স্কয়ার রিসোর্টে সম্মেলন আয়োজন করা হয়েছিল। রাজশাহী থেকে রিসোর্টে ভ্রমণের পথে পথে প্রকৃতির সৌন্দর্য যেন আমায় মুগ্ধ করেছিল। চারপাশে সবুজের ছায়া, গাজীপুরের সবুজ বন, তাজা বাতাস মনে করিয়ে দিচ্ছিল এই ভ্রমণ কেবল জ্ঞানের নয়, মননেরও। প্রথম দিন থেকেই সম্মেলনের পরিবেশ আমাকে অনুপ্রাণিত করে। উদ্বোধনী অনুষ্ঠানে সকলের মধ্যে যে উৎসাহ-উদ্দীপনা দেখেছিলাম তা সত্যিই অসাধারণ। বক্তাদের বক্তব্য থেকে অনেক নতুন তথ্য ও ধারণা পেয়েছি। বিশেষ করে বাংলা উইকিপিডিয়ায় কন্টেন্টের মানোন্নয়ন, উইকিনন্দিনীর কার্যক্রম এবং উইকিবই নিয়ে আলোচনাগুলো ছিল খুবই শিক্ষণীয়। একটি সেশনে আলোচনার বিষয়বস্তু ছিল, কীভাবে বাংলা ভাষার সমৃদ্ধ সাহিত্য ও সংস্কৃতি আরও বেশি মানুষকে উপস্থাপন করা যায়। আলোচনায় অংশ নিয়ে বুঝলাম, এই প্ল্যাটফর্মটি কেবল তথ্য সংগ্রহের জায়গা নয়, বরং ভাষা, সংস্কৃতি ও ইতিহাসকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার একটি মাধ্যম। এই চিন্তাগুলো আমাকে আরও অনুপ্রাণিত করেছে নতুন বাংলা ভুক্তি তৈরি করতে।

উইকিনন্দিনীর সদস্য। ছবি: শাকিল হোসেন/সিসি বাই-এসএ ৪.০

সম্মেলনের সবচেয়ে মূল্যবান দিকটি ছিল বিভিন্ন দেশের উইকিমিডিয়ানদের সঙ্গে দেখা ও কথা বলার সুযোগ। যেহেতু আমি নতুন, খুব বেশি উইকিপিডিয়ানদের সাথে পরিচয় ছিলো না। তবুও অল্প যে কয়েকজনের সাথে এতদিন ভার্চুয়ালি কাজ করেছি, তাদের সাথে সরাসরি আলাপ হওয়াটা ছিল এক অন্যরকম অনুভূতি। নেপাল ও ভারতের উইকিমিডিয়ানদের সঙ্গে বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা এবং তাদের কাজের পদ্ধতি সম্পর্কে জানা ছিল খুবই অনুপ্রেরণামূলক। সম্মেলনের একটি বিশেষ মুহূর্ত ছিল গোষ্ঠীভিত্তিক বিভিন্ন সেশন। এখানে আমরা দলবদ্ধ হয়ে নতুন চিন্তা নিয়ে আলোচনা করেছি। এইসব আলোচনার মাধ্যমে বুঝলাম, একক প্রচেষ্টা নয়, সম্মিলিত সহযোগিতাই আমাদের কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে।

সম্মেলনের আনুষ্ঠানিকতার বাইরে ড্রিম স্কয়ার রিসোর্টের প্রাকৃতিক পরিবেশ যেন সম্পূর্ণ অভিজ্ঞতাকে আরও সুন্দর করে তুলেছিল। বিকেলের আলোয় রিসোর্টের লেকের ধারে বসে সুহৃদদের সাথে গল্প, হাসি-মজা এবং ছবি তোলা ছিল এক অমূল্য অভিজ্ঞতা। আমি বুঝতে শুরু করলাম আমাদের মধ্যে ভিন্নতা থাকলেও কিছু অভিন্ন সুর রয়েছে। সম্মেলনের শেষ দিনটি ছিল কিছুটা আবেগঘন। বিদায়ের সময় সবার মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ আবহ তৈরি হয়েছিল। মনে হচ্ছিল এই কয়েকদিনের অভিজ্ঞতা যেন অনেক দিনের বন্ধুত্বে রূপ নিয়েছে। সম্মেলন শেষে ফিরে আসার পথে বারবার সেই মুহূর্তগুলো মনের মধ্যে ভেসে উঠছিল। নতুন কিছু শিখেছি, নতুন মানুষদের সাথে চিন্তার সংযোগ করেছি এবং উইকিপিডিয়ায় কাজ করার নতুন অনুপ্রেরণা পেয়েছি।

বাংলা উইকি সম্মেলন ২০২৪ কেবল একটি ভ্রমণ বা সম্মেলন নয়, এটি ছিল আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এখানে পাওয়া জ্ঞান, অভিজ্ঞতা এবং নতুন ভাবনা আমাকে আরও উদ্যমী করেছে। এটি আমাকে শিখিয়েছে কেবল নিজের জন্য নয়, বৃহত্তর সমাজের জন্য কাজ করাই আমাদের আসল দায়িত্ব। এই স্মৃতি চিরকাল আমার হৃদয়ে থাকবে এবং প্রতিনিয়ত আমার কাজকে অনুপ্রাণিত করবে।

শেষ কথা, স্মৃতির আয়নায় ভেসে ওঠা প্রতিটি মুহূর্তে বিভিন্ন মানুষের নাম মনে পড়েছে। আমি খুব সচেতন ভাবে সকলের নাম এড়িয়ে গেলাম। এই সম্মেলন আমাকে শিখিয়েছে স্মৃতি কেবল সময় ও মানুষের গণনার মধ্যে সীমাবদ্ধক নয়, বরং তা অনেক মানুষের স্মৃতির সংকলন। আমি সবাইকেই মনে রাখতে চাই এভাবেই।

উইকিবার্তা
Translate »
Share This