
উইকিবার্তার লোগো/সিসি-বাই-এসএ-৪.০/আফতাবুজ্জামান
উইকিবার্তা বলতে কিছুই ছিলো না, অথচ সেই উইকিবার্তা নিয়ে এখন অনেকের কত অভিযোগ, অনুযোগ, আহাজারি – নিয়মিত প্রকাশিত না হওয়াতে কথা শোনাতেও মুখিয়ে আছেন অনেকেই। এসব দেখলে অনেক কিছুই বোঝা যায়, তবে একটা বিষয় নিশ্চিতই বোঝা যায়: উইকিবার্তা এখন ‘কিছুই না’ থেকে ‘কিছু একটা’ হয়ে উঠেছে ঈশ্বরের কৃপায়।
যাহোক আজকে একটু পিছনে নিয়ে যেতে চাই আমরা। উইকিবার্তা শুরুর সংখ্যায় আমরা প্রচণ্ড উত্তেজনায় প্রচণ্ড পরিশ্রম করে একটা PDF সংস্করণও তৈরি করে ফেলেছিলাম অনলাইন সংস্করণের পাশাপাশি। সেই সময় থেকে দলের কাণ্ডারি হিসেবে আমি, অংকন ঘোষ দস্তিদার, আর প্রত্যয় ঘোষ ছাড়াও শাবাব মুস্তাফা, নাহিদ সুলতান অনেক খাটাখাটনি করেছেন এর পিছনে। আমরাও একটাই উদ্দেশ্যের মধ্যে ছিলাম, সব বিভেদ ভুলে, সব উইকিমিডিয়ানকে আমাদের চাই। সবার সাথে যোগাযোগ করেছিলাম সময়ে সময়ে, তাদের স্মৃতিকথা জড়ো করতে, উইকিপিডিয়া নিয়ে তাঁদের স্মৃতিচারণ করে সবার ত্যাগ-তিতীক্ষাকে সামনে আনতে সচেষ্ট ছিলাম। অনেকেই সময়-সুযোগ পেয়ে আমাদের সহযোগিতা করেছেন, অনেকে হয়তো সময় কিংবা উৎসাহ পাননি, তবে অসহযোগিতা করেননি কেউই।
দলে পরিবর্তন হয়েছে, মোস্তাফিজুর রহমান সাফি সঙ্গী হয়েছিলেন, তারপর আল রিয়াজ উদ্দীন হাত লাগান। প্রিন্ট সংস্করণও একটা বের করার জন্য উঠে পড়ে লাগে দল। সেই করোনার সময় থেকে পরিশ্রম করে করে ধুকে ধুকে অবশেষে সেটি আলোর মুখও দেখে ঈশ্বরের অশেষ কৃপায়। এযাত্রায় কাজকে বেগবান করেন ডিজাইনার উইকিমিডিয়ান জাহিন ওয়াদুদ।
সব মিলিয়ে স্বেচ্ছাসেবার এই পর্যন্ত যাত্রাটা সব সময় সমান গতির না হলেও অপূর্ব ছিলো। কিন্তু দলের বিভিন্ন জনের ব্যস্ততা বেড়ে যায়। এই ব্যস্ততা, আগ্রহের পরিবর্তন – অনেক কিছুর প্রভাব নিয়েই উইকি মুভমেন্ট চলে। এটাই বাস্তবতা। সবার আগ্রহ সব সময় এক জিনিসে থাকে না, কিংবা সবাই সারাজীবন স্বেচ্ছাসেবা সমানভাবে দিয়ে যাবে – এমনটাও অকল্পনীয়। তাই কাজ মন্থর হয়ে আসে। উইকিবার্তার নিয়মিত প্রকাশনা স্থিমিত হয়ে পড়ে। তাছাড়া ওয়েবসাইটের ছোটখাটো জটিলতাও তাতে খানিকটা উন্ধন যোগায় আরকি।
কিন্তু অসম্ভব বলে তো কিছু নেই। কাউকে না কাউকে কাজটা এগিয়ে নিতে হয়। সেই দায়িত্ব নিতে এগিয়ে এসেছেন উইকিমিডিয়ান দোলন প্রভা। আপু কাজটা বুঝে নেয়ার আগ্রহ দেখানোতে দলে নতুন করে আশার সঞ্চার হয়। আজ যে সংখ্যাটা প্রকাশিত হচ্ছে, তা তৈরি করা হয়ে গেছিলো গত বছরের অক্টোবর মাসেই। দিদির উদ্যোমে তা প্রকাশিত হতে চলেছে। পুরোন এই লেখাগুলোকে আমরা তাই ঐ মাসের কিস্তি হিসেবেই প্রকাশ করছি। এরই সাথে আমরাও চাই ঝিমিয়ে পড়া, প্রায় বন্ধ হবার উপক্রম এই অপূর্ব একটা উদ্যোগ যেন মুখ থুবড়ে না পড়ে। উইকিবার্তা চালিয়ে নিক তার পথ চলা। তাই এখন থেকে আমার দায়িত্বও দোলন প্রভা দিদি’র হাতে ছেড়ে দিচ্ছি। এই ছেড়ে দেয়া মানে প্রস্থান নয়। দল যতদিন চাইবে, আমরা ততদিন আছি সাথে ইনশাআল্লাহ।
নতুন দল:
– দোলন প্রভা, সম্পাদক
– আল রিয়াজ উদ্দীন, সহ-সম্পাদক
দোলন প্রভা আর রিয়াজের হাত ধরে নতুন করে উইকিবার্তার কাজ বেগবান হোক – এই শুভ কামনা রইলো।
উইকিবার্তার পথচলা জারি থাকুক… আরো সুন্দর হোক।
– মঈনুল ইসলাম
২০ আগস্ট ২০২৪
