
আরেওয়া হাউজ আর্কাইভের সংবাদপত্র ইউনিট। ছবি: Inyor4mr/ সিসি-বাই-এসএ ৪.০
উইকিমিডিয়ার অধিকাংশ সহপ্রকল্পগুলো মূলত তথ্যসূত্র নির্ভর। অর্থাৎ তথ্যসূত্র ব্যবহার করেই এখানে আমাদের পাতা তৈরি করতে হয়। বাংলা উইকিপিডিয়ার কথা ধরা যাক, এখানে একটি নিবন্ধ তৈরি করতে প্রথমে যা দরকার হয় তা হচ্ছে সূত্র। বিভিন্ন উৎস থেকে আমরা সূত্র পেতে পারি: সংবাদপত্র, গবেষণাপত্র, নথি, বই, ওয়েব ইত্যাদি। তবে আমার ভুল না হয়ে থাকলে বর্তমানে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি ওয়েব মাধ্যমের সংবাদগুলো, কেননা এগুলো সুপ্রাপ্য। মূলত প্রাপ্যতার সুবিধার কারণেই ২০১০ সালের পরে বাংলা উইকিপিডিয়া অনেক বড় হয়েছে এটা স্বীকার করে নিতেই হবে।
আর এখানেই আমাদের সবচেয়ে বড় সীমাবদ্ধতা ধরা পড়ে। নিবন্ধ গড়ে উঠে উল্লেখযোগ্যতার ভিত্তিতে, উল্লেখযোগ্যতা প্রমাণের জন্য রয়েছে সূত্র। কিন্তু সূত্র যদি হয় সংবাদপত্রের ওয়েবসাইট তাহলে এ ক্ষেত্রে একাধিক সমস্যায় পড়তে হয়। প্রথমত অধিকাংশ বাংলা ভাষার সংবাদপত্রের ওয়েবসাইট গড়ে উঠেছে ২০১৫ সালের পরে তাই ২০১৫ সালের আগে সেসব সংবাদপত্রগুলোর খবর আমরা ওয়েব মাধ্যমে খুঁজে পাইনা। দ্বিতীয়ত অনেক সংবাদের ওয়েব পাতা পরবর্তীতে গায়েব হয়ে গেছে অথবা হারিয়ে গেছে, ফলে সেগুলো তথ্যসূত্র হিসেবে ব্যবহার করা যাচ্ছেনা। এসব সমস্যার কারণে বাংলা উইকিপিডিয়া মূলত সাম্প্রতিক সময়ের বিষয়াদি নিয়েই গড়ে উঠছে। অতীতের ঘটনাবলীর ক্ষেত্রে আমাদের বই বা গবেষণাপত্রের সাহায্য নিতে হচ্ছে। যদি অতীতের ঘটনাগুলো নিয়ে সাম্প্রতিক সময়ে সংবাদপত্রের ওয়েবসাইটে লেখা হয় তাহলে তো ভাগ্য ভালো, নইলে ওয়েবে সার্চ করেও সেসব ঘটনা সম্পর্কে নির্ভরযোগ্য কোন সূত্র পাওয়া যায়না। যেমন ধরুন বাংলাদেশ যখন পূর্ব পাকিস্তান ছিল তখন এখানকার মুহাজির তথা বিহারিরা উত্তরবঙ্গকে তাদের জন্য পৃথক প্রদেশ করার জন্য বলেছিল। সেই সময়ের সংবাদপত্রে এসব নিয়ে অবশ্যই লেখালেখি হয়েছে, পুরোনো সংবাদপত্র পড়ার সুযোগ থাকলে প্রস্তাবিত প্রদেশটি নিয়ে একটি নিবন্ধ তৈরি করা সম্ভব ছিল, কিন্তু বাংলা ভাষার সংবাদপত্রে বিনামূল্যে প্রবেশযোগ্য অনলাইন আর্কাইভ না থাকায় তা সম্ভব হচ্ছেনা। কেন্দ্রীয় গ্রন্থাগার বা আর্কাইভ কেন্দ্রে গিয়ে সংবাদ খুঁজে বের করাও অনেক অর্থ, সময় ও শ্রমের ব্যাপার। আফসান চৌধুরীর অসহযোগ আন্দোলন নিয়ে লেখা বইতে প্রস্তাবিত প্রদেশ সম্পর্কে কিছু তথ্য আছে বৈকি, তবে একটি বই নিয়ে তো নিবন্ধ হতে পারেনা। তাই এসব সমস্যা সমাধানে একটি অনলাইন আর্কাইভ হতে পারে উইকিমিডিয়ার বাংলাভাষী সম্প্রদায়ের জন্য একটি গেইমচেঞ্জার যা ব্যবহার করে উইকিমিডিয়া সহপ্রকল্পগুলোকে আরও বড় করা যেতো।
