বাংলা উইকিসম্মেলন ২০২৪ শিরোলেখ। ছবি: মহীন রিয়াদ/ উইকিমিডিয়া কমন্স
আগামী ১৫-১৬ নভেম্বর গাজীপুরে বাংলা উইকিসম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত একটি আনুষ্ঠানিক স্বেচ্ছাসেবী সম্মেলন। বাংলাভাষী উইকিমিডিয়ানদের ব্যক্তিগতভাবে একত্র করার মধ্য দিয়ে তাদের মতামত বিনিময় করা ও উইকিমিডিয়া আন্দোলনে বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনার মাধ্যমে সাধারণ প্ল্যাটফর্ম প্রদান করাই সম্মেলনের অন্যতম লক্ষ্য। জ্ঞান, বৈচিত্র্য ও সহযোগিতা প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ, ভারতের উইকিমিডিয়ানদের নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
বাংলা উইকিসম্মেলন ২০২৪ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের লক্ষ্যে মূল আয়োজক দলের পাশাপাশি বৃত্তি পর্যালোচনা, অনুষ্ঠান বিন্যাস ও কার্য পরিচালন দল এবং উপদল গঠন করা হয়েছে।
উইকিমিডিয়া বাংলাদেশ এর পক্ষ থেকে বাংলাদেশ এবং ভারতে অবস্থানরত বাংলাভাষী অংশগ্রহণকারীদের জন্য বৃত্তির ব্যবস্থা করা হয়েছে। এই বৃত্তির আওতায় অংশগ্রহণকারীদের জন্য ভ্রমণ ভাতা ও থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে।
উইকিমিডিয়া আন্দোলনের অগ্রগতিতে এই সম্মেলনের ভূমিকা ও প্রত্যাশা নিয়ে উইকিমিডিয়া বাংলাদেশ এর সভাপতি শাবাব মোস্তফার নিকট জানতে চাইলে তিনি বলেন,
“বাংলা উইকি সম্মেলনের মূল উদ্দেশ্য হলো বাংলা উইকিমিডিয়া প্রকল্পগুলোর সক্রিয় উইকিমিডিয়ান এবং স্বেচ্ছাসেবকদের একত্রিত হবার এবং পরস্পরের সাথে সরাসরি সাক্ষাতের একটি প্ল্যাটফর্ম প্রদান করা। আমরা আশা করছি এই সম্মেলনের মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য আরো দৃঢ় হবে। এর পাশাপাশি পারস্পরিক সহযোগিতা বাড়ানো, দক্ষতা বিনিময়ের মাধ্যমে দক্ষতার উন্নয়ন, বিভিন্ন নীতিগত বিষয়াদি নিয়ে আলোচনা, সম্প্রদায়ের নানাবিধ উদ্যোগ প্রদর্শন ও অভিজ্ঞতা বিনিময়, শীর্ষ উইকিমিডিয়ানদের অবদান উদযাপন এবং আঞ্চলিক প্রেক্ষাপটে উইকিমিডিয়া আন্দোলনের কৌশল ২০৩০ প্রভৃতি বিষয়গুলো বাস্তবায়নের মধ্য দিয়ে উইকিমিডিয়া আন্দোলন আরো বেগবান হবার প্রয়াস পাবে।”
বাংলা উইকিসম্মেলনে অংশগ্রহণকারীদের জন্য সেশন উপস্থাপনের সুযোগ রেখেছে উইকিমিডিয়া বাংলাদেশ। অংশগ্রহণকারীরা প্রেজেন্টেশন, প্যানেল আলোচনা, হ্যাকাথনসহ ৮টি বিষয়ে সেশন জমা দিতে পারবেন, যা পরবর্তীতে অনুষ্ঠানবিন্যাস উপদলের মাধ্যমে যাচাই-বাছাই শেষে গৃহীত হবে৷
