অসমীয়া-বাংলা আন্তঃউইকি সহযোগিতামূলক সম্পাদনা মেলা ২০২৪ ব্যানার। ছবি: গালিব তুফান/ সিসি-বাই-এসএ ৪.০

গত বছর সেপ্টেম্বর মাসে ‘উইকি ওম্যান ক্যাম্প ২০২৩’ এর সম্মেলনে যোগ দিতে ভারতের দিল্লীতে গিয়েছিলাম। সেখানে বিভিন্ন দেশ ও ভাষার উইকিপিডিয়ানদের সাথে কথা ও অভিজ্ঞতা ভাগ করেছি। চমৎকার এই আয়োজনটি আমাকে অনেক কিছু শিখিয়েছে। অনেক নারী উইকিপিডিয়ান নিজেদের গল্প, অভিজ্ঞতা শেয়ার করেছেন। উইকিতে অবদান রাখতে গিয়ে পরিবার ও সামাজিকভাবে নানা বাঁধার সম্মুখীন হয়েও সামনে এগিয়েছেন। 

পটভূমি

এরমাঝে অসমীয়া উইকিপিডিয়ান প্রণামিকা অধিকারীর সাথে সাক্ষাৎ হয়। তিন দিনের সম্মেলনে আমরা নানা বিষয়ে কথা বার্তা বলি। আমরা বেশ কিছু পরিকল্পনা করি।  এসবের মধ্যে দুই ভাষার নিবন্ধকে কীভাবে সমৃদ্ধ করা যায় সেই বিষয়ে আলোচনা হয়। সম্মেলনের শেষের দিন সকালের নাস্তার টেবিলে বসে আমরা পরিকল্পনা করি একটি এডিটাথনের আয়োজন নিয়ে। এতে দুই ভাষাভাষী উইকিপিডিয়ান সাংস্কৃতিকভাবে অনেক কিছু জানতে ও বুঝতে পারবে। প্রণামিকা অধিকারী জানান অসমীয়া ভাষার ব্যক্তি বা লোক সংস্কৃতি বিষয়ে এডিটাথন করা যায় কি না। আমি জানাই যে, বাংলাদেশ চ্যাপ্টারের সাথে এই বিষয়ে আলোচনা করে তাদেরকে জানাবো। পরবর্তীতে দেশে ফিরে আমি উইকিমিডিয়া বাংলাদেশের সভাপতি শাবাব মুস্তাফা ও কোষাধ্যক্ষ মাসুম আল হাসান রকির সাথে কথা বলি। প্রণামিকা অধিকারী অসমীয়া কমিউনিটির মাসিক আড্ডাতে এডিটাথনের বিষয়ে জানান। পরবর্তীতে আমরা উভয়ই ডিসেম্বর মাসে সিদ্ধান্ত নিই যে নতুন বছরের শুরুতে একটি সম্পাদনা মেলার আয়োজন করব।

আয়োজন

বিগত বছরের অভিজ্ঞতা অনুসারে, বাংলা উইকিপিডিয়ায় একটি ইভেন্ট পাতা তৈরি করা হয়েছিল যেখানে নিবন্ধগুলির একটি তালিকা রয়েছে। এই তালিকায় অসমীয়া ও বাংলা উইকিপিডিয়ান একে অন্যের ভাষার ব্যক্তি নিবন্ধ তৈরি করেছেন। তবে এরমধ্যে বেশিরভাগ নিবন্ধ ইংরেজি উইকিপিডিয়ায় তৈরি ছিলো। এতে করে নিবন্ধগুলি অনুবাদ করতে সহজ হয়। পরবর্তীতে ফাউন্টেন টুলে নিবন্ধ জমা দেওয়া এবং পর্যালোচনার মাধ্যমে নিবন্ধ গৃহীত হয়। আমাদের এই আয়োজনে খুব ভালো সাড়া আসে। অংশগ্রহণকারীদের উইকিপিডিয়া পদক এবং উইকিমিডিয়া বাংলাদেশ কর্তৃক ই-সার্টিফিকেট প্রদান করা হয়।

৪ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি ২০২৪ পর্যন্ত সাত দিনের এডিটাথন অনুষ্ঠিত হয়েছিল। আমরা আনন্দের সাথে বলতে পেরেছি যে এই বছরের শুরুতে আমাদের সম্পাদনা মেলাটি সফলভাবে শেষ করেছি পেরেছি।  বাংলাদেশ থেকে ১৪ জন অংশগ্রহণকারী ৪২টি এবং আসাম থেকে ৮ জন অংশগ্রহণকারী ৫২টি নতুন নিবন্ধ লিখেছেন। উপরন্তু, নতুন তৈরি নিবন্ধগুলির জন্য উইকিউপাত্ত পাতাগুলি হালনাগাদ করা হয়েছে। বাংলা উইকিপিডিয়ায় সংগঠক হিসাবে ছিলেন অনুপ সাদি ও দোলন প্রভা এবং পর্যালোচক হিসাবে ছিলেন সামিহা রহমান। অসমীয়া উইকিপিডিয়ায় সংগঠক ছিলেন প্রণামিকা অধিকারী, দিব্য দত্ত ও নয়ন জ্যোতি নাথ এবং পর্যালোচক প্রণামিকা অধিকারী ও বাবুল বৈশ্য।

মূল্যায়ন

অসমীয়া-বাংলা আন্তঃউইকি সহযোগিতামূলক সম্পাদনা মেলা ২০২৪” উপলক্ষে, উইকিমিডিয়া বাংলাদেশ এবং অসমীয়া উইকিমিডিয়ান ইউজার গ্রুপ নিবন্ধ সম্পাদনা শেষ করেছেন জানুয়ারি মাসে; যেখানে বাংলাদেশ ও ভারতের অসমীয়া উইকিপিডিয়ার স্বেচ্ছাসেবকগণ তথ্য প্রদান করেন। বাংলাদেশ এবং আসামের লেখক, রাজনীতিবিদ, সমাজসেবক, শিল্পীসহ জ্ঞানী-গুণী ব্যক্তিদের নিয়ে নতুন নিবন্ধ তৈরি করা হয়েছে। এটি উইকিমিডিয়া বাংলাদেশ এবং অসমীয়া ইউজার গ্রুপ দ্বারা যৌথভাবে সমর্থিত সাত দিনব্যাপী কার্যক্রম ছিল। এটি দুই দেশের দুই ভাষার শিল্প, সংস্কৃতিকে ফুটিয়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এটি প্রচারণার লক্ষ্য ছিল অসমীয়া ও বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করা। এই সম্পাদনা মেলায় যেসব উইকিপিডিয়ান অংশ নিয়েছিলেন তাদের মাঝে অনেকেই অসমীয়া ও বাংলা ভাষার উচ্চারণ, বাক্য গঠন বিষয়ে অজানা ছিল। এই আয়োজনটি ছিলো নতুন অভিজ্ঞতা। এমন আয়োজন ভবিষতে আন্তঃসংস্কৃতি বিনিময়ে সহায়ক হবে।

উইকিবার্তা
Translate »
Share This