ধরুন এমন একটি আর্কাইভ যেখানে পাওয়া যাবে ১৯০০ থেকে ২০২০ সাল পর্যন্ত সকল বাংলা সংবাদপত্রের পিডিএফ ফাইল। প্রতিটি পিডিএফ ফাইলে থাকবে একটি নির্দিষ্ট সংবাদপত্রের নির্দিষ্ট তারিখের সংখ্যা। পিডিএফ ফাইলের ওয়েব পাতায় ট্যাগ হিসেবে ওই সংবাদপত্রে যেসব খবর আছে সেসব খবরের শিরোনাম ও গুরুত্বপূর্ণ তথ্যগুলোর সাথে সম্পর্কিত শব্দ, যাতে আমরা সহজেই আর্কাইভের সার্চ ইঞ্জিনে সার্চ করে প্রয়োজনীয় তথ্য খুঁজে নিতে পারি। আর্কাইভে আরও থাকতে পারে বিভিন্ন ম্যাগাজিন ও ক্রোড়পত্রের পিডিএফ। আর্কাইভটি হতে পারে আমাদের মতো সাধারণ উইকিমিডিয়ানদের যৌথ অবদানে অথবা উইকিমিডিয়া বাংলাদেশের প্রচেষ্টায়, তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি উদ্যোগটি উইকিমিডিয়া বাংলাদেশ নিলে সংবাদপত্রগুলো সংগ্রহের খরচ কুলানো যাবে। পাশাপাশি উইকিমিডিয়া বাংলাদেশ সংবাদপত্রের দপ্তরগুলোর সাথে যোগাযোগ করে তাদের আর্কাইভের কপিগুলো নিতে পারে। পাশাপাশি উইকিমিডিয়া বাংলাদেশের জন্য প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের সাথে যোগাযোগ করে তাদের আর্কাইভের সংবাদপত্র স্ক্যান করে আপলোড করা সহজ হবে, সেজন্য একটি আনুষ্ঠানিক চুক্তি সম্পাদন করাই যথেষ্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার কেন্দ্রীয় গ্রন্থাগারেও শুনেছি আজকাল স্ক্রিনে পুরোনো সংবাদপত্র পড়ার সুযোগ আছে, সেটা সত্যি হলে সংগ্রহের ব্যাপারটা কিন্তু আরও সহজ হয়ে গেলো। আর্কাইভটি হতে পারে উইকিপিডিয়া লাইব্রেরির মতো যেখানে যেকোন উইকিমিডিয়ান নির্দিষ্ট সম্পাদনা ও তৈরিকৃত নিবন্ধ থাকলেই শুধু প্রবেশ করতে পারবেন। এভাবে উইকিমিডিয়ার লক্ষ্য বাস্তবায়নের ক্ষেত্রে এই প্রস্তাবিত আর্কাইভ অনেক বড় ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।
আর্কাইভটি উন্মুক্ত করার পর উইকিমিডিয়ার সহপ্রকল্পগুলোর প্রবৃদ্ধি অনেক বেড়ে যাবে। যেমন উইকিপিডিয়ার কথা ধরুন, উইকিপিডিয়ায় যেসব পুরোনো উল্লেখযোগ্য বিষয় নিয়ে অনেকে নিবন্ধ তৈরি করতে চান কিন্তু অনলাইনে তথ্য না থাকায় পারেন না তারা খুব সহজেই এটা ব্যবহার করে নিবন্ধ তৈরি করতে পারবেন। আবার যেমন ছোট নিবন্ধ মানে যেসব নিবন্ধগুলো তথ্যসূত্র কম বিধায় অসম্পূর্ণ, সেগুলোকে আর্কাইভের তথ্য ব্যবহার করে বড় বা সম্পূর্ণ করা যাবে। আবার যেমন কমন্সে আমরা পাবলিক ডোমেইনের অনেক ঐতিহাসিক ছবি আপলোড করে থাকি। আর্কাইভের সংবাদপত্রের যেকোন ছবি পাবলিক ডোমেইনে আসলে সেগুলো আমরা কমন্সে আপলোড করতে পারি। এবার আসা যাক উইকিউক্তির ব্যাপারে। বর্তমানে উইকিউক্তি হল উক্তির সংগ্রহশালা। উক্তির অভাবে অনেক বিখ্যাত ব্যক্তির পাতা সেখানে তৈরি করা যাচ্ছেনা। আর্কাইভ প্রতিষ্ঠার পর আমার মতে সবচেয়ে বেশি লাভবান হবে উইকিউক্তি। উইকিসংকলনেও কাজে আসবে এই আর্কাইভ। সব মিলিয়ে বলা যায় এই আর্কাইভ উইকিমিডিয়ার বাংলা ভাষার সহপ্রকল্পগুলোতে বিপ্লব এনে দেবে।
বিদেশে ইংরেজি সংবাদপত্রগুলোর আর্কাইভ রয়েছে এবং সেসব আর্কাইভ ব্যবহার করে ইংরেজি উইকিপিডিয়ায় নিবন্ধ তৈরি করা হয়ে থাকে। যদি বাংলা সম্প্রদায়ের জন্য একটি অনলাইন আর্কাইভ করার জন্য আমরা সবাই এবং বিশেষ করে উইকিমিডিয়া বাংলাদেশ এগিয়ে আসে তাহলে তা আসলেই বড় রকমের পরিবর্তন নিয়ে আসবে। আর সেজন্য প্রয়োজন সবার সদিচ্ছা। আর এই সদিচ্ছা থাকলেই উইকিমিডিয়ার বাংলা সহপ্রকল্পগুলো এগিয়ে যাবে বহুদূর।
