প্রতিযোগিতার ব্যানার/আল রিয়াজ উদ্দীন/সিসি-বাই-এসএ-৪.০

বিগত বছরের ন্যায় এবছরও বাংলা উইকিপিডিয়া এবং অন্যান্য সহপ্রকল্পে বিভিন্ন প্রতিযোগিতা ও এডিটাথনের আয়োজন হয়েছে। একনজরে জেনে নিই প্রতিযোগিতা সংক্রান্ত বিভিন্ন তথ্য।

বিজ্ঞান এডিটাথন ২০২৪

বিজ্ঞান এডিটাথন ২০২৪ হলো বাংলা উইকিপিডিয়ায় বিজ্ঞান বিষয়ক নিবন্ধ লেখার প্রতিযোগিতা। এর উদ্দেশ্য বিজ্ঞান বিষয়ক বিভিন্ন তত্ত্ব, গবেষণা ও গবেষক, প্রতিষ্ঠান, পুরস্কার ইত্যাদি বাংলা উইকিপিডিয়ায় নথিভুক্ত করা। ২০২৪ খ্রিষ্টাব্দের জানুয়ারি মাসব্যাপী প্রথমবারের মত এ এডিটাথন অনুষ্ঠিত হয়েছে। এডিটাথনে ২৫ জন অংশগ্রহণকারী ৮৫টি নিবন্ধ জমা দেয়।

জাতীয় সংসদ নির্বাচন এডিটাথন ২০২৪

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়াতে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন নিবন্ধ তৈরি ও মানোন্নয়ন করাই ছিল এই এডিটাথনের প্রধান উদ্দেশ্য। এছাড়া নবনির্বাচিত সংসদ সদস্যদের নিবন্ধ যাতে বাংলা উইকিপিডিয়াতে তৈরি হয় তা নিশ্চিত করাও এই এডিটাথনের অন্যতম লক্ষ্য। এডিটাথনে নিবন্ধ মানোন্নয়নের পাশাপাশি ৩৪টি নতুন নিবন্ধ তৈরি হয়েছে।

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪

“আমার ভাষায় তুলে ধরি, আমার ভালোবাসার সবকিছু” এই স্লোগান নিয়ে বাংলা উইকিপিডিয়ায় অনুষ্ঠিত হয়েছে অমর একুশে নিবন্ধ লিখন ও অনুবাদ প্রতিযোগিতা ২০২৪। ফেব্রুয়ারি মাসব্যাপী চলমান এই প্রতিযোগিতায় ৯৩ জন অংশগ্রহণকারী মোট ৪৬০টি নিবন্ধ জমা দেয়। উইকিমিডিয়া বাংলাদেশ এর আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় শীর্ষ ১০ জন ব্যবহারকারীকে পুরস্কৃত করা হয়েছে।

ইসলামবিষয়ক এডিটাথন ২০২৪ (১৪৪৫ হিজরি)

বাংলা উইকিপিডিয়ায় ইসলামবিষয়ক নিবন্ধ তৈরির লক্ষ্যে প্রতিবছর রমজান মাসব্যাপী এডিটাথনটি অনুষ্ঠিত হয়ে থাকে। ২০২০ খ্রিষ্টাব্দ থেকে শুরু হওয়া এডিটাথনটি এবছর ৫ম বারের মত আয়োজন করা হয়েছে। ২১ জন অংশগ্রহণকারী নিবন্ধ তালিকা থেকে বিভিন্ন মুসলিম ব্যক্তিত্বের জীবনী, মসজিদ, ইসলামি পরিভাষা, স্থাপত্য, সাহিত্য ও বই সংক্রান্ত ৯৫টি নিবন্ধ জমা দেয়। পরবর্তীতে পর্যালোচনা শেষে ৯০ টি নিবন্ধ গৃহীত হয়। এডিটাথনের শীর্ষ ৩ ব্যবহারকারীকে শুভেচ্ছা স্মারক হিসেবে ডিজিটাল সনদ প্রদান করা হয়েছে।

আন্তর্জাতিক জাদুঘর দিবস সম্পাদনাসভা

উইকিমিডিয়া বাংলাদেশের আয়োজনে ও চট্টগ্রাম উইকিমিডিয়া সম্প্রদায়ের সহায়তায় এবছর প্রথমবারের মত আন্তর্জাতিক জাদুঘর দিবস সম্পাদনাসভা অনুষ্ঠিত হয়েছে। ১৭-১৯ মে তিনদিনব্যাপী চলমান এই সম্পাদনাসভায় ১০ জন ব্যবহারকারী ২০টি নিবন্ধ জমা দেয়।

উইকিবই লিখন প্রতিযোগিতা ২০২৪

উইকিবই লিখন প্রতিযোগিতা হলো বাংলা উইকিবইয়ে আয়োজিত বার্ষিক নতুন বই অনুবাদ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অনুবাদের মাধ্যমে ইংরেজি উইকিবই থেকে নতুন বই তৈরি করা হয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া ৬৭জন ব্যবহারকারী বিভিন্ন বিষয়ের ওপর মোট ৭১৭ টি বই অনুবাদ করেছে। প্রতিযোগিতার শীর্ষ ১০ জন ব্যবহারকারীকে কৃতজ্ঞতাস্বরূপ উপহার ও মুদ্রিত সনদ প্রদান করা হয়। 

উক্তি প্রতিযোগিতা ২০২৪

প্রথমবারের বাংলা উইকিউক্তিতে উক্তি প্রতিযোগিতা ২০২৪ সম্পন্ন হয়েছে। এপ্রিল মাসব্যাপী অনুষ্ঠিত  প্রতিযোগিতায় অংশগ্রহণে উৎসাহিত করতে নির্বাচিত অংশগ্রহণকারীদের ইন্টারনেট সহায়তা প্রদান করা হয়েছে। পরবর্তীতে প্রতিযোগিতার শীর্ষ ২০ জন অবদানকারীকে কৃতজ্ঞতাস্বরূপ পুরস্কৃত করা হয়। 

প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলা উইকিভ্রমণে চলছে উইকিভ্রমণ নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪ ও উইকিমিডিয়া কমন্সে উইকি লাভস মনুমেন্টস এর বাংলাদেশ সংস্করণ অনুষ্ঠিত হচ্ছে। এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করে উইকিমিডিয়া আন্দোলনে আপনিও ভূমিকা রাখতে পারেন।

উইকিবার্তা
Translate »
Share This