উইকিম্যানিয়া ২০২৪ এ বর্ষসেরা উইকিমিডিয়ান হান্নাহ ক্লোভার ছবি:আহমদ আলি করিম / উইকিমিডিয়া কমন্স

উইকিমিডিয়া আন্দোলন বৈশ্বিক জ্ঞানকোষ তৈরির সক্রিয় আন্দোলন। সারা পৃথিবীর বহু স্বেচ্ছাসেবক এই প্রকল্পে অবদান রাখার মাধ্যমে অনবরত জ্ঞানকোষকে সমৃদ্ধ করছে। অবদানকারী ও সম্প্রদায়কে অনুপ্রেরণা দেওয়ার জন্য অগ্রগামী এক বা একাধিক ব্যক্তিকে প্রতি বছর বর্ষসেরা উইকিমিডিয়া পুরস্কার প্রদান করা হয়। এটাকে ইংরেজিতে “Wikimedian of the Year” বলা হয়। এই পুরস্কারটি ২০১১ সাল থেকে প্রতিবছর প্রদান করা হচ্ছে।

বর্ষসেরা উইকিমিডিয়ান: হান্নাহ ক্লোভার

হান্নাহ ক্লোভার, ইংরেজি উইকিপিডিয়ার একজন প্রশাসক। তিনি প্রায়শই নতুন অবদানকারীদের উৎসাহ দিয়ে থাকেন। নতুন ব্যবহারকারীদের জন্য তার আলাপ পাতায় “নিউবি সেন্ট্রাল” নামে একটা তথ্যভাণ্ডার গড়ে তুলেন। এই কাজগুলো আন্দোলনের অনুপ্রেরণাদায়ক হিসাবে ব্যবহৃত হয়েছে। তিনি ভিন্ন একটি প্রজেক্টের মাধ্যমে ২০০ এর অধিক সম্পাদকের গল্প তুলে ধরেছেন। এছাড়াও ইংরেজি উইকিতে প্রায় ২৪ হাজার সম্পাদনা করেছেন, যার অধিকাংশ মোবাইলের মাধ্যমে সম্পাদনা করা। এটার মাধ্যমে শিক্ষা লাভ করা যায়, আমরা যেখানে মোবাইলকে শুধু মাত্র আমাদের যোগাযোগের উপায়, ছবি তোলা বা ফেসবুক ব্যবহারের মাধ্যম হিসাবে বেছে নিয়েছি, সেখানে ক্লোভার মোবাইল দিয়েই বিশ্বকোষ তৈরিতে ব্যস্ত। মোবাইল সম্পাদনার অভিজ্ঞতা উন্নত করার জন্য একজন আঞ্চলিক পরামর্শদাতা হিসাবে তাকে বেছে নেওয়া হয়েছে।

উইকিমিডিয়া লরিয়েট: মার্টিন রুলস

মার্টিন রুলস, যিনি উইকিমিডিয়া আন্দোলনে DerHexer ব্যবহারকারী নামে পরিচিত। তিনি সবচেয়ে বেশি সময় ধরে স্টুয়ার্ডের দায়িত্ব পালন করছেন, যা ১৭ বছর অতিক্রম করেছে। তিনি জার্মান এবং ইংরেজি উইকিপিডিয়া এবং মেটা-উইকির একজন প্রশাসক হিসাবে কাজ করেন। পাশাপাশি দুর্দান্ত একজন ফটোগ্রাফার এবং উইকিমিডিয়া কমন্সের একজন প্রশাসক। তিনি কমন্সে বহু আয়োজনের সংগঠকের দায়িত্ব পালন করেছেন। তার বহু ছবি নানা প্রতিযোগিতায় সেরা পুরস্কার পেয়েছে। এছাড়াও উইকিপিডিয়ার গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত পরিবর্তনগুলো বাস্তবায়ন করেছেন। একজন স্টুয়ার্ড হিসাবে পর্দার আড়ালে ধ্বংসাত্মক সম্পাদনার বিরুদ্ধে লড়তে থাকাই তার অন্যতম উদ্দেশ্য। নিজেই এই সম্পর্কে বলেছেন, উইকিমিডিয়া স্টুয়ার্ডস হিসাবে আমরা সাধারণত ব্যাকগ্রাউন্ডে থাকি, এমন সব জটিল কাজ করি যা অন্য ব্যবহারকারীরা সাধারণত করতে চায় না। আমি আমার এই কাজকে উপভোগ করি।

