
আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ সম্পাদনা সভার ব্যানার। ছবি: তারুণ্য/ সিসি-বাই-এসএ ৪.০
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীদের অবদান তুলে প্রায়শই উইকিপিডিয়ায় বিভিন্ন আয়োজন করা হয়। ২০২৪ খ্রিষ্টাব্দে এই উপলক্ষে বাংলা উইকিপিডিয়ায় ৮-১২ মার্চ ৫ দিনব্যাপী অনলাইন সম্পাদনা সভার আয়োজন করা হয়। উইকিপিডিয়ার আলোচনা পাতা, ব্যবহারকারীদের আলাপ পাতা ও অন্যান্য মাধ্যমে আয়োজনটি নিয়ে বার্তা দেওয়া হয়েছিলো।

আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ সম্পাদনা সভার লোগো। ছবি: সামিহা রহমান/ সিসি-বাই-এসএ ৪.০
২০১৮ খ্রিষ্টাব্দের একটি জরিপ অনুসারে উইকিপিডিয়ার অবদানকারীর মধ্যে কেবল ৮.৮ শতাংশ নারী রয়েছে। এই অসাম্যতা কমাতে উইকিপিডিয়া বিভিন্ন উপায়ে নিরলস কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই একটি অংশ হিসেবে উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজনে একটি সম্পাদনা সভার আয়োজন করা হয়েছিল। উইকিনন্দিনীর সদস্যগণ, সংগঠক ও পর্যালোচকের দায়িত্ব পালন করেছেন।
এই সভার সংগঠক হিসেবে ছিলেন দোলন প্রভা ও আমি (সামিহা রহমান) এবং পর্যালোচক হিসেবে রামিশা তাবাস্সুম কাজ করেছেন। এখানে অংশগ্রহণের সুবিধার্থে প্রাসঙ্গিক বিষয়ের ইংরেজি পাতা অনুবাদের জন্য তালিকা তৈরি করা হয়। এছাড়াও তালিকার বাহিরে নারী জীবনী, নারীবাদ, নারীমুক্তি বিষয়ক নিবন্ধ যুক্ত করার সুযোগ দেয়া হয়েছিল। দোলন প্রভা এই এডিটাথনের ইভেন্ট পাতা তৈরি করেন এবং আমি ব্যানার ও লোগো তৈরি করেছিলাম।
এই আয়োজনে ২৮ জন ব্যবহারকারী অংশগ্রহণ করেন। আয়োজকগণ নিবন্ধ তালিকা তৈরি করে, বিষয় অনুযায়ী ৩ ভাগে ভাগ করে সেখান থেকে প্রায় ৩৯টি নিবন্ধ তৈরি হয়েছে। এই অবদানের জন্য আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে ডিজিটাল সনদপত্র ও উইকিপিডিয়া পদক দেয়া হয়েছিল।
