ভালো নিবন্ধ পর্যালোচনা অভিযান ২০২৪। ছবি: Zscout370/উইকিমিডিয়া কমন্স

ভালো নিবন্ধ পর্যালোচনা অভিযান ২০২৪ ছিল বাংলা উইকিপিডিয়ায় মানসম্মত নিবন্ধের সংখ্যা বৃদ্ধি করার এক সফল অভিযান। উদ্যোগটি এই বছরে ৬ জুলাই থেকে শুরু হয়ে ১৫ আগস্ট এ শেষ হয়। প্রায় এক মাসব্যাপী চলমান এই অভিযানের মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় নতুন ৪৫টি নিবন্ধ পর্যালোচনা ও মানোন্নয়নের মাধ্যমে ভালো নিবন্ধের পর্যায়ে উন্নীত হয়।

পটভূমি

বিগত কয়েক বছর ধরে, বাংলা উইকিপিডিয়ায় অনেকগুলো মানসম্মত নিবন্ধ থাকা সত্ত্বেও পর্যাপ্ত স্বেচ্ছাসেবীর অভাবে সেগুলো ভালো নিবন্ধের মানদণ্ডে অনুত্তীর্ণ থেকে যায়।  উপরন্তু ভালো নিবন্ধের পর্যালোচনা পদ্ধতি সাধারণ নিবন্ধ পর্যালোচনা থেকে ভিন্ন হওয়ায় সমস্যা আরও প্রকট হয়। বাংলা উইকিপিডিয়ার ২০২৪ খ্রিষ্টাব্দের এপ্রিল মাসের একটি অনলাইন আলোচনায় এই বিষয়টি উঠে আসে। ফলে উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে এরকম একটি অভিযানের আয়োজন করা হয়। এই অভিযানের সমন্বয়ক হিসাবে দায়িত্ব পালন করেন দোলন প্রভা, মহীন রিয়াদ, মাসুম-আল-হাসান রকি, মুহাম্মদ ইয়াহিয়া এবং শাকিল হোসেন।

অভিযানের মূল লক্ষ্য ছিল বাংলা উইকিপিডিয়ায় ইতিমধ্যেই থাকা মানসম্মত নিবন্ধগুলোকে ভালো নিবন্ধের পর্যায়ে উন্নীত করা। যেহেতু ভালো নিবন্ধ পর্যালোচনা করার ধরণ একটু ভিন্ন তাই, কিছু নতুন পর্যালোচক তৈরিও ছিলো সময়ের দাবি। ফলে ৬ জুলাই এ প্রায় এক মাসব্যাপী এই অভিযান শুরু হয়। এটি ৫ই আগস্টে শেষ হওয়ার কথা থাকলেও, বাংলাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলনের কারণে ১ সপ্তাহের বেশি সময় ইন্টারনেট সেবা বন্ধ থাকে। ফলে এই সময়সীমা ১৫ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়।

নিবন্ধ মনোনয়ন

এই অভিযানের জন্য নির্বাচিত নিবন্ধগুলোকে এমনভাবে বাছাই করা হয়েছিলো, যাতে সেগুলোর মান ভালো নিবন্ধের খুব কাছাকাছি থাকে। যাতে করে পর্যালোচকগণের, বিশেষ করে নতুন পর্যালোচকগণের জন্য নিবন্ধ পর্যালোচনা সহজ হয়। সমন্বয়ক পরিষদের সম্মিলিত প্রচেষ্টা এই উদ্যোগকে সামনে এগিয়ে নিতে সাহায্য করেছে। সমন্বয়কারী দল নিবন্ধ পর্যালোচনার মান এবং পয়েন্ট প্রদান প্রক্রিয়ার উপর কঠোর নজরদারী করেন। পর্যালোচকদের মনোবল বাড়ানোর ও দিক নির্দেশনা দেওয়ার জন্য তারা নিজেরাও এই পর্যালোচনার কাজে যোগ দেন। মানের সাথে আপস করা যাবে না—এই নীতিকে অনুসরণ করেই সবাই কাজ করে যান। ভালো নিবন্ধের জন্য মনোনয়ন দেওয়া নিবন্ধগুলোর মধ্যে ১০০টি নিবন্ধকে সমন্বয়কগণ এই অভিযানের জন্য নির্বাচন করেন। এর ভিতর থেকে ৬০ টি নিবন্ধ পর্যালোচনা করা হয়, যার মধ্যে ৪৫টি নিবন্ধকে পর্যালোচকগণ ভালো নিবন্ধ হিসাবে মনোনয়ন দিতে সক্ষম হন।

