
বাংলার প্রেমে উইকি ২০২৪ ব্যানার। ছবি: মহীন রিয়াদ/ উইকিমিডিয়া কমন্স
বাংলার প্রেমে উইকির কথা বলতে হলে শুরুতেই বলতে হয় ‘বাংলা উইকিমৈত্রী’-এর কথা। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে বাংলা ভাষাভাষী মানুষ সবচেয়ে বেশি বাস করে এবং বাংলার ইতিহাস, সংস্কৃতি এই অঞ্চলকে ঘিরেই গড়ে উঠেছে, তাই বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার জন্য তাদের সবার একসাথে কাজ করার বিকল্প নেই। এরই অংশ হিসেবে ২০২২ সালে প্রতিষ্ঠিত হয় ‘বাংলা উইকিমৈত্রী’, যা বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে সম্পর্কিত অথবা বাংলাভাষী উইকিমিডিয়া সম্প্রদায়, সহযোগী এবং অনানুষ্ঠানিক গোষ্ঠীগুলির মধ্যে বিষয়ভিত্তিক-ভাষাগত সমন্বয় এবং পারস্পরিক সহযোগিতার কাজ করে। বর্তমানে এই নেটওয়ার্কে দুইটি সহযোগী রয়েছে: উইকিমিডিয়া বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া ব্যবহারকারী দল।
বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য বাংলা উইকিমৈত্রীর প্রথম উদ্যোগ হচ্ছে ‘বাংলার প্রেমে উইকি‘, যা একটি আলোকচিত্র প্রতিযোগিতা, প্রথমবারের মত এ বছরের ১৫ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত মাসব্যাপী অনুষ্ঠিত হয়। বাংলার প্রেমে উইকির উদ্দেশ্য হচ্ছে বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যকে প্রতিনিধিত্ব করে এমন বিষয়বস্তুর উপর ভিত্তি করে প্রতি বছর ভিন্ন ভিন্ন বিষয়ের উপরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর প্রথম সংস্করণের বিষয় ছিল বাংলার খাবার, যার লক্ষ্য ছিল সারা বিশ্বে প্রাপ্ত বাংলা খাবারের ছবির গুণমান এবং পরিমাণের উন্নতি সাধনের মাধ্যমে বাঙালি রন্ধনশৈলীর বৈচিত্র্য তুলে ধরা। প্রতিযোগিতায় ২১২ জন অংশগ্রহণকারী ব্যক্তি মোট দুই হাজার ১১৮টি ছবি জমা দিয়েছিলেন। বিচারকরা তিনটি ধাপে পর্যালোচনা করে সেরা ১০টি আলোকচিত্র নির্বাচন করেন, প্রথম স্থান অর্জন করেন সোহেল, অন্যদিকে মুন্নি আক্তার মিমের তিনটি ছবি দ্বিতীয়, সপ্তম ও অষ্টম, দোলন প্রভার দু’টি ছবি তৃতীয় ও নবম এবং তাপস কুমার হালদারের দু’টি ছবি চতুর্থ ও ষষ্ঠ স্থান লাভ করে। এর চূড়ান্ত বিচারক হিসেবে ছিলেন ভারতের আলোকচিত্রী বিশ্বরূপ গাঙ্গুলী ও ফুড ব্লগার সুমিত সুরাই এবং বাংলাদেশের আলোকচিত্রী আবদুল মোমিন। এছাড়া আয়োজক দলের সকলেই প্রাপ্ত ছবিগুলো প্রাথমিক বাছাইয়ে যুক্ত ছিল।
প্রতিযোগিতার প্রথম সংস্করণে আয়োজনের অনেক জায়গায় ঘাটতি ছিল বা সময় স্বল্পতার কারণে প্রচারণা ঠিকঠাক চালানো সম্ভব হয়নি। এ সত্ত্বেও প্রতিযোগিতায় যে সাড়া পাওয়া গিয়েছিল তা আশাতীত। অনেক বাংলা খাবারের ছবি সেটির উইকিপিডিয়ার নিবন্ধে ছিল না, এ প্রতিযোগিতা থেকে প্রাপ্ত ছবি সেসব নিবন্ধে যেমন যোগ করা গেছে, অন্যদিকে নিবন্ধে ছবির গুণগত মানও অনেক ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে। উদাহরণস্বরূপ পাটিসাপটা নিবন্ধের কথা বলা যেতে পারে, এই প্রতিযোগিতার আগে পাটিসাপটার খুব বেশি ছবি উইকিমিডিয়া কমন্সে ছিল না। এই প্রতিযোগিতায় বিভিন্ন ধরণের পাটিসাপটার উল্লেখযোগ্য সংখ্যক ছবি পাটিসাপটার জমা পড়ে।
“বাংলার প্রেমে উইকি”—এটি শুধুমাত্র একটি আলোকচিত্র প্রতিযোগিতা নয়, এটি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি ভালোবাসার উদাহরণ। আগামী বছর এর দ্বিতীয় সংস্করণ আসতে যাচ্ছে। দ্বিতীয় সংস্করণের বিষয়বস্তু হবে ‘বাংলার পাখি’। আশা করা যায়, এর মাধ্যমে বাংলার সব পাখির ছবি, বিশেষ করে বিপন্ন প্রায় পাখির ছবিগুলো উইকিমিডিয়া কমন্সে জায়গা করে নেবে।
