বাংলা উইকিপিডিয়া’র লোগো – উইকিমিডিয়া ফাউন্ডেশন / সিসি-বাই-এসএ ৩.০

বাংলা উইকিপিডিয়া ও অন্যান্য উইকিমিডিয়া প্রকল্প নিয়ে এই লেখায় থাকছে কিছু পরিসংখ্যান ও মাইলফলক।  ২০২৩ খ্রিষ্টাব্দের ১ জানুয়ারি থেকে ডিসেম্বরের ৩১ তারিখ পর্যন্ত এক বছরে বাংলা উইকিপিডিয়া দেখা হয়েছে মোট ৩০ কোটি ৫৬ লক্ষ+ বার; দৈনিক গড়ে যা প্রায় ৮ লক্ষ ৩৭ হাজার বার। এই বছর বাংলা উইকিপিডিয়ায় প্রায় ১৩ হাজারটি নতুন নিবন্ধ সৃষ্টি হয়েছে। এছাড়া সামগ্রিকভাবে এই বছর বাংলা উইকিপিডিয়া প্রায় ৭ লক্ষ ৯৭ হাজার বার সম্পাদিত হয়েছে। ২০২৩ সালের সর্বাধিক পড়িত নিবন্ধ ছিল বাংলাদেশ, এরপরের স্থানে ছিল যথাক্রমে আনন্দবাজার পত্রিকা, মিয়া খলিফা, রবীন্দ্রনাথ ঠাকুর, শেখ মুজিবুর রহমান।  

অন্যদিকে ২০২৪ খ্রিষ্টাব্দের ১ জানুয়ারি থেকে অক্টোবরের ১৫ তারিখ পর্যন্ত সাড়ে নয় মাসে বাংলা উইকিপিডিয়া দেখা হয়েছে মোট ২৩ কোটি ৭১ লক্ষ+ বার; দৈনিক গড়ে যা প্রায় ৮ লক্ষ ২০ হাজার বার। গত সাড়ে নয় মাসে বাংলা উইকিপিডিয়ায় প্রায় ১৪ হাজারটি নতুন নিবন্ধ সৃষ্টি হয়েছে ও সামগ্রিকভাবে  প্রায় ৪ লক্ষ ৩২ হাজার বার সম্পাদিত হয়েছে।

২০২৪ খ্রিষ্টাব্দের ২৫ মার্চ বাংলা উইকিপিডিয়া ১ লক্ষ ৫০ হাজার নিবন্ধের মাইলফলক স্পর্শ করে। 

অন্যান্য উইকিপিডিয়ার কিছু মাইলফলক:

২০২৩

  • ২৯ মে পাঞ্জাবি উইকিপিডিয়া ৫০ হাজার নিবন্ধে পৌঁছে
  • ১৯ নভেম্বর কুর্দিশ উইকিপিডিয়া ৭০ হাজার নিবন্ধে পৌঁছে

২০২৩ খ্রিষ্টাব্দে ২২টি উইকি তৈরি করা হয় (১০টি উইকিপিডিয়া, ৬টি উইকিঅভিধান, ৩টি উইকিউক্তি, ১টি উইকিবই, ১টি উইকিসংকলন এবং ১টি উইকিসংবাদ), যা ২০২২ খ্রিষ্টাব্দের থেকে ১০টি বেশি।

২০২৪

  • ৭ জানুয়ারি উর্দু উইকিপিডিয়া ২ লক্ষ নিবন্ধে পৌঁছে
  • ১৩ জানুয়ারি তেলুগু উইকিপিডিয়া ৯০ হাজার নিবন্ধে পৌঁছে
  • ১ মে জাপানি উইকিপিডিয়া ১০ কোটি সম্পাদনার মাইলফলকে পৌঁছে
  • ২৯ জুন উজবেক উইকিপিডিয়া ৩ লক্ষ নিবন্ধে পৌঁছে

বাংলা উইকিউক্তি

উইকিউক্তি। ছবি: আফতাবুজ্জামান/ সিসি-বাই-এসএ-৪.০

২০২২ খ্রিষ্টাব্দের ১০ অক্টোবর বাংলা উইকিউক্তি (https://bn.wikiquote.org/) সৃষ্টি হয়। বাংলা উইকিউক্তি নিয়ে কিছু পরিসংখ্যান নিচে তুলে ধরা হলো:

আগস্ট ২০২৩ অনুসারে বাংলা উইকিউক্তিতে ৫২৫টি উক্তির পাতা ছিল। এক বছরে এখানে ৭২৬টি উক্তির পাতা বেড়েছে ও ২০২৪ খ্রিষ্টাব্দের অক্টোবর অনুযায়ী ১,২৭০টি উক্তির পাতা রয়েছে। ২০২৪ খ্রিষ্টাব্দের ২৩ এপ্রিল বাংলা উইকিউক্তি ১ হাজার উক্তিপাতার মাইলফলক স্পর্শ করেছিল। ২০২৩ খ্রিষ্টাব্দে বাংলা উইকিউক্তিতে অসহযোগ আন্দোলন (১৯৭১) ভুক্তিটি সর্বাধিক বার পঠিত হয়, এরপরের স্থানে ছিল যথাক্রমে আডলফ হিটলার, জিয়াউর রহমান, পৃথিবী, জাতীয়তা।    

বাংলা উইকিঅভিধান

২০২৪ খ্রিষ্টাব্দের ৭ আগস্ট বাংলা উইকিঅভিধান (https://bn.wiktionary.org/) ১ লক্ষ ভুক্তির মাইলফলক স্পর্শ করে। এর আগে ১০ জুলাই এটি ৯০ হাজার ও ১৭ মার্চ এটি ৮০ হাজার ভুক্তির মাইলফলক স্পর্শ করেছিল। 

২০২৩ খ্রিষ্টাব্দের ২৩ নভেম্বর বাংলা উইকিঅভিধান ৫০ হাজার ভুক্তির মাইলফলক স্পর্শ করেছিল।

উইকিবার্তা
Translate »
Share This