
রাশিয়ান হোয়াইট হাউজ। ছবি: Крылов Иван সিসি-বাই-এসএ-৪.০ / উইকিমিডিয়া কমন্স
ইউক্রেনে রাশিয়ার আক্রমণ সংক্রান্ত বিভিন্ন নিবন্ধ নিয়ে বারবার জরিমানার মুখে পড়ছে উইকিমিডিয়া ফাউন্ডেশন। ইউক্রেন ও রাশিয়ার চলমান যুদ্ধ সংশ্লিষ্ট উইকিপিডিয়ার বিভিন্ন নিবন্ধ মুছে ফেলা এবং নিষিদ্ধ তথ্য সরিয়ে নিতে উইকিমিডিয়াকে নির্দেশ দেয় রুশ আদালত। মূলত বিভিন্ন সময়ে এসব নির্দেশ পালনে ব্যর্থ হওয়ায় ২০২২ থেকে ২০২৩-এ একাধিকবার রাশিয়ার আদালত উইকিমিডিয়া ফাউন্ডেশনকে জরিমানা করে। জরিমানার প্রেক্ষিতে ফাউন্ডেশন বিভিন্ন সময়ে আপিল করে এবং এসব তথ্য সরিয়ে নিতে অস্বীকৃতি জানিয়ে বলে, এধরনের রায়কে তারা অন্যায় বলে নিজেদের চ্যালেঞ্জ অব্যাহত রাখবে। ইউক্রেনে রাশিয়ার সামরিক আক্রমণকে ‘যুদ্ধ’-এর পরিবর্তে ‘বিশেষ সামরিক অভিযান’ লিখতে হবে বলেও সতর্ক করে রাশিয়া। বিভিন্ন সময়ে রাশিয়ার আদালতের জরিমানা সময়ক্রম আকারে তুলে ধরা হলো:
নভেম্বর ২০২২:
ইউক্রেন যুদ্ধ সম্পর্কিত নিবন্ধের জন্য উইকিমিডিয়া ফাউন্ডেশনকে ২০ লাখ রুবল জরিমানা করেছে রাশিয়ার একটি আদালত। ইউক্রেনে রুশ আগ্রাসন নিয়ে উইকিপিডিয়ায় বিভিন্ন নিবন্ধ রয়েছে। মূলত অপসারণের জন্য দাবিকৃত নিবন্ধগুলো মুছে ফেলতে ব্যর্থ হওয়ায় এই জরিমানা করে রাশিয়া।
ফেব্রুয়ারি ২০২৩:
উইকিপিডিয়া থেকে রুশ সামরিক বাহিনী সম্পর্কে ভুল তথ্য মুছে ফেলতে ব্যর্থ হওয়ায় উইকিমিডিয়া ফাউন্ডেশনকে পুণরায় ২০ লাখ রুবল জরিমানা করেছে রাশিয়ার আদালত। উইকিমিডিয়া রাশিয়া জানিয়েছে, রাশিয়ার সামরিক ইউনিট সম্পর্কে নিবন্ধে “ভুল তথ্য ছড়ানোর” জন্য কর্তৃপক্ষ উইকিপিডিয়ার বিরুদ্ধে অভিযোগ করার পর এই জরিমানা করা হয়েছে।
১৪ এপ্রিল ২০২৩:
রুশ ভাষার উইকিপিডিয়ায় ‘জাপোরিঝিয়া অঞ্চলে রাশিয়ার দখল’ শিরোনামের নিবন্ধ অপসারণ না করায় উইকিমিডিয়া ফাউন্ডেশনকে জরিমানা করেছে মস্কোর একটি আদালত। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম তাস-এর খবরে বলা হয়, ২০ লাখ রুবল জরিমানা করে আদালত। প্রতিবেদনে আরও বলা হয়, আদালতের নথিতে অভিযোগ করা হয়েছে যে, ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান কাঠামোর আওতায় দেশের জাপোরিঝিয়া অঞ্চল রাশিয়ার অংশ হওয়ার নিবন্ধ অপসারণ করতে অস্বীকার করেছে।
২৭ এপ্রিল ২০২৩:
রাশিয়ার সামরিক বাহিনী সম্পর্কিত ‘নিষিদ্ধ কনটেন্ট’ মুছে না ফেলায় উইকিমিডিয়া ফাউন্ডেশনকে ফের ২০ লাখ রুবল জরিমানা করেছে রাশিয়ার আদালত — খবর ইন্টারফ্যাক্স-এর। এতে আরও বলা হয়, উইকিপিডিয়া নিবন্ধে রুশ সামরিক ইউনিটের অবস্থান, গঠন, এবং সরঞ্জাম সম্পর্কে “গোপনীয় সামরিক তথ্য” রয়েছে, যার মধ্যে ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের অগ্রগতি সম্পর্কিত তথ্য রয়েছে।
আগস্ট ২০২৩:
ইউক্রেনে রাশিয়ার সামরিক কর্মকাণ্ড সম্পর্কে ‘মিথ্যা তথ্য’ বলে বিবেচিত বিষয়বস্তু অপসারণে ব্যর্থ হওয়ায় ৩ আগস্ট উইকিমিডিয়া ফাউন্ডেশনকে জরিমানা করেছে রাশিয়ার আদালত। ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সির খবরে বলা হয়, বিচারক উইকিমিডিয়া ফাউন্ডেশনকে রুশ ভাষার উইকিপিডিয়া নিবন্ধগুলোতে রাশিয়ার সামরিক বাহিনীকে অপমান করা এবং ইউক্রেন সংঘাত সম্পর্কে মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধে আইন লঙ্ঘনের জন্য ৩০ লাখ রুবল জরিমানা করে।
