
মহীন রীয়াদ। ছবি: বিজয় চৌরাসিয়া / সিসি-বাই-এসএ ৪.০
চট্টগ্রাম উইকিমিডিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা এবং উইকিমিডিয়া বাংলাদেশের কোষাধ্যক্ষ মহীন রীয়াদ, ২০১৩ খ্রিষ্টাব্দ থেকে বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখছেন। উইকিপিডিয়ায় এখন পর্যন্ত তিনি ১২ শতাধিক নিবন্ধ তৈরি করেছেন। বাংলা উইকিপিডিয়ায় তার সম্পাদনা সংখ্যা ৮৫ হাজারের বেশি, সকল উইকিপিডিয়া প্রকল্প মিলিয়ে তার মোট সম্পাদনা সংখ্যা আড়াই লক্ষের কাছাকাছি। ২০১৫ সাল থেকে তিনি বাংলা উইকিপিডিয়ার প্রশাসক এবং ২০১৭ সাল থেকে উইকিমিডিয়া কমন্সের প্রশাসক। তিনি ২০২১-২২ মেয়াদে, উইকিমিডিয়া ন্যায়পাল কমিশনের সদস্য হিসাবেও দায়িত্ব পালন করেছেন। বাংলা উইকিপিডিয়া তথা উইকিমিডিয়া প্রকল্পে তার জড়িত হওয়াসহ নানা বিষয় নিয়ে উইকিবার্তার সাথে কথা বলেছেন। সাক্ষাৎকার নিয়েছেন- দোলন প্রভা
উইকিবার্তা: উইকিপিডিয়ার সাথে আপনার যাত্রা কবে থেকে শুরু এবং কিভাবে?
মহীন: ‘উইকিপিডিয়া’ শব্দটির সাথে আমার পরিচয় ঘটে ২০১০ সালের মাঝামাঝি সময়ে। তখন আমি একটি সাহিত্যপত্রিকা সম্পাদনার প্রস্তুতি নিচ্ছিলাম। একাজে বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহের প্রয়োজন হত। এভাবেই ইংরেজি উইকির সাথে পরিচয় ঘটে। মূলত উইকিপিডিয়ার নিবন্ধের ফাঁকে-ফাঁকে থাকা [Edit] শব্দটি সম্পাদনার প্রতি আমার ঝোঁক সৃষ্টি করে। সেবছরের শেষের দিক থেকে ইংরেজিতে টুকটাক সম্পাদনা করতে থাকি। সেসময় বাংলা উইকিপিডিয়ায় তথ্য ছিল অপ্রতুল। ইংরেজি ভাষার দেড় হাজার বছরের ইতিহাস থাকলেও, বাংলা ভাষারও রয়েছে এগারশো বছরের বেশি সময়ের ইতিহাস। অথচ সেই তুলনায় ইন্টারনেটে বাংলার আধিপত্য নগণ্য। এই তথ্যের অপ্রাপ্তি থেকেই বাংলা উইকিপিডিয়ায় আমার সম্পাদনার মনোভাব তৈরি হয়। বাস্তবতা এটাই যে, বাংলা ভাষায় তথ্য প্রাপ্তির সম্ভাবনা গড়ে তুলতে হলে বাংলাভাষীদেরকেই এসকল তথ্য সরবরাহ করতে হবে। এভাবেই ২০১৩ সাল থেকে বাংলা উইকিপিডিয়ায় আমার সম্পাদনার শুরু। প্রথমদিকে বাংলা লিখন প্রযুক্তি ও ভাষাগত কিছু সমস্যা হলেও, ধীরে-ধীরে উইকিপিডিয়ার নীতিমালাগুলোর সাথে পরিচিত হবার ফলে উইকির সাথে সম্পৃক্ততা দৃঢ় হয়। একসময় উইকিসম্পাদনা অভ্যাসে পরিণত হয় এবং অভ্যাসটা এখনো রয়েছে।
উইকিবার্তা: আপনার প্রধান সম্প্রদায় এবং উইকিপ্রকল্পগুলি কি কি?
