দোলন প্রভা। ছবি: বিশ্বরূপ গাঙ্গুলী সিসি-বাই-এসএ-৪.০ / উইকিমিডিয়া কমন্স

আমি ২৩ জুলাই ২০১৬ খ্রিষ্টাব্দ থেকে বাংলা উইকিপিডিয়াতে অবদান রাখা শুরু করেছি। আমি যখন উইকিপিডিয়ায় সম্পাদনা শুরু করি তখন লক্ষ করেছিলাম, স্বেচ্ছাসেবক হিসাবে উইকিপিডিয়ায় বেশিরভাগই পুরুষ। বিষয়টা আমাকে একটু ভাবায়। বাংলা ভাষার উইকিপিডিয়ায় সম্পাদক তালিকা দেখলে বোঝা যাবে সক্রিয় নারী উইকিপিডিয়ান হাতে গোনা কয়েকজন। এই জেন্ডার গ্যাপ কেবল সম্পাদক এবং সম্প্রদায়কে প্রভাবিত করে না, এটি বিভিন্ন প্রকল্প, অনলাইন, অফলাইন কাজের উপর নেতিবাচক প্রভাব ফেলে।

২০১৬ খ্রিষ্টাব্দ থেকেই আমি বাংলা উইকিপিডিয়ায় নারী বিষয়ক নিবন্ধ তৈরি, সম্পাদনা, সম্প্রসারণ করছি। এরপরে অনলাইনে নারী দিবস উপলক্ষে নিবন্ধ প্রতিযোগিতা, নারী স্বাস্থ্য বিষয়ক এডিটাথন ইত্যাদির সাথে যুক্ত হয়েছি। এতে আমার অনলাইন কাজে বৈচিত্র্য এসেছে। অনলাইনে এইধরনের ইভেন্টে যুক্ত হওয়ার পরে দেখলাম আমাদের বাংলাদেশে কয়েকজন নারী উইকিপিডিয়ান আছেন। তাদের অনেকেই কিছুদিন অবদান রাখেন, পরবর্তীতে নানা কারণেই নিষ্ক্রীয় হয়ে যান। এই নিষ্ক্রীয়তার কারণ আমার সঠিক জানা নেই; তবে আমি আমার কাজের ধারাবাহিকতা অব্যাহত রেখেছি।

২০১৯ খ্রিষ্টাব্দের ৩ সেপ্টেম্বর অনুপ সাদি ও আমি যৌথ প্রচেষ্টায় নেত্রকোনা সরকারি কলেজ, নেত্রকোনা সদর-এ এডুউইকি বিষয়ক প্রথম সেমিনার করেছিলাম। এরপরে দু’বার মিটআপ করেছিলাম। এই তিনটি ইভেন্টে বেশ কয়েকজন নারী অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। সেই সময় আমি উপলব্ধি করেছিলাম উইকিপিডিয়ায় নারী অবদানকারীর চেয়ে উইকিপাঠকের উপস্থিতিও গুরুত্বপূর্ণ। সেইসময়ে আমাদের এই প্রাথমিক প্রচেষ্টা কিছুটা সফল হয়েছিলো। কিন্তু কোভিড-১৯-এর কারণে আমাদের কার্যক্রম বন্ধ হয়ে যায়।

পরবর্তীতে আমি ২০২২ খ্রিষ্টাব্দের ২২ আগস্ট ‘উইকিম্যানিয়া বাংলাদেশ পর্ব’ সম্মেলনটিতে জেন্ডার গ্যাপ বিষয়ে একটি প্রেজেন্টেশনের মাধ্যমে কিছু সমস্যা ও পরিকল্পনা তুলে ধরার চেষ্টা করেছিলাম। সেই ধারাবাহিকতায় আমি বেশ কিছু কাজ করেছি। ২০২৩ খ্রিষ্টাব্দের ২৯ জুলাই বাংলাদেশে সক্রিয় নারী উইকিপিডিয়ানদের নিয়ে জুমে অনলাইন আড্ডা করেছিলাম। পরে ২০-২২ অক্টোবর ভারতের দিল্লীতে উইকি ওমেন ক্যাম্প ২০২৩ সম্মেলনটি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রায় ৩০টিরও বেশি দেশের নারী উইকিপিডিয়ান অংশগ্রহণ করেছিলেন। এই সম্মেলনটি আমার কাজে অনেক ইতিবাচক প্রভাব তৈরি করেছে। বাংলাদেশে নারী উইকিপিডিয়ানদের নিয়ে পুণরায় ১০ নভেম্বর ২০২৩ আরো একটি আড্ডা করা হয়। সেই আলোচনায় আমরা বেশ কিছু ভবিষ্যৎ পরিকল্পনা করেছি। আমরা সকলেই আশাবাদী বাংলাদেশে জেন্ডার গ্যাপ নিয়ে ভবিষ্যতে কিছু কাজ করতে পারব।

উইকিবার্তা
Translate »
Share This