প্রতিযোগিতায় সেরা দশটি ছবি। ছবি: মহীন রীয়াদ

‘উদ্যোগ’ শব্দটি অভিধান থেকে যখন বাস্তব ক্ষেত্রে আসে তখন চমৎকার কিছু ঘটনা ঘটে। এটা থেকেই একদল তরুণ কাজে যুক্ত হতে পারে। উচ্ছ্বাস, উদ্দীপনা নিয়ে নতুন সৃষ্টিতে মনোযোগী হয়। উইকিপিডিয়া এমন একটি জায়গা, যেখানে অনেক নতুন কাজের ক্ষেত্র আছে। যে কেউ উদ্যোগ নিলেই হলো, একদল স্বেচ্ছাসেবক ঠিকই যুক্ত হয় এবং কাজ শুরু করে ফেলে।  

২০২২ সালে তেমনি একটি নতুন উদ্যোগ নিয়ে প্রতিষ্ঠিত হয় ‘বাংলা উইকিমৈত্রী’। এটাতে  উইকিমিডিয়া বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া ব্যবহারকারী দল সহযোগী হয়ে কাজ করছেন। বাংলা উইকিমৈত্রীর উদ্যোগে একটি আলোকচিত্র প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। যার নাম ‘বাংলার প্রেমে উইকি’। এই প্রতিযোগিতায় আমারও দুটি ছবি পুরস্কৃত হয়েছে। প্রতিযোগিতার ফলাফলটি জানার পরে আমি বেশ অবাক হয়েছিলাম। আমিও আছি এতজনের মাঝে। বেশ আনন্দের ছিলো ঘটনাটি। তখন আমার মনে হচ্ছিলো ছোটবেলায় শীতে নানী বাড়ির উনুনের কথা। বাড়িতে যখন শীত বরণের উৎসব হতো, তখন খুব ভোর থেকেই পিঠা পুলির আয়োজন শুরু হতো উনুন ঘরে। আমার কাছে সবচেয়ে আনন্দের ছিলো সন্ধ্যা থেকে দুধ কুলি বা পায়েশ তৈরির কাজে অংশ নেওয়া। সন্ধ্যাতেই এইসব মিষ্টান্ন বানানো হয়ে যেতো কিন্তু খেতে হতো সকালে। সারা রাত অপেক্ষায় থাকতাম মিষ্টি সকালের জন্য।

ভালো নিবন্ধ পর্যালোচনা অভিযান ২০২৪। ছবি: Zscout370/উইকিমিডিয়া কমন্স

এই প্রতিযোগিতায় অনেক ধরণের মিষ্টান্ন, পিঠা, পুলি, বাংলার ঐতিহ্যবাহী খাবারের ছবি এসেছে। এই ছবি নিজেদের শৈশব স্মৃতিও মনে করিয়ে দেয়। ছবিগুলো শুধু দেখতে সুন্দর এমনটা নয়; নিজেদের সংস্কৃতির বহিঃপ্রকাশের জন্য গুরুত্বপূর্ণ।

এরপরে আরো একটি উদ্যোগের কথা বলতে হয়, সেটা হলো ‘ভালো নিবন্ধ পর্যালোচনা’ বিষয়ক আয়োজন। আমরা কয়েকজন একদিন আলোচনা করেছি। তারপরে দেখা গেলো ধারাবাহিক ভাবে একের পরে এক কাজ হয়ে যাচ্ছে। যখন কোনো কাজের শুরুটা কেউ করে ফেলে তখন একে একে অনেকেই এগিয়ে আসে। কাজ করতে গিয়ে নানা সমস্যা হয় আবার সেগুলো নিজেদের মাঝে আলোচনা করেই সমাধানও হয়ে যায়। এই উদ্যোগের ফলে বাংলা উইকিপিডিয়ায় ৪৫টি ভালো নিবন্ধ মনোনীত হয়।

এছাড়াও আরো ছোট বড় বেশ কয়েকটি আয়োজন বিষয়ে এবারের উইকিবার্তাতে লেখা আছে। কোনো কাজ শুরু হয়, যতই ছোট হোক না কেন, সেটা যদি যৌথভাবে করা হয় তাহলে শেষে চমৎকার কিছু ঘটে। ভবিষ্যতে এমন সম্মিলিত আয়োজনের অপেক্ষায় সকলের সুস্থতা কামনা করছি।

ধন্যবাদান্তে

দোলন প্রভা   

১৯ অক্টোবর ২০২৪

উইকিবার্তা
Translate »
Share This