মহীন: মোটাদাগে, আমার প্রধান সম্প্রদায় বাংলা উইকিপিডিয়া। পাশাপাশি বাংলা উইকিভ্রমণ, বাংলা উইকিঅভিধান, বাংলা উইকিবই, বাংলা উইকিউক্তি, উইকিমিডিয়া কমন্স এবং উইকিউপাত্তে আমার অবদান রয়েছে। এছাড়াও চট্টগ্রাম উইকিমিডিয়া সম্প্রদায়ের সাথেও সক্রিয়ভাবে যুক্ত আছি।
উইকিবার্তা: চট্টগ্রাম উইকিমিডিয়া সম্প্রদায়ের শুরু কিভাবে হল?
মহীন: চট্টগ্রাম অঞ্চলের তথ্য-উপাত্তের সমৃদ্ধি ঘটানো এবং স্বেচ্ছাসেবকদের মধ্যে সমন্বয় সাধনের লক্ষ্যে ২০১৩ সালে চট্টগ্রাম উইকিমিডিয়া সম্প্রদায় গঠন করা হয়। ২০১৬ সালে উইকিমিডিয়া বাংলাদেশের আঞ্চলিক পরিষদ গঠনতন্ত্র অনুযায়ী দেশের প্রথম আঞ্চলিক সম্প্রদায় হিসেবে এটি অনুমোদন লাভ করে। পরবর্তীতে রাজশাহী, কুমিল্লা, চাঁদপুর এবং ময়মনসিংহে ঢাকা বিকেন্দ্রীক উইকিসম্প্রদায় গঠিত হয়। এযাবৎ অনেক স্বেচ্ছাসেবক চট্টগ্রাম সম্প্রদায়ে অবদান রেখেছেন। এদের বেশিরভাগই বিশ্ববিদ্যালয়-কলেজের শিক্ষার্থী, অল্পভাগ পেশাজীবী।
উইকিবার্তা: উইকিমিডিয়া প্রকল্পে আপনি কোন বিষয়গুলো নিয়ে সাধারণত কাজ করতে পছন্দ করেন?
মহীন: মূলত ভৌগলিক ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি, স্থাপত্য, চিত্রকলা, মহাকাশ বিজ্ঞান- এসকল বিষয়ক তথ্য নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। যদিও এক দশকের অধিক সময়ে উইকিতে বহুবিষয়ে লিখতে হয়েছে। আরেকটি আগ্রহের বিষয়, স্থানীয় ইতিহাস। চট্টগ্রামে জন্ম এবং বেড়ে ওঠার ফলে এখানকার খাদ্যরীতি, সংস্কৃতি এবং প্রত্নস্থাপত্যের প্রতি আগ্রহের ফলে উইকিতে এসকল বিষয়গুলো অন্তর্ভুক্ত করার প্রতিও আমার আগ্রহ রয়েছে। আমার পড়া সাহিত্য, দেখা চলচ্চিত্র এসকল বিষয়েও অনেক নিবন্ধ লিখেছি। এছাড়াও সম্পর্কিত নিবন্ধগুলো তথ্যনির্ভুল এবং সর্বশেষ তথ্য অনুযায়ী হালনাগাদ করার বিষয়ে দৃষ্টি রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করি। পাশাপাশি উইকিভ্রমণ চালুর আগে থেকেই বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে প্রকল্পটির সমৃদ্ধির লক্ষ্যে কাজ করছি। এছাড়াও উইকিউপাত্তে বাংলাদেশের জাদুঘর, গ্রন্থাগার, প্রত্নতত্ত্ব, চলচ্চিত্র বিষয়ক তথ্য-উপাত্ত নিয়ে বিস্তর কাজ হয়েছে।
উইকিবার্তা: উইকিপ্রকল্প নিয়ে কাজ করতে কি ধরনের বাঁধার সম্মুখীন হয়েছেন? এবং কিভাবে মোকাবেলা করেছেন?