মিডিয়া অবদানকারী: ক্যানার ওসায়েক্সি

২০২৪ খ্রিষ্টাব্দের সেরা মিডিয়া অবদানকারী হলো তুরস্কের ক্যানার ওসায়েক্সি, যিনি উইকিতে ব্যবহারকারী:Kurmanbek নামে পরিচিত। তিনি স্থানীয় প্রকল্পের একজন সম্পাদক ও ইন্টারফেস প্রশাসক। তার ব্যক্তিগত ওয়েবসাইটে নিজেকে গ্রাফিক্স ডিজাইনার, ফটোগ্রাফার ও উইকিমিডিয়ান হিসাবে পরিচয় দিয়েছে। নিজস্ব প্রতিভা এবং কল্পনা ব্যবহার করে ছবি ডিজাইনের মাধ্যমে বিশ্বজুড়ে সম্প্রদায়ের প্রচারের কাজে অগ্রণী ভূমিকা পালন করেছেন। সে কমন্সে ইস্তাম্বুলের ছবি আপলোড করতে পছন্দ করেন। এছাড়াও  ডাকটিকিট, পোস্টকার্ড, ব্যাংকনোট, কয়েন, পতাকা এবং সাংস্কৃতিক তাৎপর্যপূর্ণ ছবি আপলোড করেছেন। মধ্যস্থতাকারী হিসাবে তুরস্কের সিইই হাব ইয়ুথ গ্রুপের সদস্যদের সাথে জাপান-তুরস্ক ফ্রেন্ডশিপ প্রজেক্টের একজন সহ-প্রতিষ্ঠাতা ছিলেন। তার এই কাজ জাপান-তুরস্কের উইকিমিডিয়ার আন্দোলনের একজন ভিজ্যুয়াল যোদ্ধা হিসাবে পরিচয় দিয়েছে।

সেরা নবাগত: ওয়াইউ সম্প্রদায়

এ বছরের সেরা নবাগত ঘোষণা করা হয়েছে একটি নতুন প্রবৃদ্ধিমূলক সম্প্রদায়কে। যার নাম ওয়াইউ সম্প্রদায়। ওয়াইউ মানুষ হল একটি আদিবাসী সম্প্রদায় যা গুয়াজিরা উপদ্বীপে, পূর্ব কলম্বিয়ার উত্তরাঞ্চলে এবং পশ্চিম ভেনিজুয়েলার উত্তরে বসবাস করে। তাদের ভাষা নাম ওয়াইউনাইকি, প্রায় ৪ লক্ষ মানুষ এই ভাষায় কথা বলে। এই অঞ্চলে ইনকিউবেটর প্রকল্প থেকে উইকির মূল প্রকল্পে প্রকাশ এতোটা সহজ ছিলোনা। সেখানে কম্পিউটার সরঞ্জাম বা ইন্টারনেট সংযোগের অভাব ছিল। তবে জনগণের মধ্যে সহযোগিতামূলক মনোভাব এবং প্রকল্পের কিছু সক্রিয় সম্পাদকের জন্য এটা সম্ভব হয়েছে। এই নবাগত সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করছেন লিওনার্দি ফার্নান্দেজ (ব্যবহারকারী:Leonfd1992) নামে এক তরুণ, যিনি এই উইকিপিডিয়ার একজন প্রশাসক। গত ২৭ ফেব্রুয়ারি ২০২৩-এ ওয়াইউ উইকিপিডিয়াটি ৫৭৬টি নিবন্ধ নিয়ে যাত্রা শুরু করে।

