
উইকি জরিপ, নেত্রকোণা সরকারি মহিলা কলেজ। ছবি: উইকিমিডিয়া বাংলাদেশ/ সিসি-বাই-এসএ ৪.০
বাংলা উইকিপিডিয়ায় এই ধরনের জরিপ চালানোর উদ্দেশ্য ছিলো সাধারণ কিছু তথ্য সংগ্রহ করা। যা পরবর্তীতে উইকির অনলাইন ও অফলাইন কাজে বৈচিত্র্য আনতে সাহায্য করবে। কার্যক্রমটি চালানোর জন্য আগস্ট ২০২৩ থেকেই বাংলা উইকিতে আনঅফিসিয়াল আলোচনা হয়েছিলো। উইকিমিডিয়া বাংলাদেশের সদস্য ও বাংলা উইকিপিডিয়ার প্রশাসকরা গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন। জরিপটি পরিচালনার জন্য সম্প্রদায়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অফলাইনে কার্যক্রমটি ময়মনসিংহ উইকিপিডিয়া সম্প্রদায় ও রাজশাহী উইকিপিডিয়া সম্প্রদায় পরিচালনা করেছেন। এছাড়া জরিপের প্রধান কাজটি হয়েছে অনলাইনে উইকিপিডিয়ার ফেসবুক গ্রুপ, ম্যাসেঞ্জার ও টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে।
‘উইকি জরিপ ২০২৩’ সংক্রান্ত কার্যক্রমটি শুরু হয় ৫ ডিসেম্বর ২০২৩।
তথ্য অনুসন্ধানে সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীদের উইকিপিডিয়া ব্যবহার। ছবি: তানভির রহমান
দুই মাসব্যাপী চলমান জরিপটি ২০২৪ খ্রিষ্টাব্দের জানুয়ারি মাসের ৩০ তারিখ শেষ হয়। এই জরিপটি দুই ধরনের ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে পরিচালিত হয়েছে। এক অংশ সাধারণ ইন্টারনেট ব্যবহারকারী; যাদের মধ্যে কলেজের ছাত্র-ছাত্রী বেশী ছিলো। অন্য অংশ নতুন উইকিপিডিয়ান / অভিজ্ঞ উইকিপিডিয়ান। এই দুই ধরনের ব্যবহারকারীদের থেকে তথ্য সংগ্রহের উদ্দেশ্য ছিলো বাংলা উইকিপিডিয়া ও উইকির অন্যান্য প্রকল্পগুলোকে সমৃদ্ধ করার বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণ করা।
এই জরিপে তিনটি বিবৃতিমূলক প্রশ্ন ছিলো: ১. উইকিমিডিয়াতে অবদান রাখতে কী কী সমস্যা বা চ্যালেঞ্জ অনুভব করেন; ২. উইকিমিডিয়াতে অবদান রাখতে সমস্যা বা চ্যালেঞ্জগুলো কীভাবে সমাধান করা যায় বলে মনে করেন; ৩. উইকিমিডিয়ার বিভিন্ন প্রকল্পে নারী অবদানকারী কীভাবে সম্পৃক্ত করা যায় বলে মনে করেন।
এর মাঝে নানা সমস্যা ও সমাধানের কথা উঠে এসেছে। যেমন নতুন নিবন্ধ লেখার নিয়মকানুন, লেখা কপিরাইট নিয়ম বুঝতে সমস্যা, নতুন ব্যবহারকারীদের না বুঝে সম্পাদনা করা, কিছুদিন অবদান রেখেই টহল দিতে আসা ইত্যাদি। এছাড়াও স্বয়ংক্রিয়ভাবে ইংরেজি উইকিপিডিয়ায় P2P proxy এর জন্য আইপি বাধা হয়ে যাওয়ার সমস্যা। ভিডিও টিউটোরিয়াল তৈরি করা, নিয়মকানুনের পাতাগুলো বাংলায় অনুবাদ করা, অনলাইন-অফলাইন কর্মশালার আয়োজন করা ইত্যাদি। জেন্ডার গ্যাপ কমানোর জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন ইভেন্ট আয়োজন করা, অনলাইন ও অফলাইন কর্মশালার আয়োজন করা, নারীদের নিয়ে বিষয় এডিটাথনের আয়োজন করা ইত্যাদি।

রাজশাহীতে উইকি জরিপ ২০২৩-এর কর্মশালা। ছবি: সাদিকুল/ সিসি-বাই-এসএ ৪.০
এই জরিপের ইতিবাচক দিকটি হলো নারীদের মাঝে থেকে সাড়া পাওয়া। ৬৪% নারী ও ৩৫% পুরুষ ইন্টারনেট ব্যবহারকারী অংশ নিয়েছেন। জরিপের ফলাফল বিবেচনায় রেখে আগামী দিনে বাংলা উইকিপিডিয়াসহ উইকির অন্যান্য প্রকল্পে কাজের বৈচিত্র্য আসবে আশা করছি।