মহীন: প্রথমদিকে উইকিপিডিয়ায় কাজ করার সময় কয়েকটি প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছি। বাংলায় সঠিকভাবে তথ্য উপস্থাপন এবং বোধগম্য অনুবাদ নিশ্চিত করা শুরুতে কষ্টসাধ্য ছিল। অনেক সময় ইংরেজি নিবন্ধ থেকে তথ্য সংগ্রহ করে বাংলায় অনুবাদ করতে গিয়ে ভাষার কাঠামো বা গঠন ঠিক রাখাও দূরুহ মনে হয়েছে। উপরন্তু, নতুন ব্যবহারকারী হিসেবে উইকিটেক্সট এবং উইকিপিডিয়ার বিভিন্ন নীতিমালাগুলো বুঝতে কিছুটা সময় লেগেছিল। উইকিতে নিয়মিত অবদান রাখার জন্য সঠিক নিয়ম এবং নীতিমালা জ্ঞান থাকাটা গুরুত্বপূর্ণ। প্রথমদিকে এসকল নীতিমালার সাথে খাপ খাওয়াতে কিছুটা সময় লেগেছে। এক্ষেত্রে সম্প্রদায়ের কাছ থেকে পাওয়া সহায়তা এবং দিকনির্দেশনার জন্য আমি বিশেষভাবে কৃতজ্ঞ। সম্প্রদায়ের সহায়তায় আমার কাজের গুণগত মানের উন্নতি ঘটেছে।
একইসঙ্গে, উৎসের বিশ্বাসযোগ্যতা যাচাই করা এবং সঠিক তথ্য সংগ্রহের প্রক্রিয়াও একটি বড় চ্যালেঞ্জ ছিল। এই ধরনের সমস্যাগুলোর সমাধানে আমি ধৈর্য ধরে কাজ করেছি এবং সময়ের সঙ্গে-সঙ্গে একাজে দক্ষতা বেড়েছে। ফলে আমি বেশকিছু মৌলিক নিবন্ধ লিখেছি। এছাড়া উইকিপিডিয়ানদের সাথে আলোচনার মাধ্যমেও বিভিন্ন সময়ে সমস্যার সমাধান পেয়েছি।
আমি মনে করি, আন্তরিকতা এবং ভাষার প্রতি দায়িত্ববোধের বিবেচনায় বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখা জরুরি।
নোম চমস্কির মতে, কোন ভাষা শুধুমাত্র কতগুলো শব্দ নয়। এটি একটি সংস্কৃতি, একটি ঐতিহ্য, একটি সম্প্রদায়ের একীকরণ, এমন একটি সম্পূর্ণ ইতিহাস যা একটি সম্প্রদায়ের নির্মাণ করে।
উইকিবার্তা: বাংলা উইকির প্রধান সমস্যা বা অন্তরায় কি বলে আপনি মনে করেন?
মহীন: বাংলা উইকিপিডিয়ায় ধর্ম, রাজনীতি, ক্রীড়া, বিনোদন ইত্যাদি বিষয়ে যেমন তথ্যের প্রাচুর্যতা রয়েছে তেমনি ইতিহাস, আইন, চিকিৎসা, বিজ্ঞান, প্রযুক্তি এবং সমসাময়িক বিষয়বস্তুর ক্ষেত্রে আরও উন্নয়ন ঘটানোর সুযোগ রয়েছে।
বর্তমানে বাংলা উইকির প্রধান সমস্যা তথ্যের অপ্রাচুর্যতা এবং তথ্যের অসাম্প্রদায়িকতা। বিশেষ করে বিষয়ভিত্তিক তথ্যের বৈচিত্র নগণ্য। আমার মতে, তৃতীয় শ্রেণীর নিবন্ধ নিয়ে প্রথম শ্রেণীর মুক্ত বিশ্বকোষ নির্মাণ করা অসম্ভব।
সক্রিয় এবং নিয়মিত সম্পাদকের সংখ্যাও কম। ফলে নিবন্ধের মানোন্নয়ন ও পরিমাণ বৃদ্ধির কাজ ধীর গতিতে এগোচ্ছে। অনেক ক্ষেত্রে নিবন্ধের তথ্যসূত্র এবং মানের ক্ষেত্রে ঘাটতি থাকছে। বিশেষ করে নির্ভুল এবং প্রাসঙ্গিক উৎস ব্যবহারের ক্ষেত্রে আরও উন্নতির প্রয়োজন। অনেক নতুন উইকিপিডিয়ান প্রযুক্তিগত দিক থেকে দক্ষ না হওয়ায় টেমপ্লেট, উইকিমার্কআপ, এবং অন্যান্য লিখন বিন্যাসের সমস্যায় ভুগেন, যা ভাল মানের নিবন্ধ তৈরি এবং রক্ষণাবেক্ষণে একটি অন্তরায়। বাংলাভাষী জনগোষ্ঠীর একটি বড় অংশ এখনও উইকিপিডিয়ার নিয়মিত পাঠক নয় এবং উইকিপিডিয়ায় সম্পাদনার সাথে জড়িত হতেও অনাগ্রহী। যে কারণে সমৃদ্ধ ও সক্রিয় ব্যবহারকারী ভিত্তি গড়ে উঠছে না, উঠলেও তা টেকসই হচ্ছে না। বাংলা উইকিপিডিয়ার বড় অংশ মূলত ইংরেজি উইকিপিডিয়া থেকে অনুবাদকেন্দ্রিক। ফলে মৌলিক গবেষণা ও বাংলা ভাষার নিজস্ব প্রেক্ষাপটের ভিত্তিতে লেখা নিবন্ধের সংখ্যাও কম। এছাড়াও, বাংলা উইকিপিডিয়ার উন্নয়ন ও সম্প্রসারণের জন্য পর্যাপ্ত তহবিল বা সমর্থনের ঘাটতি রয়েছে, যা আরও কর্মশালা, সম্পাদনা কার্যক্রম, এবং সম্প্রদায়ের প্রসারে সহায়ক ভূমিকা রাখতে পারত।
উইকিবার্তা: বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করতে কি কি পদক্ষেপ নিতে হবে বলে আপনি মনে করেন?

