ছবি: কলিন / সিসি-বাই-এসএ ৪.০

ধর্ম অবমাননাকর বিষয়বস্তু না সরানোয় উইকিপিডিয়ায় প্রবেশাধিকার নিষিদ্ধ করেছে পাকিস্তান। ২০২৩ খ্রিস্টাব্দের ৪ ফেব্রুয়ারি উইকিমিডিয়া ফাউন্ডেশন এক টুইটে জানায়, পাকিস্তানে উইকিপিডিয়াকে অবরুদ্ধ করা হয়েছে।

এর আগে উইকিপিডিয়া থেকে ধর্ম অবমাননাকর বিষয়বস্তু সরানোর জন্য ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে উইকিমিডিয়া ফাউন্ডেশনকে বিজ্ঞপ্তি পাঠায় পাকিস্তান টেলিকমিউনিকেশন কর্তৃপক্ষ (পিটিএ)। পিটিএ’র মুখপাত্র মালাহাত ওবায়েদ পাকিস্তানের গণমাধ্যম ডনকে বলেন, “উইকিপিডিয়া থেকে ধর্ম অবমাননাকর ও বেআইনি কনটেন্ট সরিয়ে নিলে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে।”

অন্যদিকে উইকিমিডিয়া ফাউন্ডেশন জানায়, স্বেচ্ছাসেবী দ্বারা সম্পাদিত উইকিপিডিয়ায় কী ধরনের তথ্য সংযোজন হয় এবং কীভাবে পরিচালিত হয় এবিষয়ে তারা সিদ্ধান্ত নেয় না। তারা বিশ্বাস করে, জ্ঞানের প্রবেশাধিকার একটি মানবাধিকার। এছাড়া, তারা পাকিস্তানে উইকিপিডিয়া ও এর সহপ্রকল্পসমূহ আগের মতই প্রবেশযোগ্য করার জন্য পিটিএ-কে আহবান জানিয়েছে। 

পরবর্তীতে পাকিস্তানের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারবিষয়ক মন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব ৬ ফেব্রুয়ারি ২০২৩ এক টুইটে জানান, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ পাকিস্তানে উইকিপিডিয়া সচল করার জন্য নির্দেশ দিয়েছেন।

গণমাধ্যম ডন এর খবরে বলা হয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, উইকিপিডিয়ার ওপর নিষিধাজ্ঞা আরোপকে ধর্মীয় অবমাননাকর বিষয়বস্তু রুখতে উপযুক্ত ব্যবস্থা নয় বলে অভিহিত করে পুণরায় এর প্রবেশাধিকার ফিরিয়ে দেয়ার নির্দেশ দিয়েছেন। এর পরদিন, পাকিস্তানে উইকিপিডিয়া সচল করা হয় এবং উইকিমিডিয়া ফাউন্ডেশন নিশ্চিত করে যে, পাকিস্তানে উইকিপিডিয়া ও সহপ্রকল্পসমূহের প্রবেশাধিকার পুনরায় সচল করা হয়েছে।

উইকিবার্তা
Translate »
Share This