ভারতের প্রতীক/পাবলিক ডোমেইন

২০২৪ খ্রিষ্টাব্দের ৫ সেপ্টেম্বর মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ জারি করে দিল্লি হাইকোর্ট। ভারতীয় আইন না মানার বিরুদ্ধে উইকিপিডিয়াকে সতর্ক করে আদালত বলেন “যদি ভারতকে পছন্দ না করেন, তাহলে দয়া করে ভারতে কাজ করবেন না…আমরা সরকারকে বলব আপনার সাইট ব্লক করে দিতে”।

এর আগে ভারতীয় বার্তা সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) উইকিমিডিয়া ফাউন্ডেশন এর বিরুদ্ধে ২ কোটি রুপির মানহানির মামলা দায়ের করে। মামলার অভিযোগে বলা হয়, তাদের উইকিপিডিয়া নিবন্ধে এএনআইকে বর্তমান সরকারের ‘প্রোপাগান্ডা টুলস’ হিসেবে প্রচার করা হয়েছে।

উইকিমিডিয়া ফাউন্ডেশনের লোগো

এএনআই এর দায়ের করা মামলার প্রেক্ষিতে ২০২৪ এর জুলাইয়ে উইকিমিডিয়া ফাউন্ডেশন বিবৃতি প্রকাশ করে। বিবৃতিতে বলা হয় “আমাদের নজরে এসেছে যে মাননীয় দিল্লি হাইকোর্ট ফাউন্ডেশনের বিরুদ্ধে এএনআইয়ের দায়ের করা মানহানির মামলার বিষয়ে উইকিমিডিয়া ফাউন্ডেশনকে সমন জারি করেছে। একটি প্রযুক্তি হোস্ট হিসাবে, উইকিমিডিয়া ফাউন্ডেশন সাধারণত উইকিপিডিয়ায় প্রকাশিত বিষয়বস্তু যোগ, সম্পাদনা বা নির্ধারণ করে না। উইকিপিডিয়ার বিষয়বস্তু এখানকার স্বেচ্ছাসেবী সম্পাদক ও বিশ্বব্যাপী সম্প্রদায় দ্বারা নির্ধারিত হয়, (‘উইকিমিডিয়া সম্প্রদায়’ নামেও পরিচিত) যারা উল্লেখযোগ্য বিষয়ের উপর তথ্য সংকলন এবং ভাগ করে নেয়।”

বিচারপতি নবীন চাওলা ২০ আগস্ট দ্বিতীয় শুনানিতে, উইকিপিডিয়ার নিবন্ধে সম্পাদনা করা তিনটি অ্যাকাউন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করার নির্দেশ দেয়, তবে এএনআই দাবি করে যে, তা প্রকাশ করা হয়নি।

আত্মপক্ষ সমর্থনে উইকিপিডিয়া আদালতকে জানায়, তাদের পক্ষ থেকে কিছু নথি জমা না দেওয়া পর্যন্ত ও উইকিপিডিয়া ভারতভিত্তিক না হওয়ায় তথ্য প্রকাশে বিলম্ব হচ্ছে। তবে বিচারপতি নবীন চাওলা এতে সন্তুষ্ট হননি।

১৪ অক্টোবর সোমবার দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি মনমোহন এবং বিচারপতি তুষার রাও গেদেলার ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হয়। উইকিপিডিয়ায় থাকা “এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল বনাম উইকিমিডিয়া ফাউন্ডেশন” নিবন্ধটি নিয়ে তারা আপত্তি জানায়। কেননা মামলাটি এখনও আদালতে বিচারাধীন। শুনানিতে বলা হয়, “আপনাদের ক্লায়েন্ট যদি শুনানির মুখে পড়তে না চান, তাহলে উক্ত পাতাটি প্রত্যাহার করতে হবে”

১৬ অক্টোবর বুধবার উইকিপিডিয়ার “এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল বনাম উইকিমিডিয়া ফাউন্ডেশন” নিবন্ধটি পরবর্তী ৩৬ ঘন্টার ভেতর সরিয়ে ফেলতে নির্দেশ দেয় আদালত। আগামী ২১ অক্টোবর মামলার পরবর্তী শুনানি এবং ২৫ অক্টোবর উইকিমিডিয়া ফাউন্ডেশন এর একজন ‘অনুমোদিত প্রতিনিধি’কে সরাসরি উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

হালনাগাদ ২১ অক্টোবর ২০২৪:
হাইকোর্টের নির্দেশনা অনুসারে ২১ অক্টোবর ইংরেজি উইকিপিডিয়া থেকে “এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল বনাম উইকিমিডিয়া ফাউন্ডেশন” নিবন্ধটি উইকিমিডিয়া ফাউন্ডেশন কর্তৃক প্রত্যাহার করা হয়েছে৷

সূত্র:
* দ্য হিন্দু
* এনডিটিভি
* বার এন্ড বেঞ্চ
* হিন্দুস্থান টাইমস

উইকিবার্তা
Translate »
Share This