২০১৭ সালে চট্টগ্রামে ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ে উইকিকর্মশালায় মহীন। ছবি: ক্রিস্টেল স্টাইগেনবার্গার / সিসি-বাই-এসএ ৪.০
মহীন: বাংলা উইকিপিডিয়ার সমৃদ্ধি বলতে আমি বুঝি, একে আরও আস্থাশীল এবং নিরপক্ষ তথ্যভান্ডারে রূপান্তর করা, যেখানে পর্যাপ্ত এবং সঠিক তথ্যপ্রাপ্তির সুযোগ ঘটবে। তথ্যের ঐতিহাসিক এবং অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি বিবেচনায় রাখা জরুরি। কেননা
একজন ব্যক্তি তখনই উইকিপিডিয়ার নিয়মিত পাঠক হয়ে উঠেন, যখন তিনি তথ্যের নিরপেক্ষতা এবং যাচাইযোগ্যতার উপর আস্থা রাখতে পারেন। উইকিপিডিয়ার পাঠকই একসময় উইকিপিডিয়ায় অবদানকারী হয়ে উঠে।
এক্ষেত্রে মোটাদাগে কিছু পদক্ষেপের প্রতি দৃষ্টিপাত করা যায়।
প্রথমত, নতুন উইকিপিডিয়ানদের উৎসাহিত করার পাশাপাশি বন্ধুত্বপূর্ণ এবং আগ্রহপূর্ণ পরিবেশ তৈরি করা। আরও সম্পাদনাকারী বা স্বেচ্ছাসেবী আকৃষ্ট করা প্রয়োজন। বর্তমানে যারা বাংলায় তথ্য অনুসন্ধান করেন, তাদের জন্য পর্যাপ্ত তথ্যের অভাব রয়েছে। এই ঘাটতি কমাতে সক্রিয় ব্যবহারকারী একমাত্র বিকল্প। মূলত, জনশক্তিই উইকিপিডিয়ার অন্যতম ভিত্তি।
দ্বিতীয়ত, নিবন্ধের গুণগত মান উন্নত করা অত্যন্ত জরুরি। নির্ভুল তথ্য প্রদান এবং তার গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে হবে। দেশীয় অলিখিত বিষয়গুলো নিয়ে প্রকল্প আকারে কাজ করতে হবে। একাজে আরও গবেষণা এবং মানসম্পন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করতে হবে। প্রতিটি নিবন্ধ নির্ভুল এবং সাম্প্রতিক তথ্য সহকারে হালনাগাদ থাকা উচিত। একই সঙ্গে, নিবন্ধগুলোর ভাষা সহজতর, পাঠযোগ্য এবং গতিশীল রাখাও গুরুত্বপূর্ণ।
তৃতীয়ত, নতুন ব্যবহারকারীদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধির সুযোগ করে দেয়া এবং উইকিপিডিয়ার নীতিমালা সম্পর্কে স্পষ্ট ধারণা প্রদান করা। এছাড়াও প্রযুক্তিগত উন্নয়নের সাথে তাল মিলিয়ে বাংলা উইকিপিডিয়ায় আরও সহজ ও গতিশীল ব্যবহারকারীর অভিজ্ঞতা নিশ্চিত করতে হবে। এসব পদক্ষেপ বাংলা উইকিপিডিয়াকে পরবর্তী মাত্রায় পৌঁছে দিতে সহায়ক হবে বলে আমি মনে করি।
উইকিবার্তা: অনউইকিতে আপনার অবদানের মধ্যে, এমন কিছু কি আমাদের সাথে ভাগ করতে চান যার জন্য আপনি গর্বিত?
