
Taufik Rosman। ছবি: Jason Krüger for Wikimedia সিসি-বাই-এসএ-৪.০ / উইকিমিডিয়া কমন্স
“বর্ষসেরা উইকিমিডিয়ান” হলো উইকিপিডিয়ার সহপ্রতিষ্ঠাতা জিমি ওয়েলস প্রদত্ত একটি বার্ষিক পুরস্কার। এটি উইকিমিডিয়া আন্দোলনে বিশেষ অবদান রাখা ব্যবহারকারীদের সাফল্যের স্বীকৃতিস্বরূপ প্রতিবছর উইকিমিডিয়ানদের বার্ষিক সম্মেলন উইকিম্যানিয়াতে প্রদান করা হয়ে থাকে।
বর্ষসেরা উইকিমিডিয়ান:
মালয় উইকিমিডিয়ান তৌফিক রোসমানকে এবছরের বর্ষসেরা উইকিমিডিয়ানের পুরস্কারে সম্মানিত করা হয়। মালয় উইকিঅভিধানে তার ব্যাপক অবদান এবং মালয়েশিয়ার উইকিমিডিয়া সম্পাদকদের মাঝে একটি ইতিবাচক সম্প্রদায় গড়ে তুলতে সহায়তার জন্য তৌফিককে এ পুরস্কারে ভূষিত করা হয়। তিনি মালয়েশিয়ার প্রথম অবদানকারী হিসেবে ২০২৩ খ্রিস্টাব্দে উইকিম্যানিয়া সম্মেলনে মর্যাদাপূর্ণ এই পুরস্কার লাভ করেন। তৌফিক অল্প বয়সেই উইকিপিডিয়ায় অবদান রাখা শুরু করেন। মাত্র ৮ বছর বয়সে তিনি তার বিদ্যালয়ের উইকিপিডিয়া নিবন্ধে সম্পাদনা করেন। জ্ঞানের শূন্যতা-পূরণ ও মুক্ত জ্ঞান প্রচারে তার প্রচেষ্টা উইকিমিডিয়া আন্দোলন এবং স্থানীয় মালয় সম্প্রদায়ের উপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে। নিজের সম্প্রদায়কে সমর্থন করার পাশাপাশি, তিনি গর্বের সাথে মালয়েশিয়া এবং এই অঞ্চলজুড়ে বিভিন্ন প্রাতিষ্ঠানিক অংশীদারদের সাথে কাজ করার কথা উল্লেখ করেছেন। তৌফিক আমাদের সবাইকে মনে করিয়ে দেন যে, “আমাদের প্রতিটি অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা যত ছোটই হোক না কেন”।
উইকিমিডিয়া লরিয়েট:
এবছরের বর্ষসেরা উইকিমিডিয়ানের উইকিমিডিয়া লরিয়েট বিষয়শ্রেণীতে সিওভান লিচম্যান সম্মাননা পান। প্রথম সম্পাদনা শুরুর সময়ে তিনি একজন আইনজীবী ছিলেন, যদিও তার প্রথম নিবন্ধটি মুছে ফেলার জন্য মনোনীত হয়েছিল। উইকিপ্রকল্প নিউজিল্যান্ডের হয়ে তার উৎসর্গ ও অনুপ্রেরণামূলক অবদান উইকিমিডিয়া আন্দোলন এবং প্রকল্পগুলিতে একটি অবিস্মরণীয় চিহ্ন রেখে গেছে।
বর্ষসেরা নবাগত উইকিমিডিয়ান:
