
বাংলাদেশ জাতীয় জাদুঘর। ছবি: বাবুল আবদুল মালেক সিসি বাই-এসএ ৪.০ / উইকিমিডিয়া কমন্স
আন্তর্জাতিক সংগ্রহশালা দিবস ২০২৩ উপলক্ষে উইকিমিডিয়া বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী একটি ডাটাথন অনুষ্ঠিত হয় ২০২৩ খ্রিষ্টাব্দের ১৮ মে, যার প্রতিপাদ্য ছিল “জাদুঘর, স্থায়িত্ব এবং সমৃদ্ধি”। ডাটাথনে বাংলাদেশ ও ভারতের স্বেচ্ছাসেবকগণ বাংলাদেশে অবস্থিত জাদুঘর সম্পর্কিত উইকিউপাত্ত আইটেমসমূহে তথ্য প্রদান করার পাশাপাশি তথ্যের মানোন্নয়ন করেছেন। এটি ছিল উইকিমিডিয়া বাংলাদেশের আঞ্চলিক সম্প্রদায় চট্টগ্রাম উইকিপিডিয়া সম্প্রদায় এবং ময়মনসিংহ উইকিপিডিয়া সম্প্রদায় কর্তৃক যৌথভাবে সংগঠিত দিনব্যাপী ডাটাথন। যেহেতু “জাদুঘর সাংস্কৃতিক বিনিময়, সংস্কৃতির সমৃদ্ধি এবং জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপাড়া, সহযোগিতা, এবং শান্তি বিকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম”, তাই তথ্য যোগের মাধ্যমে জাদুঘর সম্পর্কিত উইকিউপাত্ত আইটেমসমূহ সমৃদ্ধ করা এবং সংশ্লিষ্ট জাদুঘরের ছবি যোগ করা ছিলো এই উদ্যোগের প্রধান লক্ষ্য।
শুরুতে এই আয়োজনের একটি প্রকল্প পাতা তৈরির মাধ্যমে বিদ্যমান ও অবিদ্যমান উপাত্তের তালিকা করা হয়। যার মাধ্যমে অংশগ্রহণকারীরা উইকিউপাত্তে বিদ্যমান নেই এমন আইটেমগুলিতে সহজে অবদান রাখতে পারেন। ডাটাথনে অবদানকারীদের প্রায় সকলেই ছিলেন বাংলা উইকিপিডিয়াচারী।
ডাটাথনে উইকিউপাত্তে মোট ২৬টি নতুন আইটেম তৈরি করার পাশাপাশি তথ্য যোগের মাধ্যমে ৬৬টি আইটেম সমৃদ্ধ করা হয়েছে। ফলস্বরূপ বাংলাদেশের জাদুঘরের সম্পূর্ণ তালিকা হালনাগাদ সম্পন্ন করা হয়। আয়োজন শেষে সকল অংশগ্রহণকারীকে উইকিপদক এবং উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে ই-সনদ প্রদান করা হয়।
প্রথম প্রকাশ: ১৭ জুলাই ২০২৩
লিংক: https://diff.wikimedia.org/bn/2023/07/17/আন্তর্জাতিক-সংগ্রহশালা-দ/