মহীন: আমি বাংলা উইকিপিডিয়ায় বেশকিছু মৌলিক নিবন্ধ তৈরি করেছি, যেগুলিকে আমি তথ্যসমৃদ্ধ সংস্থান বলে মনে করি। নিবন্ধের মানোন্নয়নের লক্ষ্যে বাংলা উইকিপিডিয়ার ভালো নিবন্ধ প্রকল্পের সাথে আমি শুরু থেকেই যুক্ত। এখন পর্যন্ত আমার প্রণীত ১১টি নিবন্ধ উইকিপিডিয়ায় ভালো নিবন্ধের মর্যাদা পেয়েছে। পাশাপাশি পঞ্চাশের অধিক নিবন্ধ পর্যালোচনার মাধ্যমে ভালো নিবন্ধে উন্নীত করতে কাজ করেছি। একই লক্ষ্যে ২০২৪ সালে ভালো নিবন্ধ পর্যালোচনা অভিযান পরিচালনার মধ্য দিয়ে পঞ্চাশটি নিবন্ধ ভালো নিবন্ধে উন্নীত করা হয়েছে। এর আগে ২০১৫ সালে ভালো নিবন্ধ পর্যালোচনার জন্য চট্টগ্রামে আয়োজিত ২টি অফলাইন সম্পাদনাসভা থেকে ৩০টি নিবন্ধ উন্নীত হয়েছে। এটা গঠনমূলক কাজের একটি উদাহরণ হতে পারে।
পাশাপাশি বিষয়ভিত্তিক নিবন্ধের উন্নতির লক্ষ্যে আমি বছরব্যাপী বিভিন্ন অনলাইন সম্পাদনা সভা আয়োজনের সাথে যুক্ত, যেগুলির মধ্যে উইকিপিডিয়া এশীয় মাস, আন্তর্জাতিক জাদুঘর দিবস সম্পাদনাসভা, বিশ্ব খাদ্য দিবস সম্পাদনাসভা, বিশ্ব পরিবেশ দিবস সম্পাদনাসভা, উন্মুক্ত প্রবেশাধিকার সপ্তাহ সম্পাদনাসভা, মানসিক অসুস্থতা সচেতনতা সপ্তাহ সম্পাদনাসভা, উইকিভ্রমণ বিশ্ব পর্যটন দিবস সম্পাদনাসভা উল্লেখযোগ্য। এছাড়াও, মোটাদাগে চট্টগ্রাম, জীবনানন্দ দাশ, শহীদুল জহির, এস এম সুলতান, র্যনে মাগ্রিত, মহীনের ঘোড়াগুলি, পিংক ফ্লয়েড, রক সঙ্গীত, মায়া ডেরেন, ভিয়েতনাম যুদ্ধ, বাংলাদেশ ও ইরানের স্থাপত্য, ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ইত্যাদি বিষয়ে উল্লেখযোগ্য সংখ্যক নিবন্ধ লিখেছি, যার মধ্যে পিংক ফ্লয়েড বিষয়ক নিবন্ধ রয়েছে পঞ্চাশের অধিক।
বিশ্বের সর্ববৃহৎ উইকি-ভিত্তিক মিডিয়া ভান্ডার উইকিমিডিয়া কমন্সে আমার পাঁচ হাজারের অধিক ছবি মুক্ত লাইসেন্সের আওতায় প্রকাশিত। এসকল ছবির বিষয়বস্তুর মোটাদাগে স্থাপত্য, প্রত্নতত্ত্ব, এবং বিশ্বের বিভিন্ন স্থান। যেগুলির মধ্যে ২৯.২১% ছবি বর্তমানে বিভিন্ন ভাষার উইকিপ্রকল্পে ব্যবহৃত হচ্ছে। দেশীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমেও এসকল একাধিক ছবি প্রকাশিত হয়েছে।
উইকিবার্তা: আপনার অনউইকি ও অফউইকিতে কাজের অভিজ্ঞতা সংক্ষেপে আমাদের সাথে ভাগ করবেন?