কর্মশালা ও পর্যালোচনা প্রক্রিয়া

নিবন্ধ পর্যালোচনা প্রক্রিয়া সম্পর্কে একটি অনলাইন কর্মশালার আয়োজন করা হয়েছিল। এই কর্মশালাটি সবার সামনে উপস্থাপন করেন ফায়সাল বিন দারুল। তিনি একদম শুরু থেকে কিভাবে একটি ভালো নিবন্ধ পর্যালোচনা করতে হয়, তা স্লাইডের মাধম্যে সবার সামনে তুলে ধরেন। তার নেওয়া কর্মশালাটি পরবর্তীতে ভবিষ্যতে ব্যবহারের উদ্দেশ্যে রেকর্ড করে ভিডিওস্লাইড আকারে সংরক্ষণ করা হয়। পরবর্তীতে সমন্বয়কারী দলের অনুমতিতে, কর্মশালায় আলোচিত বিভিন্ন কথা, নিয়ম-নীতি অনুসারে আমি ভালো নিবন্ধ পর্যালোচনার সময় “কোন কোন জিনিসগুলো মাথায় রাখা উচিৎ” সে বিষয়ে একটি পাতাও তৈরি করি। এছাড়াও একটি সংক্ষিপ্ত টিউটোরিয়াল পাতা তৈরি করি, যেখানে ভালো নিবন্ধ কিভাবে পর্যালোচনা করতে হয় এবং কি কি নিয়ম মেনে করতে হয় তা বর্ণনা করা হয়েছে। যারা এই প্রতিযোগিতার ভালো নিবন্ধের মনোনয়ন দিয়েছিলেন, তাদের উইকিতে সক্রিয়তার একটি পাতাও বিদ্যমান ছিলো, যাতে পর্যালোচকগণ মনোনয়নকারীদের নিবন্ধ সম্পর্কে প্রয়োজনমতো বার্তা দিতে পারেন।

পর্যালোচনা

অভিযানে অংশগ্রহণকারী পর্যালোচকরা দুটি প্রধান শ্রেণিতে বিভক্ত ছিলেন: পর্যালোচক এবং শিক্ষানবিশ পর্যালোচক

  1. পর্যালোচক শ্রেণি: স্বয়ংক্রিয় পরীক্ষক, প্রশাসক, এবং যারা পূর্বে অন্তত দুটি ভালো নিবন্ধ পর্যালোচনা করেছেন, তারা এই শ্রেণির অন্তর্ভুক্ত ছিলেন।
  2. শিক্ষানবিশ পর্যালোচক: যারা নতুন ও যাদের পূর্বে পর্যালোচনার অভিজ্ঞতা অর্জন করেননি, তারা এই শ্রেণিতে অন্তর্ভুক্ত ছিলেন। চারটি নিবন্ধ সফলভাবে পর্যালোচনা করার পর এবং তা পর্যালোচক শ্রেণির কারো দ্বারা সত্যায়িত হওয়ার পর শিক্ষানবিশ পর্যালোচকরা পর্যালোচক শ্রেণিতে উত্তীর্ণ হয়েছিলেন।

অভিযানে অংশগ্রহণে ইচ্ছুকরা একটি নির্দিষ্ট ফর্ম পূরণ করে আবেদন করেছিলেন। এরপর, সমন্বয়ক দল তাদেরকে মেইল বা আলাপ পাতায় বার্তা পাঠিয়ে শ্রেণি অনুসারে তাদের নাম নিবন্ধিত করেন। এইবারের অভিযানে ১৭ জন পর্যালোচক এবং ৬ জন শিক্ষানবিশ পর্যালোচক অংশগ্রহণ করেছিলেন।

স্কোরিং পদ্ধতি ও লিডারবোর্ড

প্রতিটি পর্যালোচনার জন্য নির্দিষ্ট পয়েন্ট প্রদান করা হয়েছিল:

  • পর্যালোচক শ্রেণি: প্রতিটি নিবন্ধ পর্যালোচনার জন্য ২ পয়েন্ট প্রদান করেন
  • শিক্ষানবিশ পর্যালোচক শ্রেণি: প্রতিটি সফল পর্যালোচনার জন্য ২ পয়েন্ট এবং সত্যায়নের জন্য ১ পয়েন্ট প্রদান করেন

অভিযান শেষে, পয়েন্টের ভিত্তিতে একটি লিডারবোর্ড তৈরি করা হয়। যেখানে শীর্ষ পর্যালোচনাকারীদের উইকিপিডিয়া স্যুভেনির দেওয়া হবে।

উপসংহার

“ভালো নিবন্ধ পর্যালোচনা অভিযান ২০২৪” বাংলা উইকিপিডিয়ার মানোন্নয়নে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে প্রমাণিত হয়েছে। এই অভিযানের ফলে বাংলা উইকিপিডিয়ায় মানসম্মত নিবন্ধের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং নতুন ও অভিজ্ঞ ব্যবহারকারীদের মধ্যে সহযোগিতার এক নতুন মাত্রা যোগ হয়েছে। এ উদ্যোগটি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়কে আরও সুসংগঠিত এবং শক্তিশালী করেছে, যা ভবিষ্যতে আরও উন্নত ও মানসম্মত তথ্যভাণ্ডার তৈরিতে সহায়ক হবে বলেই আশা করা যায়।

উইকিবার্তা
Translate »
Share This