
গালিব হাসান। ছবি: দোলন প্রভা/ সিসি-বাই-এসএ ৪.০
২০১৬ সাল, আমি তখন ৭ম শ্রেণিতে পড়তাম। সেই সময় পাঠ্যবইয়ের মাধ্যমে প্রথম বাংলা উইকিপিডিয়া সম্পর্কে জানতে পারি। কিন্তু সে সময় বিষয়টা নিয়ে এত বেশি আগ্রহ ছিলো না। তারপরের বছর ২০১৭ সালে উইকিমিডিয়া কমন্স আয়োজন করে সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে ছবি তোলার প্রতিযোগিতা ‘উইকি লাভস মনুমেন্টস’। সেই প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে দুই ছবি বিজয়ী তালিকায় স্থান পায়। বাংলাদেশের দুটি ছবিই ইন্টারনেটের মাধ্যমে দেখি। তখন বাংলা উইকিপিডিয়া, উইকিমিডিয়া সম্পর্কে জানার আগ্রহ তৈরী হয়।
আমি যখন বাংলা উইকিপিডিয়ার পাঠক ছিলাম তখন নিবন্ধ ছিল প্রায় ৩৫ হাজার। যা ২০২৪ সালে দেড়লাখ ছাড়িয়ে গেছে। প্রথম প্রথম মোবাইলের মাধ্যমে উইকিপিডিয়ার প্রধান পাতায় আসা নতুন নির্বাচিত ও ভালো নিবন্ধ পড়তাম, কিন্তু পরবর্তীতে প্রতিদিন প্রায় প্রধান পাতায় একই নিবন্ধ পুনরাবৃত্তি হতে থাকে।
২০২০ সালে উইকিপিডিয়ায় অ্যাকাউন্ট তৈরির আগে পর্যন্ত মনে করতাম উইকিপিডিয়া শুধু বাংলা ভাষাতে সীমাবদ্ধ। এছাড়া উইকিপিডিয়া যে মুক্ত একটি জ্ঞানকোষ, এখানে যে কেউ স্বেচ্ছায় অবদান রাখতে পারবেন সে বিষয়ে কোনো ধারণাই ছিলোনা। তারপরে অনলাইনে বিভিন্ন লেখার পড়ে প্রথম উইকিপিডিয়া সম্পর্কে বিস্তারিত জানতে পারি। তারপরে বাংলা উইকিপিডিয়ার অনেকর সাথে যোগাযোগ হয়; যারা উইকিপিডিয়ায় আয়োজিত বিভিন্ন নিবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।
বাংলা উইকিপিডিয়ায় আমি প্রথম অবদান রাখি ২০২০ সালের ২৬ মার্চ। আমার মাধ্যমিক পরীক্ষা শেষ করে অবসর সময় ও করোনার লকডাউনের দিনগুলোতে উইকির কাজ করেছি। প্রথম দিকে বিভিন্ন নিবন্ধে ছোট ছোট তথ্য যুক্ত করার মাধ্যমে কাজ করা শুরু। উইকিপিডিয়াতে শুরুর দিকে পরিবেশ বিষয়ক নিবন্ধে কাজ করলেও পরবতীতে মিডিয়া এবং নাটক, ইতিহাস, ভূগোল এবং স্থানসহ প্রায় সকল বিষয়ে কাজ করেছি ।
২০২২ সালের ২৩ সেপ্টেম্বর ময়মনসিংহ উইকিপিডিয়া সম্প্রদায়ের আনুষ্ঠানিক অনুমোদন হয়। আমি সেখানে প্রতিষ্ঠাকালীন একজন সদস্য। তারপরে ময়মনসিংহের উইকি আড্ডা, সমাবেশ, ফটোওয়াকে অংশ নিয়েছি। এটার মাধ্যমে আমি নিজেকে উইকির অফলাইন কাজে যুক্ত করতে পেরেছি। এছাড়াও আমার বিভিন্ন নতুন স্থান দেখার প্রতি একধরনের আগ্রহ ও নেশা আছে। সম্প্রদায়ের সাথে বেশ কয়েকটি ফটোওয়াকে গিয়েছি ও কমন্সের জন্য ছবি সংগ্রহ করেছি। এই প্রোগ্রামে অংশ নিয়ে আমি নতুন অনেক বিষয় দেখেছি ও শিখেছি।
ফটোওয়াকের ছবিগুলো উইকিমিডিয়া কমন্সে আপলোড ছাড়াও উইকিডাটা, অন্যান্য উইকিপিডিয়ায় অবদান রাখি। এছাড়াও আমি বিশ্ব পরিবেশ দিবস ২০২০, ২০২১ এবং ২০২৩-এ পরিবেশ সংক্রান্ত এডিটাথনে অংশ নিয়েছি এবং আন্তর্জাতিক জাদুঘর দিবস ডেটাথন ২০২৩- এ যুক্ত থেকেছি। অসমীয়া-বাংলা উইকিপিডিয়া সম্পাদনা সভায় নতুন নিবন্ধ যুক্ত করেছি।
আমার উইকিপিডিয়ায় যুক্ত হওয়ার পাঁচ বছরে মধ্যে বেশ কয়েকটি অফলাইন আড্ডা, ফটোওয়াকে যোগ দিয়েছি। সব মিলে উইকির সাথে একটা সুন্দর সময় কেটেছে। সবচেয়ে মজার বিষয় হলো, একসময় ভাবতাম উইকিতে আমার মতো সাধারণ কেউ অবদান রাখতে পারবে না কিন্তু যুক্ত হবার পরে দেখলাম আমার মতো অনেকের ছোট ছোট অবদানেই উইকিপিডিয়া এত সুন্দর ও গুছানো থাকে।
