
বাংলা উইকিঅভিধানের লোগো। লোগোটি তৈরি করেছেন odder, যা উইকিমিডিয়া কমন্সে সিসি-বাই-এস-এ ৩.০ লাইসেন্সের আওতায় প্রকাশিত।
বাংলা উইকিঅভিধান সম্প্রতি এক লক্ষ ভুক্তির মাইলফলক অর্জন করেছে, যা আমাদের বাংলা ভাষার জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বাংলা উইকিপিডিয়ার পর এটিই দ্বিতীয় বাংলা প্রকল্প, যার বিষয়বস্তুর সংখ্যা এক লক্ষ ছাড়িয়ে গেছে। এটি শুধু বাংলা ভাষায় ইন্টারনেটের সম্পদ বৃদ্ধি করেছে তা নয়, বরং আমাদের ভাষার প্রতি ভালোবাসা এবং একত্রিতভাবে কাজ করার চেতনারও প্রতিফলন।
বাংলা উইকিঅভিধানে তৈরি প্রথম পাতাটি ছিলো এর প্রধান পাতা, যা ১৫ অক্টোবর ২০০৪ সালে তৈরি করা হয়, এরপর ২৪ অক্টোবর ২০০৫ সালে 203.188.253.101 আইপি থেকে “অ” পাতাটি দিয়ে প্রথম ভুক্তি তৈরি করা শুরু হয়।[১]
বর্তমানে বাংলা উইকিঅভিধানে ভুক্তির সংখ্যা ১,০০,৮৯৩টি, যা প্রতিনিয়ত বাড়ছে। এই মাইলফলকটি অর্জিত হয়েছে সাম্প্রতিক সময়ে সমাপ্ত হওয়া উইকিঅভিধান ভুক্তি প্রতিযোগিতা ২০২৪-এর সময়। প্রতিযোগিতার আয়োজন এবং পরিচালনার সময়, আমাদের লক্ষ্য ছিল বাংলা উইকিঅভিধানকে আরও সমৃদ্ধ করা। প্রতিযোগিতার সময় ৪৩ জন ব্যবহারকারী সক্রিয়ভাবে অংশ নিয়ে ৯,১১৭টি নতুন ভুক্তি তৈরি করেছেন, যা এই লক্ষ্যে পৌঁছাতে বড় ভূমিকা রেখেছে।
আমি প্রতিযোগিতার একজন আয়োজক হিসাবে, এই সাফল্যে অবদান রাখা প্রত্যেক অংশগ্রহণকারী এবং সহযোগীকে আমার আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাতে চাই। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী, ভুক্তি তৈরিতে সহযোগিতা করা স্বেচ্ছাসেবক, এবং যারা পেছন থেকে সবকিছু সুষ্ঠুভাবে পরিচালনা করেছেন—তাদের সবার একত্রিত প্রচেষ্টা ছাড়া এই লক্ষ্য অর্জন করা সম্ভব হতো না।

প্রতিযোগিতার প্রচারণামূলক পোস্টার। ছবি: শাকিল হোসেন/সিসি-বাই-এস-এ ২০২৪
এই অর্জন শুধু একটি সংখ্যা নয়, এটি আমাদের ভাষার সংরক্ষণ ও প্রচারের প্রতি আমাদের দায়বদ্ধতার প্রমাণ। বাংলা উইকিঅভিধান ভবিষ্যতে আরও সমৃদ্ধ হবে এবং আরও অনেক নতুন ভুক্তি ও তথ্য সংযোজনের মাধ্যমে এটি বাংলা ভাষাভাষীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদে পরিণত হবে। আমাদের এই যাত্রা এখানেই থেমে নেই; আমরা আরও এগিয়ে যাব, আরও সমৃদ্ধ করব আমাদের ভাষার অনলাইন ডেটাবেসকে।
আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টা বাংলা ভাষার ডিজিটাল ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করবে, এটাই আমাদের প্রত্যাশা।