সেরা ফাংশনারী: ভিরা মোটরকো

ভিরা মোটরকি একজন ইউক্রেনীয় উইকিপিডিয়ার প্রশাসক ও মেটা উইকির কেন্দ্রীয় নোটিশ ও অনুবাদ প্রশাসক। তিনি উইকিতে আতা (ব্যবহারকারী:Ata) নামে পরিচিত। মেটা উইকিতে প্রযুক্তিগত বার্তাগুলি অনুবাদ করা, টেমপ্লেটগুলো নথিভুক্ত করা, ইন্টারফেস বার্তাগুলো উন্নত ফর্ম্যাটিং করার কাজে নিজেকে সপে দিয়েছিলেন। আতা সর্বদাই প্রয়োজন হয় এমন ছোট ছোট কাজ যা সবার অ-নজরে থাকে সেগুলো খুজে বের করেন। সেগুলো চমৎকারভাবে সম্পন্ন করে প্রকল্পটিকে উন্নত করেন। তার কাজগুলো সম্প্রদায়ের সাথে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত ও বিশেষভাবে উল্লেখযোগ্য।

সেরা প্রযুক্তি অবদানকারী: সিদ্ধার্থ ভিপি

সিদ্ধার্থ ভিপি মিডিয়াউইকির মূল অবকাঠামোতে একজন প্রভূত অবদানকারী। স্ক্রিপ্ট, বট এবং গ্যাজেটগুলোতে কাজের জন্য তিনি সম্প্রদায়ের কাছে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। গ্যাজেট ও ইকো এক্সটেনশনগুলোতে তার অবদানের জন্য সম্প্রদায় প্রশংসা করেছেন৷ সিদ্ধার্থ এই কাজগুলো প্রায় ১০ বছর যাবত করে আসছে। সাথে সাথে সেসব গ্যাজেট ও স্ক্রিপ্ট মিডিয়া উইকির মাধ্যমে আরো উন্নত করা যায়, সেগুলোতে কাজ করেছেন। এছাড়াও টুইংকল ও খসড়া জমা দেওয়ার গ্যাজেটের মানোন্নয়ন করেছেন। উইকিপিডিয়ায় অবদানকারীরা এই কাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। যখন উইকিপিডিয়ায় কোন কাজ থাকেনা, তখন তিনি দাবা খেলতে ভালোবাসেন।

অনারেবল মেনশন: জি ইউ-ইউনে

জি ইউ উইমিডিয়া আন্দোলয়ের একজন অধিভুক্ত কর্মী। এছাড়াও উইকিমিডিয়া কোরিয়ার একজন পরিচালক এবং প্রতিষ্ঠাতাদের একজন। এই ব্যবহারকারী উইকিপিডিয়া প্রকল্পে Motoko C. K নামে পরিচিত। কোরীয় প্রকল্পে ব্যবহারকারীদের মধ্যে বৈচিত্র্যের প্রচার, তরুণ প্রজন্মকে উৎসাহ ও গুরুত্বপূর্ণ বিষয়ে জ্ঞানের শূন্যস্থান পূরণে কাজ করে যাচ্ছেন। তিনি স্থানীয় উইকিতে এইচআইভি, রাজনীতিবিদ ও কোরীয় সম্পর্কিত সংস্কৃতি নিবন্ধের মানোন্নয়নে মনোযোগ দিয়েছেন।

এছাড়াও বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের নাজমুল হক নকীবের নেতৃত্বে CampWiz নামক টুল প্রস্তুত করা হয়েছে। সেটা ২০২৪ সালের Coolest Tool Award এ অনারেবল মেনশন হিসেবে স্বীকৃতি লাভ করে। এটি ফাউন্টেন টুলের সাথে আরো কিছু বাড়তি সুবিধা যোগ করে। এবারের নারীবাদ ও লোকগাথা প্রতিযোগিতায় টুলটি সফলভাবে ব্যবহৃত হয়েছিলো।

উইকিবার্তা
Translate »
Share This