
ভালো নিবন্ধ পর্যালোচনা অভিযানের কর্মশালা। ছবি: ফায়সাল বিন দারুল/ সিসি-বাই-এসএ ৪.০
বাংলা উইকিপিডিয়া বর্তমানে এক লক্ষাধিক নিবন্ধের বিশাল অনলাইন বিশ্বকোষ। মোট নিবন্ধের সংখ্যার তুলনায় ভাল নিবন্ধের সংখ্যা অপ্রতুল। প্রতিষ্ঠার পর থেকে ২০২৩ খ্রিষ্টাব্দ পর্যন্ত ১৮২টি ভুক্তি ভাল নিবন্ধ হিসেবে উত্তীর্ণ ছিল। বাংলা উইকিপিডিয়ায় আরও ভাল নিবন্ধের সন্নিবেশ ও এসংক্রান্ত পর্যালোচনা অনুশীলন বাড়াতে ৬ জুলাই থেকে ১৫ আগস্ট ‘ভাল নিবন্ধ পর্যালোচনা অভিযান ২০২৪‘ অনুষ্ঠিত হয়। অভিযান উপলক্ষ্যে ৫ জুলাই অনলাইনে ভালো নিবন্ধ পর্যালোচনা বিষয়ক কর্মশালা আয়োজিত হয়।
ভাল নিবন্ধ হিসেবে উত্তীর্ণ হওয়ার শর্তপূরণকারী ছয়টি মানদণ্ড; মানদণ্ডের বাইরে নিখুঁত নিবন্ধের যোগ্যতা অর্জনে ভাল শিরোনাম, তথ্যছক, উইকিসংযোগ, বিষয়শ্রেণী ও উইকিউপাত্ত সংযোগের প্রয়োজনীয়তা; পর্যালোচনার প্রাক-পর্যবেক্ষণ, তাৎক্ষণিক ব্যর্থতা, রচনাশৈলী সংস্কার, কুম্ভিলতা ও তথ্যসূত্র যাচাই, নিবন্ধের অনুচ্ছেদ সাজানো, সবশেষে ভূমিকাংশ গঠন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও নিবন্ধ উন্নয়নে দ্ব্যর্থতা নিরসন, প্রয়োজনীয় টীকা, মুক্তচিত্র, ভৌগলিক স্থানাঙ্ক যোগ, টেমপ্লেট অনুসারে পূর্ণ তথ্যসূত্র যুক্তকরার মত বিবিধ উন্নয়ন, পর্যালোচনায় উত্তীর্ণ বা অনুত্তীর্ণ পরবর্তী কার্য সম্পাদন, প্রথম পাতার সারাংশ লিখন নিয়ে আলোচনা করা হয়। প্রায় সোয়া-এক ঘন্টাব্যাপী কর্মশালায় বাংলা উইকিপিডিয়ার নবীন ও পুরনো মিলিয়ে ২০ জন সম্পাদক অংশগ্রহণ করেন। কর্মশালা পরবর্তী অভিযানে ১৪ জন পর্যালোচক, ১০০টি প্রস্তাবিত ভাল নিবন্ধ হতে ৪৮টি নিবন্ধ সম্পূর্ণ পর্যালোচনা করেছেন। এটি বাংলা উইকিপিডিয়ায় ভাল নিবন্ধ পর্যালোচনা সংক্রান্ত প্রথম অভিযান ও কর্মশালা।
কর্মশালার ভিডিও: https://youtu.be/15L4NTkz-O0