ইউজিন অরম্যান্ডি ২০২৩ এ বর্ষসেরা নবাগত উইকিমিডিয়ান হিসেবে স্বীকৃতি পান। প্রথম কোনো জাপানি হিসেবে বর্ষসেরা উইকিমিডিয়ান-এর কোনো বিষয়শ্রেণীতে তিনি এই পুরস্কার লাভ করেন। তিনি ‘ওয়াসেদা বিশ্ববিদ্যালয় টোকিওতে স্টুডেন্ট উইকিপিডিয়া সম্প্রদায়’ এবং ‘টুমন উইকিপিডিয়ান ক্লাব জাপান’ নামে দুটি উইকিমিডিয়া ব্যবহারকারী দল তৈরি করেন। ইউজিন বিশ্বাস করেন যে, কারও আবেগ এবং আগ্রহ যাই হোক না কেন, আমাদের বিশ্বের উন্নতির সেরা উপায়গুলির মধ্যে একটি হলো উইকিমিডিয়া প্রকল্পগুলি সম্পাদনা করা।
বর্ষসেরা মিডিয়া অবদানকারী:
প্যাক্স আহিমসা গেথেন ২০২৩-এ বর্ষসেরা মিডিয়া অবদানকারীর স্বীকৃতি পান। গেথেন উইকিমিডিয়া কমন্সে এলজিবিটি সংস্কৃতির উপর ফোকাস রেখে ছবি আপলোড করে থাকেন। তিনি ইংরেজি উইকিপিডিয়ার উইকিপ্রকল্প এলজিবিটি স্টাডিজের একজন সক্রিয় অংশগ্রহণকারী। প্যাক্স বলেন, “সাম্প্রতিক বছরগুলিতে আমার প্রাথমিক লক্ষ্য হচ্ছে ইংরেজি উইকিপিডিয়ায় প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব উন্নত করা। এছাড়া, ট্রান্সজেন্ডার, ননবাইনারি, এবং কৃষ্ণাঙ্গদের জীবনীগুলিতে বিশেষ জোর দেওয়া”।
বর্ষসেরা টেক অবদানকারী:
জার্মান উইকিমিডিয়ান জাবে ২০২৩-এর বর্ষসেরা টেক অবদানকারী মনোনীত হন। তিনি সাধারণত ডেপ্লয়মেন্ট, বাগ সংশোধন, এবং আকস্মিক প্রযুক্তি ঘটনাগুলিতে সহায়তা করার জন্য স্বীকৃত। বিশেষত চেকইউজার ও সেন্ট্রালঅথ কোডগুলি দেখাশোনা করা, ডাটাবেজ পরিবর্তনের মাইগ্রেশনের রিভীশনগুলোতে মন্তব্য করা, এবং নতুন উইকি তৈরির পিছনে প্রযুক্তিগত কাজের জন্য পরিচিত। জাবে প্রথমদিকে বেশিরভাগই মহামারী সংক্রান্ত নিবন্ধে সম্পাদনা করতেন। পরবর্তীতে নিজেকে উইকিমিডিয়ার কারিগরি দিকে নিয়োজিত করেন।
অনারেবল মেনশন:
ইউক্রেনীয় উইকিপিডিয়ার প্রোগ্রাম স্বমন্বয়ক অ্যান্টন প্রটসিউককে ২০২৩-এ বর্ষসেরা উইকিমিডিয়ানে অনারেবল মেনশন-এ সম্মানিত করা হয়৷ ২০১১ খ্রিস্টাব্দে তার বিদ্যালয়ের উইকিপিডিয়া নিবন্ধে সম্পাদনার মধ্য দিয়ে উইকিপিডিয়া যাত্রা শুরু হয়। এরপর থেকে তিনি স্থানীয় ও বৈশ্বিকভাবে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। ইউক্রেনীয় উইকিপিডিয়ায় একজন স্বেচ্ছাসেবী সম্পাদক, প্রশাসক, এবং ব্যুরোক্র্যাট হিসাবে তিনি ৩০০টিরও বেশি নিবন্ধ তৈরি করেছেন এবং প্রকল্পের গুরুত্বপূর্ণ রক্ষণাবেক্ষণের কাজ করছেন।
সূত্র: ডিফ ব্লগ উইকিমিডিয়া থেকে সংক্ষেপিত
