
দোলন প্রভা। ছবি: বিশ্বরূপ গাঙ্গুলী সিসি-বাই-এসএ-৪.০ / উইকিমিডিয়া কমন্স
বাংলাদেশের দোলন প্রভা ‘নারী উইকি ক্যাম্পে ২০২৩’ খ্রিষ্টাব্দের সেলেব্রেটেড উইকিপিডিয়ান নির্বাচিত হয়েছেন। ২০২৩ খ্রিষ্টাব্দের ২০-২২ অক্টোবর ভারতের দিল্লীতে নারী উইকি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উইকিমিডিয়া ফাউন্ডেশন আয়োজিত আন্তর্জাতিক এই সম্মেলনে সারাবিশ্ব থেকে প্রায় ৭০জন নারী উইকিপিডিয়ান অংশ নিয়েছিলেন। দোলন প্রভা ২০১৬ খ্রিষ্টাব্দ থেকে উইকিমিডিয়া প্রকল্পগুলিতে অবদান রাখছেন এবং সেই সময় থেকেই তিনি অনেক অনলাইন এবং অফলাইন উইকি কার্যকলাপে নিযুক্ত রয়েছেন। তিনি একজন বহুমুখী উইকিপিডিয়া অবদানকারী, উৎসাহী সংগঠক এবং আঞ্চলিক সম্প্রদায়ের প্রধান সমন্বয়ক।
তিনি বাংলা উইকিতে বিশেষভাবে নারীর স্বাস্থ্য এবং নারী অধিকার বিষয়ক নিবন্ধ তৈরি ও সম্পাদনা করেছেন। উদ্ভিদ, বাংলাদেশের স্বাদুপানির মাছ, প্রত্নতাত্ত্বিক স্থাপনাসহ অন্য বিষয়ে ৪০০টির বেশি নিবন্ধ বাংলা উইকিতে যুক্ত করেছেন। তাঁর সম্পাদনার কাজে তিনি ভালো উৎস থেকে তথ্য ব্যবহার নিশ্চিত করেন। তিনি উইকিপিডিয়াতে নিবন্ধ লেখা কিংবা উইকিমিডিয়া কমন্সে ছবি আপলোড ছাড়াও উইকিডাটা বা উইকিভ্রমণে অবদান রাখেন।

দোলন প্রভা ‘নারী উইকি ক্যাম্প-২০২৩’ অক্টোবর মাসে সেলেব্রেটেড উইকিমিডিয়ানের স্বীকৃতি পেয়েছেন।
এছাড়াও তিনি বিশ্ব পরিবেশ দিবস ২০২০, ২০২১ এবং ২০২৩-এ পরিবেশ সংক্রান্ত এডিটাথন আয়োজন করেছেন এবং আন্তর্জাতিক জাদুঘর দিবস ডেটাথন ২০২৩-এর সহ-সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ময়মনসিংহ উইকিপিডিয়া কমিউনিটি তৈরি ও সমন্বয় করেন, যেটি উইকিমিডিয়া বাংলাদেশের একটি স্থানীয় সম্প্রদায়। তিনি স্থানীয় ঘটনা এবং উইকিমিডিয়া প্রকল্পে স্থানীয় বিষয়বস্তু সমৃদ্ধ করার জন্য কাজ করে থাকেন। অন্যান্য উইকিপিডিয়ানদের সাথে যৌথ কাজের মাধ্যমে ভাষা, সংস্কৃতি, ঐতিহ্যকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরছেন।
তিনি উইকিমিডিয়া বাংলাদেশের একজন সক্রিয় সদস্য। তিনি সহযোগিতার শক্তিতে বিশ্বাস করেন এবং উইকিপিডিয়ানদের একসাথে কাজ করার জন্য উৎসাহিত করেন। তাঁর মতে, বিশ্বের সাথে একজনের সংস্কৃতি, ভাষা এবং ঐতিহ্য সম্পর্কে জ্ঞান ভাগ করে নেওয়ার সবচেয়ে প্রভাবশালী উপায় হলো উইকিপিডিয়া।
