ময়মনসিংহ উইকিমিডিয়া সম্প্রদায়। ছবি: মহীন রীয়াদ / সিসি-বাই-এসএ
ময়মনসিংহ উইকিমিডিয়া সম্প্রদায় ২০২২ সাল থেকে অনলাইন ও অফলাইন নানা কার্যক্রমের আয়োজন করে আসছে। ২০২৪ সালে বিভিন্ন সময়সূচিতে আয়োজন করেছে। একাধিক এই কার্যক্রমগুলো উইকিপিডিয়া এবং উইকিমিডিয়ার প্রকল্পগুলোকে আরও সমৃদ্ধ করেছে। আঞ্চলিক সম্প্রদায়ে যুক্ত হয়েছে কাজের নতুনত্ব।
জানুয়ারিতে কেক কেটে উইকিপিডিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের মাধ্যমে বছরের কার্যক্রম শুরু হয়। এই আয়োজনে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকরা উইকিপিডিয়ার গুরুত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন এবং নবাগতদের উৎসাহিত করার চেষ্টা করেন। নেত্রকোণা সদর উপজেলায় এই আয়োজনটি সম্পন্ন হয়। এখানে উপস্থিত ছিলো সক্রিয় উইকিপিডিয়ানসহ শিক্ষক ও আগ্রহী ব্যক্তিরা।
২১ ফেব্রুয়ারি বিশেষ দিনটি নেত্রকোণায় বকুলতলা চত্বরে একুশে সমাবেশের মাধ্যমে উদযাপিত হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে আয়োজিত এই সমাবেশে বাংলা ভাষায় উইকিপিডিয়ার ভূমিকা এবং নতুন নিবন্ধ তৈরির গুরুত্ব নিয়ে আলোচনা হয়।
৮ জুন আয়োজিত হয় সম্প্রদায়ের একটি অনলাইন আড্ডা। জুম অ্যাপে আয়োজিত এই আড্ডায় ময়মনসিংহ উইকিমিডিয়া সম্প্রদায়ের সদস্যগণ বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণ করেন। এখানে উইকিপিডিয়া সম্পাদনার অভিজ্ঞতা, চ্যালেঞ্জ এবং সমাধান নিয়ে নানাবিধ আলোচনা করা হয়। ভবিষ্যৎ পরিকল্পনা হিসাবে জামালপুর ফটোওয়াক করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই ফটোওয়াক করা হলে ময়মনসিংহ বিভাগের ৩টি জেলার ছবি কমন্সে আপলোড করা হবে।
সেপ্টেম্বর মাসে নেত্রকোনায় একটি ফটোওয়াকের আয়োজন করা হয়। এই ফটোওয়াকটি করা হয়েছিলো বিশেষ কারনে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরে যেসব গ্রাফিতি আঁকা হয়েছে সেগুলোকে ক্যামেরায় ধারণ করে উইকিমিডিয়া কমন্সে আপলোড করা হয়। নেত্রকোণার ৫ জন উইকিপিডিয়ান যুক্ত হয়েছেন। এই ফটোওয়াক থেকে ২৭৮টি ছবি কমন্সে আপলোড করা হয়।
একই রকম আরেকটি ফটোওয়াক অক্টোবর মাসে জামালপুরে অনুষ্ঠিত হয়। এতে জামালপুরের ঐতিহাসিক স্থান, ভবন, ধর্মীয় উপাসনালয় এবং প্রাকৃতিক দৃশ্য ফটোগ্রাফির মাধ্যমে সংরক্ষণ করা হয়। এই আয়োজনে চেষ্টা করা হয়েছে সম্প্রদায়ের সক্রিয় উইকিপিডিয়ানদের একত্রিত করানো। এই আয়োজনে ৬জন উইকিপিডিয়ান ও ২জন আগ্রহী ব্যক্তি যুক্ত ছিলেন। ময়মনসিংহ, নেত্রকোণা, ঈশ্বরগঞ্জ, শেরপুর থেকে উইকিপিডিয়ানরা ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে মিলিত হয় তারপরে ট্রেন যোগে জামালপুরে যান। এই ফটোওয়াক থেকে ১৯০টি ছবি কমন্সে আপলোড করা হয়।
সর্বশেষ নভেম্বর মাসে ‘বাংলা উইকিসম্মেলন ২০২৪’ এ ময়মনসিংহ উইকিমিডিয়া সম্প্রদায়ের ৮জন উইকিপিডিয়ান অংশ নিয়েছেন। এই সম্মেলনে ‘বাংলাদেশে উইকিমিডিয়া বাংলাদেশের কার্যক্রমের বিকেন্দ্রীকরণ বা আঞ্চলিক সম্প্রদায়ের কার্যক্রমের চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ একটি প্যানেল আলোচনা ছিলো। সেখানে ৩টি আঞ্চলিক সম্প্রদায়ের সমন্বয়ক আলোচনা করেছেন। ময়মনসিংহ সম্প্রদায় থেকে দোলন প্রভা সম্প্রদায়ের কার্যক্রম পরিচালনার চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে কথা বলেন।
ময়মনসিংহ উইকিমিডিয়া সম্প্রদায়ের এসব কার্যক্রম নতুন স্বেচ্ছাসেবকদের আকৃষ্ট করেছে এবং স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে বিশ্বকোষে তুলে ধরার সুযোগ তৈরি করেছে। ২০২৪ সাল জুড়ে এই আয়োজনগুলো সম্প্রদায়ের সদস্যদের মধ্যে সহযোগিতা ও উৎসাহ বৃদ্ধি করেছে, যা ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনায় বিশেষ সহায়ক হবে।
