উইকি সম্মেলন ভারত ২০২৩-এ বাংলা কমিউনিটি মিটআপ। ছবি: সতদীপ গিল / সিসি-বাই-এসএ-৪.০ / উইকিমিডিয়া কমন্স

ভারতের হায়দ্রাবাদে এপ্রিল মাসে অনুষ্ঠিত হয় ‘উইকি সম্মেলন ইন্ডিয়া ২০২৩’। তৃতীয়বারের মত আয়োজিত এই সম্মেলনে প্রায় ২০০ জন উইকিমিডিয়ান অংশ নেন। এটি ভারতের জাতীয় পর্যায়ের সম্মেলন হলেও বাংলাদেশ, নেপাল, ও শ্রীলঙ্কা থেকে বেশ কয়েকজন আমন্ত্রিত উইকিমিডিয়ান অংশ নেন। কোভিড পরবর্তী সময়ে এই অঞ্চলে অনুষ্ঠিত উইকিপিডিয়ানদের সবচেয়ে বড় সমাবেশ ছিল এটি। বাংলাদেশ থেকে মাসুম আল হাসান রকি (এই প্রতিবেদক), নকীব সরকার, ওয়াসিউল বাহার, অনুপ সাদি, দোলন প্রভা, অংকন ঘোষ দস্তিদার, ও শাবাব মুস্তাফা এতে অংশ নেন।

সম্মেলনের কেন্দ্রীয় প্রতিপাদ্য ছিল ‘সম্পর্ক জোরদার করা’। এই প্রতিপাদ্যটি এই বিশ্বাসকে প্রতিফলিত করে যে, একটি শক্তিশালী সমর্থন ব্যবস্থা এবং ক্রস-লার্নিং প্ল্যাটফর্ম সামষ্টিক সাফল্যের জন্য অপরিহার্য।

সম্মেলনে বিভিন্ন বিষয়ের উপরে উপস্থাপনা, কর্মশালা, প্যানেল আলোচনাসহ বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসব আলোচনা বা কার্যক্রমের মূল উদ্দেশ্য ছিল কীভাবে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সমন্বয়ের মাধ্যমে ও বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে উইকিমিডিয়া আন্দোলকে আরও বৈচিত্র্যময় ও সবার সমন্বয়ে সহযোগিতাপূর্ণ পরিবেশ নিশ্চিত করা।

সম্মেলনের প্রথম দিন সাঁওতালি, কাশ্মীরি, অসমীয়াসহ তুলনামূলক নতুন বেশকিছু সম্প্রদায় তাদের বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করেন। এর মাধ্যমে নতুন বা ছোট সম্প্রদায়গুলো কীভাবে তাদের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে তা জানা যায়। উদাহরণস্বরূপ অসমীয়া সম্প্রদায় সময়ের সাথে সাথে যে বিস্তার লাভ করেছে বা কাশ্মীরি ভাষাভাষী খুব বেশি সংখ্যক মানুষ না থাকার পরেও তারা অল্প কয়েকজন কীভাবে নিজ ভাষাকে ভালোবেসে তাদের  উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার জন্য কাজ করে যাচ্ছেন তা এই সম্মেলনে না এলে জানা হতো না। প্রথম দিনের দ্বিতীয় অংশের বিষয়বস্তু ছিল কোলাবোরেশন বা সহযোগিতা — এপর্বে উইকিমিডিয়ার বিভিন্ন সহযোগিতামূলক কার্যক্রম উপস্থাপন করা হয়। দক্ষিণ এশিয়ায় কীভাবে উইকিমিডিয়া আন্দোলনে বিভিন্ন অংশীদারদের জড়িত করা যায় তার উপরে একটি প্যানেল আলোচনা হয়। এতে একটি বিষয় বেরিয়ে আসে যে, উইকিমিডিয়া ফাউন্ডেশন ও স্থানীয় সম্প্রদায়দের মধ্যে যোগাযোগের কিছুটা দূরত্ব রয়েছে; অনাকাঙ্ক্ষিত বিষয় এড়াতে এবং উইকি-আন্দোলনকে এগিয়ে নিতে যা দূর করা দরকার।

দ্বিতীয় দিনের প্রথম অংশে বিভিন্ন টুল বা কারিগরি বিষয়ে প্যানেল আলোচনা, কর্মশালা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ অংশের শেষ দিকে উইকিমিডিয়া ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের সাথে একটি প্যানেল আলোচনা হয়। এদিনের দ্বিতীয়ভাগের বিষয়বস্তু ছিল উইকিমিডিয়া ভাইব্রেন্স। সন্ধ্যায় বাংলাদেশ ও পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন অঞ্চলে বসবাসকারী ১৪জন বাংলা ভাষাভাষী উইকিমিডিয়ানের একটি আড্ডা অনুষ্ঠিত হয়। আড্ডায় সমন্বিতভাবে বিভিন্ন কার্যক্রম আয়োজনের বিষয়ে সবাই গুরুত্বারোপ করেন। যার ফলশ্রুতিতে ইতিমধ্যে সম্মেলনটির পরে উইকিভ্রমণের উপরে একটি কর্মশালা অনলাইনে অনুষ্ঠিত হয়েছে। এছাড়া উক্ত আড্ডায় বাংলাভাষী উইকিমিডিয়া সম্প্রদায়ের হাব ‘বাংলা উইকিমৈত্রী’ নিয়েও আলোচনা হয়।

গ্রুপ ছবি। ছবি: বিশ্বরূপ গাঙ্গুলী সিসি-বাই-এসএ-৪.০ / উইকিমিডিয়া কমন্স

শেষ দিনের শুরুটা হয় গ্রুপ ছবি তোলার মাধ্যমে এবং শেষ হয় দুপুরের পরে শিল্পরমামে প্রমোদভ্রমণের মাধ্যমে। মাঝে উইকিমিডিয়ার বিকাশ ও ভবিষ্যৎ নিয়ে প্যানেল আলোচনাসহ কিছু কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

তালিকাভুক্ত কার্যক্রম বা সেশনগুলি ছাড়াও এই সম্মেলনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এর মাধ্যমে বিভিন্ন অঞ্চলের অনেক উৎসাহী এবং নিবেদিতপ্রাণ উইকিমিডিয়ানের সাথে যোগাযোগ তৈরি হয়, যা অনুপ্রেরণাদায়ক। সামগ্রিকভাবে ‘উইকি সম্মেলন ইন্ডিয়া ২০২৩’ চমৎকার একটি আয়োজন ছিল। আয়োজকরা এই সম্মেলনটি সফলভাবে সম্পন্ন করার জন্য অনেক পরিশ্রম করেছেন। আয়োজকরা এজন্য বাহবা পেতেই পারেন।

উইকিবার্তা
Translate »
Share This