২০১৮ সালে বাংলা এবং মৈথিলী উইকিমিডিয়ানদের সাথে মহীন রীয়াদ। ছবি: বিজয় চৌরাসিয়া / সিসি-বাই-এসএ ৪.০
মহীন: অনউইকিতে কাজ করতে গিয়ে অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। নতুন নিবন্ধ তৈরি, বিদ্যমান নিবন্ধ সম্পাদনা এবং ফাইল আপলোডের অভিজ্ঞতা আমাকে দক্ষতা এবং দায়িত্বশীলতার শিক্ষা দিয়েছে। অনলাইনে উইকিসম্প্রদায়ের সাথে যোগাযোগ, আলাপ পাতায় আলোচনা, এবং বিভিন্ন নীতিমালা অনুসরণ করে কাজ করতে গিয়ে নিজেকে ক্রমাগত পরিণত হতে হয়েছে।
অফউইকিতে বিভিন্ন কর্মশালা, সভা এবং আড্ডায় অংশগ্রহণের মাধ্যমে উইকিপিডিয়ার কার্যক্রম সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করেছি। বিশেষত, নতুন ব্যবহারকারীদের প্রশিক্ষণ এবং সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে কাজ করার অভিজ্ঞতা উইকি ধ্যান-ধারণার প্রতি আমাকে আস্থাশীল করেছে। গত ১০ বছর ধরে আমি বিভিন্ন সম্মেলন, প্রতিযোগীতা, কর্মশালা, মিটআপ, ফটোওয়াক আয়োজন করেছি, যার ফলে অফলাইনে উইকিমিডিয়া সম্প্রদায়ের সাথে নিবিড়ভাবে কাজ করার সুযোগ হয়েছে।
উইকিবার্তা: বাংলা উইকিপিডিয়া নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী?

২০২৩ সালে বাংলা উইকিমৈত্রীর সভায় মহীন রীয়াদ। ছবি: উইকিমিডিয়া বাংলাদেশ / সিসি-বাই-এসএ ৪.০
মহীন: আমার ভবিষ্যৎ পরিকল্পনা হল পাঠককের অনুকূলে বাংলা উইকিপিডিয়ায় একটি আরামদায়ক অভিজ্ঞতার পরিবেশ গড়ে তোলা। আশা করি, ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ তথ্যসমৃদ্ধ নিবন্ধ এবং মিডিয়া ফাইল সংযোজনে আমার প্রয়াস বলবৎ থাকবে। বিশেষ করে এমন বিষয়বস্তুর উপর কাজ করতে চাই, যেগুলো এখনও উইকিপিডিয়ায় অন্তর্ভুক্ত হয়নি। এই লক্ষ্যে ২০২৩ সালে বাংলাদেশ-ভারতের যৌথ উদ্যোগে “বাংলা উইকিমৈত্রী” গঠিত হয়েছে। এটি এমন একটি আন্তর্জাল যা বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে সম্পর্কিত এবং বাংলাভাষী উইকিমিডিয়া সম্প্রদায়, সহযোগী এবং অনানুষ্ঠানিক গোষ্ঠীগুলির মধ্যে বিষয়ভিত্তিক-ভাষাগত সমন্বয় এবং পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে কাজ করে। বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ কর্মসূচীর অধীনে আমরা ‘বাংলার প্রেমে উইকি’ নামে একটি বার্ষিক আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা আয়োজন শুরু করছি, ২০২৩ সালে এর প্রথম সংস্করণ সম্পন্ন হয়েছে।
বাংলা উইকিপিডিয়াকে আরও গতিশীল এবং মানসম্পন্ন করে তুলতে চাই, যাতে এটি বাংলাভাষী মানুষের তথ্যের অন্যতম উৎস হয়ে উঠতে পারে। এছাড়া, নতুন এবং অভিজ্ঞ ব্যবহারকারীদের সাথে সমন্বিতভাবে কাজ করতে চাই, যাতে দুই পক্ষের মধ্যে সৃজনশীলতা এবং দক্ষতার বিনিময় ঘটতে পারে।
